আধুনিক উন্নয়ন চিন্তার মূল বিষয়ই হচ্ছে শক্তিশালী ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে গণপরিবহন তো দূরে থাক, ন্যূনতম পরিবহন সুবিধাও মানুষ পাচ্ছে না; মানুষের পরিবহন দুর্ভোগের কথা লিখে শেষ করা যাবে না, নজিরবিহীন কষ্ট মানুষ ভোগ করে পরিবহনের জন্য। কাজেই মানুষের দুর্ভোগ কমাতে ও রাষ্ট্রের সার্বিক কল্যাণের স্বার্থে গণপরিবহনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সেটি সম্ভব রেলকে নিয়ে ব্যাপক পরিসরে চিন্তা করা ও রেলব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে।
কার্যত রেলকে নিয়ে ব্যাপকভাবে চিন্তা করা ছাড়া দেশে পরিবহন সংকট দূর করা কোনোভাবেই সম্ভব নয়। তাই রেলকে নিয়ে পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হচ্ছে। কেউ লিখছে রেলকে ‘লাইফ সাপোর্টে’ বাঁচিয়ে রাখা হয়েছে, কেউ লিখছে রেল ‘মুখ থুবড়ে’ পড়েছে। তবে রেলের দুর্দশা যে কাটছে না, এটাই সত্য।
রেলের জন্য পৃথক মন্ত্রণালয় করা হয়েছে, যাত্রীও চলাচল করে পর্যাপ্ত, তাছাড়া রেলের জন্য বিভিন্ন প্রকল্পও হাতে নেয়া হচ্ছে কিন্তু রেলের কোনো উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। যাত্রীরাও কাক্সিক্ষত সেবা পাচ্ছে না। তাহলে রেলের জন্য বরাদ্দকৃত অর্থ যায় কোথায়? রেল কেন লাইফ সাপোর্টে বেঁচে থাকবে? কেন রেল মুখ থুবড়ে পড়বে? এর উত্তর দিতে হবে মন্ত্রী, সচিব, ডিজিসহ সংশিষ্ট সবাইকে।
মনে রাখতে হবে, ডেমু ট্রেন আমদানির মতো প্রকল্প হাতে নিলে রেলের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়, সম্ভব নয় রেলের আধুনিকায়নও; রেলের উন্নয়নের জন্য প্রয়োজন মহাপরিকল্পনা। এ ক্ষেত্রে অর্থ কোনো বাধা হতে পারে না। দরকার সততা, নিষ্ঠা ও একাগ্রতা। রেলকে নিয়ে ভাবতে হবে ব্যাপক পরিসরে। গড়ে তুলতে হবে প্রত্যেক জেলার সঙ্গে উপজেলার রেল নেটওয়ার্ক। সংস্কার করতে হবে পুরনো লাইন। দ্রুত আমদানি করতে হবে কোচ ও ইঞ্জিন। দুর্নীতিপরায়ণ ও অদক্ষ লোকবল ছাঁটাই করে নিয়োগ দিতে হবে দক্ষ লোকবল। তাহলেই রেলের উন্নয়ন দৃশ্যমান হবে, যাত্রীরা কাক্সিক্ষত সেবা পাবে; গড়ে উঠবে নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম।
উন্নত দেশগুলো রেলকে গড়ে তুলেছে যুগোপযোগী করে। রেলের উন্নয়নে তারা নিচ্ছে মহাপরিকল্পনা। আমাদের পাশের দেশ ভারতের রেল এক গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম। সেখানে প্রতি বছর প্রায় ২০ কোটি মানুষ রেলে ভ্রমণ করে থাকে। ভারতে রেল ভ্রমণ অত্যান্ত নিরাপদ ও সাশ্রয়ী। সে তুলনায় বাংলাদেশের রেল কিছুই করতে পারেনি, বরং রেলের আরো অধঃপতন হয়েছে। সেই বিট্রিশ আমলের অবকাঠামোও রেল ধরে রাখতে পারছে না। তাছাড়া বাংলাদেশ রেলওয়ের সেবার মান অত্যান্ত নিন্মমুখী। যাত্রীরা পদে পদে এখানে বিড়ম্বনা ও হয়রানির শিকার হয়। যাত্রীদের হাতে সিট ও কোচ নম্বরসহ টিকিট থাকে কিন্তু গাড়িতে সেই কোচ থাকে না। তাছাড়া সময় মতো ট্রেন না ছাড়া, আসন বিড়ম্বনা, টয়লেটে পানি না থাকা, একদিকে সময় বেশি লাগে অন্যদিকে সাটার লাগে না, বাথরুম অপরিষ্কার, সিটগুলো ময়লা, ছেড়া, ফাটা, জানালা নাই, পরিবেশ নোংরা। এসব হয়েছে দীর্ঘদিনের অবহেলার কারণে, বড় বড় কর্তারা লুটপাট করে রেলের সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। তারা ঠিকমত দায়িত্ব পালন করে না। কোথায় কী প্রয়োজন সেসব খেয়াল রাখে না। ফলে জনগণের এই বাহনটি ক্রমশ অজনপ্রিয় একটি বাহনে পরিণত হয়েছে। দুর্নীতি, অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর রেল দিচ্ছে লোকসান, যা এক নজিরবিহীন ইতিহাস।
রেলকে অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই, কেননা নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত ব্যাবস্থা কেবল রেলের মাধ্যমেই সম্ভব হতে পারে। তাছাড়া এ দেশের ৫০ শতাংশ মানুষ বাস করে দারিদ্রসীমার নিচে। এই দরিদ্র মানুষগুলোর যোগাযোগ সুবিধা নিশ্চিত করা করাও অত্যন্ত জরুরি। বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহনের চিত্রটি অবলোকন করলে দেখা যাবে, দরিদ্র শ্রেণীর মানুষ রেলে বেশি যাতায়াত করে থাকে। রেলওয়ের তথ্য অনুযায়ী ৯৮.৬% যাত্রী দ্বিতীয় শ্রেণীতে, ১.৩৬% প্রথম শ্রেণীতে এবং ০.০৫% যাত্রী শীততাপ নিয়ন্ত্রিত কামরায় যাতায়াত করে থাকে।
কার্যত পরিবহনের ক্ষেত্রে রাষ্ট্রকে কিছু দায়—দায়িত্ব পালন করতে হয়, যা রেলওয়ে ছাড়া আর কোন মাধ্যমে এত সহজে করা সম্ভব নয়। যেমন রেলওয়েকে রাষ্ট্রীয় প্রয়োজনে বেশকিছু গুরুত্বপূর্ণ পণ্য এবং যাত্রীকে অতি স্বল্প মূল্যে পরিবহনে সাহায্য করতে হয়। অনেক সময় লাভজনক নয় এমন লাইন চালু রাখতে হয় দেশের জনগণের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে। বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোনসহ যে কোন দুর্যোগ কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী নামমাত্র মূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হয়।
আমাদের সীমিত সম্পদ, জনসংখার আধিক্য, নিম্ন আয় ও কৃষিনির্ভর উৎপাদন ব্যবস্থায় রেলের গুরুত্ব ব্যাপক। যাতায়ত সুবিধা নিশ্চিত করতে, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান, পণ্য পরিবহন, অর্থনৈতিক কর্মযজ্ঞের ব্যাপক প্রসার এবং দেশের সার্বিক উন্নয়নে রেলকে আধুনিকায়ন অত্যন্ত জরুরি। শিল্পায়ন, নগরায়ন, জ্ঞান, বিজ্ঞান ও এ দেশের আর্থ—সামাজিক অচলায়তনের ধারা ভেঙ্গে পঁুজি ও শিল্প নির্ভর সমাজ ব্যবস্থা বিনির্মাণে রেলওয়ে পালন করেছে অভূতপূর্ব ভূমিকা। অর্থাৎ পুরো সমাজ জীবনে আধুনিকতার ছেঁায়া লেগেছে রেলপথের সুবাদেই।
খাদ্য ঘাটতি মোকাবেলায় ভূমির পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি। দেশে প্রতিবছর কৃষি জমি কমছে। পরিকল্পনাহীন সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণ এর অন্যতম কারণ। অতিমাত্রায় সড়ক পথের উপর নির্ভরশীল হওয়ার কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ঘটছে অগণিত প্রাণহানী, যা একদিকে মানব সম্পদের অপচয় এবং হৃদয় বিদারকও বটে। অন্যদিকে রেলে তুলনামূলক হারে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম এবং মালামাল পরিবহনের মাধ্যমে দেশের শিল্প বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে অন্যতম প্রধান পরিবহন রেল। রেল এর সাহায্যে ধান, গম, চাউল, পাট, তামাক, আখ শাক—সবজি ইত্যাদি কৃষিজাত পণ্য এবং সার—কীটনাশক, কৃষি সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে আনা—নেওয়া করা হয়। তাছাড়া পরিবহন করা হয় শিল্পজাত পণ্য এবং নদী বন্দরের সাহায্যে যে সমস্ত পণ্য আমদানি ও রপ্তানি করা হয় তারও একটা অংশ রেলওয়ের মাধ্যমে পরিবহন করা হয়। এতে পরিবহন খরচ কম থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব।
আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাব, পরিবহন ব্যয় কমাতে তাদের কলকারখানা থেকে শুরু করে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে রেল স্টেশনগুলোকে কেন্দ্র করে। আজকে আমাদের দেশেও যে সমস্ত ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্প গড়ে উঠেছে তার বিকাশ ঘটাতে হলে রেলওয়েকে আরো বেশি শক্তিশালী ও আধুনিক করা প্রয়োজন। স্বাধীনতার পর থেকে দেশের জনগণের পরিবহন সুবিধা নিশ্চিত করতে এই খাতটিকে যে পরিমাণ গুরুত্ব¡ দেয়া প্রয়োজন ছিল তা দেয়া হয়নি। রেলওয়ে দেশের সেবাখাতগুলোতে যে সুবিধা প্রদান করছে তার যদি একটি আর্থিক মূল্যায়ণ আমরা দাঁড় করাই তাহলে দেখা যাবে যে, রেল কোনদিনই অলাভজনক ছিল না। রেলের একটি কামরায় অনেক মানুষ যাতায়াত করতে পারে। এখানে পরিবারের সবাই মিলে একসাথে একটি আন্তরিক পরিবেশে যাতায়াত করা যায়। আবার বিভিন্ন অঞ্চলের মানুষও একই কামরায় থাকে। তাদের মধ্যে ভাব বিনিময় হয়, আদান—প্রদান হয় সংস্কৃতির। গড়ে উঠে পারস্পরিক সখ্য এবং পারস্পরিক সহমর্মিতা, যা একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং দেশের জনগণের স্বার্থে এবং জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই রেলওয়েকে আধুনিক করতে হবে এবং এর সেবার মান বাড়াতে হবে। লেখক: কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক। belayethossen1@gmail.com
