তৈরি পোশাক খাত বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। বৈদেশিক মুদ্রা অর্জনের প্রায় ৮৫ শতাংশই আসে এই শিল্প থেকে। কিন্তু যে চার মিলিয়ন শ্রমিকের ঘামে এই অর্থনীতির চাকা দূরন্ত-দুর্বার, তাদের জীবন এখনো জীর্ণ-শীর্ণ, অনিশ্চিত ও অসম মর্যাদায় আবদ্ধ। সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক তিনটি প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনের ফল আমাদের উদ্বিগ্ন করে তুলেছে- যাদের ঘামে অর্থনীতির চাকা ঘোরে, তারাই আজ পুষ্টিহীনতায় ভুগে চরম বৈষম্যের শিকার। এই কঠিন বাস্তবতা এক অশনি সংকেত। বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং ইংল্যান্ডের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে, পোশাক খাতে কর্মরত শ্রমিকদের ৭৮ শতাংশ শ্রমিক তাঁদের পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না। কারণ ৩২ শতাংশ শ্রমিক ন্যূনতম মজুরির কম আয় করেন।
আর শ্রমিকদের এক-অষ্টমাংশ ঋণের জালে জর্জরিত। সাব-কন্ট্রাক্টের কারখানাগুলোতে ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টার কর্মদিবস এখন স্বাভাবিক ঘটনা। অধিকাংশ কারখানায় শিশুশ্রম এখনো নির্মূল হয়নি। ঢাকার তুলনায় চট্টগ্রামে শিশুশ্রমের হার বেশি এবং প্রায় সব শিশু শ্রমিকই স্কুলবিমুখ- যা এক ভয়াবহ সামাজিক বাস্তবতা। \r\nঅন্যদিকে আওয়াজ ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, সরকার ঘোষিত ২০২৩ সালের নতুন ন্যূনতম মজুরিকাঠামো এখনো ১৩ শতাংশ শ্রমিকের ক্ষেত্রে পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। ওভারটাইমের বেতন বিলম্ব, কাজের চাপ বৃদ্ধি, অনিয়মিত বেতন ও পদোন্নতির স্বচ্ছতার অভাব এখন শ্রমিকদের দৈনন্দিন যন্ত্রণা। অনেক শ্রমিক আংশিক বর্ধিত মজুরি পাচ্ছেন, কেউ আবার কিছুই পাচ্ছেন না।
ক্রমবর্ধমান ব্যয়, বিদ্যুৎঘাটতি, বৈদেশিক বাজারে অনিশ্চয়তা এবং শ্রম আইন সংশোধন নিয়ে মালিকপক্ষের ক্ষোভ- সব মিলিয়ে পোশাক খাত যেন এক অনিরাপদ সন্ধিক্ষণে দাঁড়িয়ে।\r\nবিজিএমইএ সূত্রে জানা যায়, গত এক বছরে ২৫৮টি পোশাক কারখানা বন্ধ হয়ে এক লাখের বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন। এমন বাস্তবতায় বোঝা যায়- পোশাক শিল্পের ভেতরে মানবিক সঙ্কট কত গভীরে অন্তরীণ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এসব অনিয়মকে গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছে। শ্রমিকের দারিদ্র্য মানে দেশের অর্থনৈতিক শৃঙ্খলার ভঙ্গুরতা। বাংলাদেশের উন্নয়ন যে কাঁধে দাঁড়িয়ে, সেই শ্রমিক যেন ক্ষুধার্ত, ঋণগ্রস্ত ও অবহেলিত না থাকে- এটি আজ রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নৈতিক ও নীতিগত মৌলিক চ্যালেঞ্জ। ন্যায্য জীবিকা, নির্বাহযোগ্য মজুরি কেবল অর্থনৈতিক শর্ত নয়, এটি মানবাধিকারের প্রশ্ন, শ্রমিকের বেঁচে থাকার বাস্তবতা। আমরা দেখে আসছি বিগত সময়ে, সব সংকটের প্রধান শিকার হন শ্রমিকরাই। রাষ্ট্র ও মালিকপক্ষ যৌথ দায়িত্ব শ্রমিকের জীবিকা ও মর্যাদা বিষয়ে অগ্রাধিকার দেওয়া। দেশের প্রতিটি শিল্পের টেকসই ভবিষ্যৎ নির্ভর করবে মানবিক শ্রমনীতির কার্যকর তদারকি ও বাস্তবায়নের মাধ্যমে। যা বিকশিত হবে সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে। কারণ পোশাক শ্রমিকের জরাজীর্ণ জীবন যতদিন থাকবে, ততদিন বাংলাদেশের উন্নয়নের পোশাকও থাকবে মলিন।
