প্রথম আলো পত্রিকার ১৮ মে ২০২৬ তারিখ ‘পদ্মা (গঙ্গা) ব্যারাজ প্রকল্পের পটভূমি’ শিরোনামে প্রকাশিত ১ম পর্বের নিবন্ধের লেখক ড. নজরুল ইসলাম একজন অর্থনীতিবিদ। অর্থনীতি ও প্রবৃদ্ধি বিষয়ে তাঁর গবেষণা ও জ্ঞান দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখারই কথা। তবে এ নিবন্ধে তাঁর বিষয়ভিত্তিক কারিগরি জ্ঞানের অপ্রতুলতা, প্রকৃত সমস্যা ও তার কারণ অনুসন্ধানে ব্যর্থতা, জনস্বার্থের অনুকূলে নয়; বরং গণমানুষকে বিভ্রান্ত করছে বলেই প্রতীয়মান হয়। ড. নজরুলের ভাষ্যের প্রেক্ষিতে বাস্তবভিত্তিক মতামত হল:

১। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী, যা চীন, ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। বাংলাদেশে প্রবেশের পর এটি পদ্মা নামেই পরিচিত, যা লেখক নিজেই স্বীকার করেছেন। ঐতিহাসিকভাবে পদ্মার মূল স্রোত বাংলাদেশে প্রবেশ করে গঙ্গা-পদ্মা নামে প্রবাহিত হয়ে এটা চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে সম্মিলিত স্রোত লোয়ার মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আন্তর্জাতিক নদীতে International Law on non-navigational water use এবং অন্যান্য আন্তর্জাতিক কনভেনশনের ভিত্তিতে হিস্যা নির্ধারণ করার প্রচলিত পদ্ধতি রয়েছে। হিস্যার বিষয়ে ব্যারাজের নামকরণকে সম্পৃক্ত করা একটি দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়।

২। পাউবো ১৯৬৩ সাল থেকে মোট ৬টি সমীক্ষা পরিচালনা করে। প্রাথমিকভাবে পাকিস্তান সরকারের আমলে ১৯৬৩ সালে সম্পাদিত TAMS Study এবং ১৯৬৯ সালে ACE সমীক্ষায় লেখকের বক্তব্য আংশিক সঠিক। পরবর্তীতে ১৯৮৪ সালে Expert Study Group (ESG), French Engineering Consortium (FEC) Study 1989, ২০০২ সালে WARPO সম্পাদিত Option for Ganges Dependent Area (OGDA) সমীক্ষা এবং সর্বশেষ পাউবোর ২০১৩ সালে সম্পাদিত Feasibility Study and Detail Design এ বিস্তারিত কারিগরি সমীক্ষা করা হয়েছে। এতে গাণিতিক ও ফিজিক্যাল Model-এর মাধ্যমে Ganges-Gorai Model, Long Term Morphological Changes, River Training Works, Sediment Transportation Management এবং সার্বিক সামাজিক ও পারিবেশিক সমীক্ষা সম্পাদন করা হয়। কাজেই ‘শুধুমাত্র ব্যারাজের স্থান নির্ধারণের জন্য পাউবোর সমীক্ষাসমূহ সম্পাদন করা হয়েছে’-এ ধরনের বক্তব্য সঠিক নয়, বরং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে।

৩। বিগত ২০১২-১৩ সালে Ganges Barrage Feasibility Study Report-এ বিস্তারিত কারিগরি, সামাজিক এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হয়েছে। এতে Public Consultation, Information Disclosure, Impact Assessment Study, ক্ষতিগ্রস্থ দেশের এক তৃতীয়াংশ জনগণের দীর্ঘ কয়েক দশকের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়। নির্বাচনী ওয়াদা অনুযায়ী প্রকল্পটি সরকার অনুমোদন করেছে। কাজেই ড. নজরুলের ‘আগের সরকারের মতো বর্তমান সরকারও জনগণকে জানা-বোঝা এবং মতপ্রকাশের সুযোগ না দিয়েই ৩৩৪৭৪ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে’ বাক্যটি সঠিক নয়।

৪।Public Consultation, Information Disclosure, Impact Assessment Study ছাড়াও জাতীয় নির্বাচনের পূর্বে বর্তমান প্রধানমন্ত্রীর রাজশাহী ও ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রচারণা সভায় স্থানীয় জনগণ পদ্মা ব্যারাজ বাস্তবায়নের দাবি উপস্থাপন করে। কাজেই ‘স্বচ্ছতা, জবাবদিহি, সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ শুধু কথার কথা’ এ বক্তব্যটি জাতীয় অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস।

৫। ফারাক্কা পরবর্তী সময়ে শুষ্ক মৌসুমে ভারত কর্তৃক পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীর পানির প্রবাহ ব্যাপক হ্রাস পাওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, নড়াইল ও সাতক্ষীরা জেলাসমূহে উদ্ভূত সমস্যাবলী হল: ক. নদী শুকিয়ে পলিভরণ ও নৌপরিবহনে অচলাবস্থা। খ. সেচ পানির অভাবে কৃষি ও মৎস্য উৎপাদন হ্রাস পাওয়া। গ. লবণাক্ততার অনুপ্রবেশ, ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং ফলে আর্সেনিক দূষণ ও রোগের প্রাদুর্ভাব। ঘ. সুপেয় পানির অভাব। ঙ. পরিবেশ এবং প্রতিবেশের ব্যাপক অবনতি। চ. লবণাক্ততা বৃদ্ধির কারণে মিঠা পানির মাছের উৎপাদন হ্রাস এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়া।

প্রসঙ্গক্রমে আরো উল্লেখ্য যে, ফারাক্কা পরবর্তী গঙ্গার প্রবাহ ব্যাপক হ্রাস পাওয়ায় এর শাখানদীসমূহ বিশেষ করে হিসনা, মাথাভাঙ্গা, কুমার, চিত্রা, ভৈরব ও কপোতাক্ষের প্রবাহ শুকিয়ে যায়। ভৈরব, কপোতাক্ষ তথা উৎসে পানি না থাকায় মুক্তেশ্বরী ও হরিহর বা ভদ্রা ও তার শাখা প্রশাখায় উজান থেকে পানি বা পলি আসা বন্ধ হয়ে যায়। আর এই সুযোগে নদীর ও খালের উৎসমুখ ও গতিপথ ব্যাপকভাবে দখল ও দূষণ হতে থাকে। যশোরের ক্যান্টমেন্টের পার্শ্ববর্তী ‘চূড়ামনকাঠি’ এলাকায় মুক্তেশ্বরী ও ঝিকরগাছায় হরিহর নদীর উৎসমুখ এখন খুঁজে পাওয়াই কঠিন। এর সঙ্গে সংযুক্ত প্রায় সকল খালই দখলে-দূষণে মৃত প্রায়। ফলে দখল ও দূষণের ব্যাপকত্বের কারণে ভবদহ এলাকায় শুকনো মৌসুমে উজান থেকে পানি প্রবাহ অনুপ্রবেশ বন্ধ হয়ে যায়।

জলবায়ু পরিবর্তনজনিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্রমাগত ধারা, শুষ্ক ও বর্ষা মৌসুমে উজানের প্রবাহ হ্রাস বৃদ্ধির সম্মিলিত প্রভাব (নদীর বেড লেভেল উঁচু হওয়া, ওয়াটার সারফেস স্লোপ হ্রাস পাওয়া, ল্যান্ড সেটেলমেন্ট, রিভার কনভেন্স অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি) এবং জোয়ার ও জলোচ্ছ্বাসের ঊর্ধ্বমুখী প্রবাহের তোড়ে ও ভাঙ্গনে সমুদ্রতট ও উপকূলীয় নদী বিশেষ করে শিবসা-হাপরখালি-গেংরাইল-শ্রীনদীর পলি উপরের দিকে ধাবিত হয়ে ভবদাহ রেগুলেটরের ভাটিতে জমা হতে থাকে। বর্ষায় উজান থেকে পর্যাপ্ত প্রবাহ না থাকায় এবং জোয়ারের পলি মিশ্রিত পানি প্রকল্প অভ্যন্তরে অবাধ প্রবেশ রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় রেগুলেটরের ভাটিতে পলি অপসারিত না হয়ে থেকেই যাচ্ছে। ফলে বর্ষার পরেও ভবদহের পানি নিষ্কাশিত না হয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং নানান রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়া ও যোগাযোগে বিঘ্নতাসহ জন-জীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি করছে।

৬। ১৯৯৭-২০১০ সময়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসে গড় প্রবাহ ১৯৩৪-১৯৭৪ সময়ের একই মাসের গড় প্রবাহের ৯৩.৬ থেকে ১২১.৬ শতাংশ তথ্যটি বর্ষা মৌসুমের, যখন মূল ও শাখা নদীসমূহ পানিতে টইটম্বুর হয়ে দুপাশ বন্যায় প্লাবিত হয় এবং ফারাক্কা ব্যারাজের সকল গেইট উন্মুক্ত থাকে। অথচ মূল সংকট হচ্ছে শুষ্ক মৌসুমে। নথি পর্যালোচনায় দেখা যায়, শুষ্ক মৌসুমে একই সময়ের তুলনামূলক বিশ্লেষণে ১৯৩৪-৭৪ সময়ের সাথে ১৯৯৭-২০১০ সময়ের জানুয়ারি থেকে এপ্রিল সময়ের গড় প্রবাহ ৬২% থেকে ৪৬%। প্রবন্ধকারের বর্ষা মৌসুমের উপস্থাপিত তথ্য অপ্রাসঙ্গিক এবং ব্যারাজের মূল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞানের অভাব বলে প্রতীয়মান হয়।

৭। বড়াল নদীতে ঐতিহাসিকভাবে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সুবিধা প্রদানের জন্য বিভিন্ন স্থানে রেগুলেটর নির্মাণ করা হয়েছিল, যা সে সময়ের প্রয়োজন অনুযায়ী যুক্তিযুক্ত ছিল। ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে পদ্মা নদীর বন্যা হতে বড়াল বেসিনকে রক্ষার উদ্দেশ্য রাজশাহী শহর হতে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত Ganges Left Embankment (GLE) নির্মাণ করা হয়। ১৯৮০ সাল হতে ১৯৮৩ সাল পর্যন্ত পদ্মা নদীর বন্যা থেকে বড়াল বেসিনকে রক্ষার জন্য বড়াল নদীর চারঘাটে স্থানীয় জনগণ মাটির ক্রস বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে ১৯৮৪-৮৫ সালে বাপাউবো কর্তৃক বড়াল নদীর ভাটি অঞ্চলকে বন্যা মুক্ত করার লক্ষ্যে মাটির ক্রস বাঁধের স্থলে ৩-ভেন্ট এর রেগুলেটর নির্মিত হয়। ১৯৯৮ সালে প্রলয়ংকারী বন্যায় Ganges Left Embankment (GLE) এবং চারঘাট রেগুলেটর বড়াল বেসিনকে বন্যামুক্ত রাখে। চারঘাট থেকে নাটোর জেলার আটঘরিয়া পর্যন্ত বড়াল বেসিনের রাজশাহী জেলার তিনটি উপজেলা এবং নাটোর জেলার ৫টি উপজেলায় সেচের পানি সংরক্ষণের জন্য আটঘরিয়াতে ১৯৯৬ সালে ৫ ভেন্ট আটঘরিয়া রেগুলেটর ও মরা বড়াল অংশে ১ ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হয়।

পরবর্তীতে নদীর প্রবাহ, পলিবহন এবং আঞ্চলিক পানি প্রবাহের পরিবর্তনের কারণে কিছু রেগুলেটর অকার্যকর হয়ে পড়ে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো পাউবো বর্তমানে এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগোচ্ছে। পুরাতন বড়ালকে পুনরায় জীবন্ত করে তুলতে অবকাঠামোর ব্যাপক উন্নয়নসহ বড়াল নদীর উৎপত্তিস্থল চারঘাট থেকে আটঘরিয়া পর্যন্ত ৪৮.৫০ কিলোমিটার এবং মরা বড়াল নদীর পরবর্তী ১৮.০০ কিলোমিটার অংশসহ মোট ৬৬.৫০ কিলোমিটার নদী পুনঃখননের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এছাড়া বড়াল অববাহিকার অবিচ্ছেদ্য অংশ নারদ নদের ২৯.০০ কিলোমিটার অংশও পুনঃখননের আওতায় আনা হয়েছে।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, চারঘাটে বড়ালের পানি হ্রাস পাওয়ার কারণ উজানে ফারাক্কা ব্যারাজ কর্তৃক পানি প্রত্যাহার। শুষ্ক মৌসুমে বড়ালের তলদেশের লেভেল (৯.৩০ মিটার পিডব্লিউডি) তুলনায় পদ্মার পানির লেভেল (৭.৩০ মিটার পিডব্লিউডি)। বড়ালে সারাবছর পানি পেতে হলে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ করতে হবে ও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।উপসংহারে বলা যায়, বাপাউবোর্ড একটি মাল্টি-ডিসিপ্লিনারি সংস্থা। এ সংস্থায় পানি প্রকৌশলীদের পাশাপাশি কৃষি ও সম্প্রসারণ, অর্থনীতি ও পরিবেশ, পরিকল্পনা ও গবেষণা সকল বিষয়ের বিশেষজ্ঞগণ একসাথে কাজ করেন। এর সকল প্রকল্পই বিস্তারিত সমীক্ষা সম্পাদন অন্তে যাচাই-বাছাই করে জনস্বার্থে গ্রহণ করা হয়।

লেখকদ্বয় যথাক্রমে

অতিরিক্ত মহাপরিচালক(অব.), পাউবো এবং মহাপরিচালক(অব.), পাউবো।