প্রাচীন গুরুমুখী বিদ্যার প্রচলন হয়েছিল মূলত সমাজের নিচের তলার মানুষদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখার সুচতুর উদ্দেশ্যে। গুরুমুখী বিদ্যার বৈশিষ্ট্য হলো শুনে শেখা। গুরুর মুখে শুনে শিষ্য মুখস্থ করত। শিষ্যর মুখ থেকে তার শিষ্য এভাবে গুরু-শিষ্য পরম্পরায় নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বিদ্যাশিক্ষা সীমিত ছিল। গ্রন্থিত বা লিখিত রূপ না থাকায় কপি করে বা লুকিয়ে পড়ার সুযোগও ছিল না। শুধু নিচ তলার মানুষ হওয়ার অপরাধে যুগ যুগ ধরে শিক্ষা ছিল তাদের ধরাছোঁয়ার বাইরে। শিক্ষার অধিকার ছিল শাসক, ওপরতলার সুবিধাভোগীদের। \r\nসুবিধাভোগী শিক্ষাপদ্ধতি শিক্ষাকে সেই শুরু থেকেই সাধারণের নাগালের বাইরে রাখার যে চক্রান্ত করেছিল টোল, চতুষ্পাঠী, পাঠশালার যুগ পেরিয়ে ইংরেজ আমলে তা আরও শাণিত হয়ে প্রাতিষ্ঠানিক রূপ পায়।

শাসন-শোষণকে সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে আনার জন্য শিক্ষাকেও সুশৃঙ্খল কাঠামো দেওয়ার প্রয়োজন দেখা দেয়। এ কাজ তারা করেছিল কৃত্রিম উপায়ে। ইংরেজ শাসনের আগে ভারতে একক একটি শিক্ষা কাঠামো না থাকলেও পাঠশালার মধ্যে দিয়ে নিজস্ব শিক্ষা পদ্ধতি চালু ছিল। যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান দেওয়া। নিজস্ব এ শিক্ষা পদ্ধতিকে বিকশিত করার সুযোগ না দিয়ে ইংরেজরা পাঠশালা ম্যানেজমেন্টকে বেশি গুরুত্ব দেওয়ায় বাইরে থেকে একে ইউরোপীয় ধাঁচের কাঠামো মনে হলেও শিক্ষার অন্তর্গত রূপটি হয়ে পড়ে দাস মনস্তত্ত্ব¡ নির্ভর।

ভারতীয় মহা বিদ্রোহ বইয়ে প্রমোদ সেনগুপ্ত বিষয়টি এভাবে বলেছেন, হাজিরা খাতা রক্ষা, পাঠ্যক্রম বিন্যস্ত করা এবং বিভিন্ন শ্রেণির জন্য ভিন্ন ভিন্ন আসন নির্ধারণের প্রয়োজনীয়তা বোধ ছিল পাঠশালাসমূহকে পাশ্চাত্য ভাবাদর্শে পুনর্গঠনের ভাবনারই অন্তর্নিহিত দিক। ইংরেজ প্রবর্তিত নতুন শিক্ষারীতির বাহ্যরূপ ইউরোপীয় হলেও কার্যত তা হয়, ঔপনিবেশিক দাসতান্ত্রিক শিক্ষারীতি। অনিয়মিত উপস্থিতি ও ছাত্র বেতনের অনাদায়কে এ সময় অপরাধ হিসেবে গণ্য করে শাস্তি প্রদানের ব্যবস্থা নেয়া হয়, সনাতন পাঠশালা ব্যবস্থার মূল উপাদানই ছিল সারল্য ও আন্তরিকতা। ছাত্র-শিক্ষকরা কোন কড়া আইনের বাঁধনে বাঁধা ছিল না। কিন্তু এক্ষণে প্রথমবারের মতো বিশেষ অপরাধের জন্য বিশেষ শাস্তি দানের ব্যবস্থা করা হলো।

গুরু ধীরে ধীরে একজন সামান্য সরকারি ভৃত্যে পরিণত হতে থাকলেন। \r\nএই ভৃত্যে পরিণত হওয়া শিক্ষকরাই নানা স্তরে এরপর যে শিক্ষা দিতে থাকলেন তা ভৃত্য মানসিকতাই তৈরি করল। শিক্ষার সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি তৈরি হলো তা পুরোপুরি ঔপনিবেশিক। এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্রিটিশ ও পাকিস্তান পর্ব পেরিয়ে বাংলাদেশ পর্বে শিক্ষা পুঁজির নিয়ন্ত্রণে পুরোপুরি বিপণনযোগ্য পণ্য। শতকরা নব্বই ভাগ জিপিএ-৫ তাই পুঁজির প্রলোভনকে যত নিশ্চিত করে শিক্ষার আসল উদ্দেশ্য চিত্ত বিকাশের সম্ভাবনাকে ততই খারিজ করে। প্রায় কিছুই না পড়ে বা পাঠ্যবই সম্পর্কে সামান্য ধারণা নিয়ে এই যে শিক্ষার্থীরা জিপিএ-৫ বন্যায় ভেসে যাচ্ছে এর গুণগতমান নিয়ে দায়িত্বশীল প্রশ্ন তোলার সময় হয়েছে।

আগে ভালো ছাত্রছাত্রীদের অনেকেরই মূল লক্ষ্য থাকত বিজ্ঞান গণিত বা অর্থনীতির মেজর ডিসিপ্লিনে পড়াশোনা করে শিক্ষার পরিপূর্ণতা উপলব্ধির দিকে। এখন এসব মৌলিক বিষয়ের দিকে আগ্রহ প্রায় শূন্যের কোঠায়। শিক্ষার মূল লক্ষ্য আবর্তিত জব অপরচুনিটি কেন্দ্র করে। তাই শিক্ষার্থীদের মূল মনোযোগ বিবিএ এমবিএ ইত্যাদির দিকে। শিক্ষা ব্যবস্থা জব অপরচুনিটি কেন্দ্রিক হওয়ায় রবীন্দ্রনাথের ভাষায়, চিত্ত বিকাশ -এর পথ এখন প্রায় পুরোপুরি বন্ধ। চিত্তের বিকাশ মূলত হয় শিক্ষার মাধ্যমে ছাত্র জীবনে। সে জীবন যদি পুরোটাই জিপিএ-৫-এর ফ্রেমে আবদ্ধ হয়ে পড়ে তা হলে তার পরিণাম অন্তসারশূন্য হওয়াই সম্ভবত স্বাভাবিক।\r\n একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন জানায়, প্রাথমিক স্তরে শতকরা পঁচাত্তর ভাগ শিক্ষার্থী ভালোভাবে শিখছে না।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বেশিরভাগ শিক্ষার্থী বাংলাই ভালোভাবে পড়তে পারে না, গণিত ও ইংরেজীর অবস্থা আরও খারাপ। পঞ্চম শ্রেণির শতকরা মাত্র পঁচিশ ভাগ শিশু বাংলায় এবং তেত্রিশ ভাগ গণিতে আশানুরূপ দক্ষতা অর্জন করতে পারছে। যার অর্থ শতকরা পঁচাত্তর ভাগ ও সাতষট্টি ভাগ শিশু আশানুরূপ দক্ষতা অর্জন করতে পারছে না। এর চেয়ে ভয়াবহ তথ্য হলো এর পরও এসব শিশুর অনেকে উপরের শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছে। প্রতিবেদনে বিশ্বব্যাংকের শিক্ষাবিষয়ক পর্যবেক্ষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর শেখার মাত্রা খারাপ তাদের মধ্যে প্রাথমিক শিক্ষা শেষ না করেই ঝরে পড়ার ঝুঁকি বেশি।

ঝরে পড়ার পর এক পর্যায়ে তারা অনানুষ্ঠানিক কর্মবাজারে প্রবেশ করে।\r\nশোনা যায়, একবার পাশ্চাত্যের এক পশু মনস্তত্ত্ববিদ এসেছিলেন এদেশের মানব শিশুদের ওপর শিক্ষাবিষয়ক গবেষণা করতে। এখন অবশ্য দেশেই প্রচুর বিশেষজ্ঞ আছেন। যাঁরা শিক্ষা নিয়ে নতুন নতুন নিরীক্ষা করছেন। নতুন পদ্ধতি আবিষ্কার করছেন। এক পদ্ধতি ঢাক ঢোল পিটিয়ে চালু হলো- কয়েক বছর চলল। তারপর আরেক দল আরেক পদ্ধতি আবিষ্কার করে চালালেন আরও কয়েক বছর। দেখা গেল এ পদ্ধতি তেমন ফল দিচ্ছে না সুতরাং আবার বদল। এভাবেই চলছে বছরের পর বছর। বলার অপেক্ষা রাখে না এর সঙ্গে রাজনৈতিক ওঠানামা বা ক্ষমতা বদলের সম্পর্ক ঘনিষ্ঠ। এত গবেষণা পরীক্ষা-নিরীক্ষা, এত অর্থব্যয়ের পরও ঝরে পড়া বন্ধ হয়নি।

তার কারণ প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে তাদের বেশিরভাগের জীবন আবর্তিত হয় প্রচণ্ড অর্থনৈতিক অনিশ্চয়তায়। ঝরে পড়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এদের জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তার স্থায়ী সমাধানের কথা দেশি-বিদেশি কোনো গবেষকই বলেন না। অর্থনৈতিক অনিশ্চয়তা দূর না করে ঝরে পড়া সম্পর্কে যত সদুপদেশ দেওয়া হোক কাজের কাজ কিছুই হবে না। সমাজের নিচুতলার মানুষদের জন্য শিক্ষা সব সময়ই কষ্টকল্পিত ছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষের দারিদ্র্যপীড়িত জীবন সযত্নে টিকিয়ে রাখে যে সমাজব্যবস্থা সে সমাজের নিচের তলার মানুষদের জীবন আলোকিত করা সম্ভব কেবল ওই বৈষম্য দূর করার মধ্য দিয়েই। অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে পারলে অন্যান্য অনিশ্চয়তাও দূর হবে। অন্ন সংস্থানের দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারলে মনোযোগের পুরোটাই শিক্ষা অর্জনের পিছনে ব্যয় হবে। ঝরে পড়া তখন নিজ থেকেই বন্ধ হবে। সমস্যার আসল কারণ দূর না করে যত গবেষণা পরীক্ষা নিরীক্ষা হোক কাজ যে কিছুই হয় না।\r\nরাষ্ট্র এবং সমাজের বৈষম্য রাতারাতি দূর করতে না পারলেও একে অন্তত সহনীয় পর্যায়ে রাখা যায়। সে চেষ্টা আন্তরিকভাবে করলেই কেবল ওই বঞ্চিতদের জীবন মানের খানিক উন্নতি আশা করা যায়। নইলে যত সুন্দর বাক্য বিন্যাসই করা হোক এদের অবস্থার কোনো পরিবর্তন হবে না।