তিস্তা একটি নদীর নাম। তবে অধুনা তিস্তাকে আর নদী বলা যাবে কি না সন্দেহ। কেননা, প্রতিবেশী দেশ ভারতের গজলডোবা অংশে ব্যারাজ নির্মাণের ফলে বাংলাদেশ অংশে তিস্তার পানি প্রবাহ দীর্ঘদিন থেকে প্রায় বন্ধ থাকায় বর্তমানে প্রবাহিত পানির বড় অংশ আসছে ধরলা নদী থেকে। ফলে তিস্তা তার নিজস্ব চরিত্র হারিয়েছে। প্রবহমান অন্য একটি নদী থেকে পানি নিয়ে তিস্তা কালক্রমে পরিণত হয়েছে নির্ভরশীল নদীতে। বর্ষা মৌসুমে তিস্তার কিছু রুদ্ররূপ পরিলক্ষিত হলেও শুকনা মৌসুমে তিস্তা পরিণত হয় আদিগন্ত ধূ ধূ বালুচরে। অনেকের কাছে প্রতীয়মান হয় যে, তিনি যেন সুজলা সুফলা বাংলাদেশের বুকে একখণ্ড প্রাকৃতিক বালিয়ারি দেখছেন। মাইলের পর মাইল রুক্ষ শুষ্ক নিষ্করুণ মরুভূমি সদৃশ ভূখণ্ড, যেখানে প্রখর সূর্যতাপে মানুষের চোখ মুখ কেবলই ঝলসে যায়।
অগ্নিদগ্ধ তপ্ত বাতাসে কেবলই ঘুরে বেড়ায় তিস্তাপাড়ের অগণিত মানুষের প্রলম্বিত দীর্ঘশ্বাস ও হাহাকার। অথচ একদা এই জনপদের মানুষের সবই ছিল- গোয়াল ভরা গরু, মাঠ ভর্তি সোনালি ফসল আর প্রাণোচ্ছল তিস্তার বুকে অফুরন্ত মাছের সমারোহ। অতীতের সেই সোনালি স্বর্ণযুগের তিস্তা আজ কেবলই স্বপ্ন, ধূলি- ধূসরিত। ঘর নেই বাড়ি নেই, ছিন্নমূল তিস্তাপাড়ের মানুষ- জমিজমা বসতভিটা গাছপালা হারিয়ে বর্তমানে শুধ্ইু উদ্বাস্তু। এটি হয়ে উঠেছে এক চলমান মানবিক বিপর্যয়। বসতভিটা ও জমি হারানোর সঙ্গে সঙ্গে জীবিকা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা- সবই গেছে নদীগর্ভে হারিয়ে। সত্যি বলতে কি, তিস্তাপাড়ের মানুষ আজ স্বপ্ন দেখতেও ভুলে গেছে।
অতীতের তিস্তা হয়ে উঠেছে গভীর সংকট, চরম অনিশ্চয়তা ও প্রতিবেশী দেশের রাজনৈতিক ও অমানবিক সিদ্ধান্তহীনতার প্রতীক। যতদিন না পর্যন্ত তিস্তার পানি প্রবাহ সমস্যার ন্যায্য হিস্যার স্থায়ী সমাধান না হবে, যতদিন পর্যন্ত না বিকল্প হিসেবে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হবে, ততদিন পর্যন্ত দীর্ঘায়িত হবে তিস্তাপাড়ের মানুষের হাহাকার ও দীর্ঘশ্বাস- নিঃস্ব রিক্ত বঞ্চনার ইতিহাস। \r\nপ্রায় ৪ দশক ধরে ঝুলে আছে আন্তর্জাতিক এই নদীর পানির হিস্যা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে, যার সমুদ্রসীমা, স্থলসীমা ও আন্তর্জাতিক পানিসম্পদ ব্যবস্থাপনার সুষম বণ্টন বহুকাল থেকেই বাধাগ্রস্ত। দেশের সার্বিক উন্নয়ন, কৃষি ও মৎস্য সম্পদ বাঁচিয়ে রাখতে এবং জীব-বৈচিত্র্যের টেকসই সংরক্ষণ বহুলাংশে নির্ভর করে আন্তর্জাতিক নদীগুলোর সুষম পানি বণ্টন ব্যবস্থাপনার ওপর। সে অবস্থায় ভারতের আন্তরিকতার অভাব এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রদানে অনাগ্রহ থাকায় সমস্যাটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরা বাংলাদেশের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে।
