প্রকৃতিতে ঋতুচক্রের আবর্তনে শীত আবারও ফিরে এসেছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের আকাশ। নগরের ইট-পাথরের দালানে কিংবা গ্রামের মেঠো পথে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। বিত্তবানদের কাছে শীত মানেই উৎসবের আগমন, পিঠা-পুলির আয়োজন আর ফ্যাশনের নতুন অনুষঙ্গ। তারা আলমারি থেকে দামি জ্যাকেট আর শাল বের করে শীতকে বরণ করে নেয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক করুণ বাস্তবতা। এই সমাজেই এমন হাজারো মানুষ আছে যাদের কাছে শীত মানেই অভিশাপ, শীত মানে বেঁচে থাকার এক কঠিন লড়াই। বিশেষ করে পথশিশু এবং প্রান্তিক মানুষের জন্য শীতকাল যেন মৃত্যুদূত হয়ে দরজায় কড়া নাড়ে।

রাতের নিস্তব্ধতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন তাপমাত্রার পারদ নামতে থাকে, তখন শহরের অভিজাত এলাকার মানুষ লেপ-কম্বলের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। ঠিক সেই সময়েই ফুটপাতের চিত্রটা বড়ই নির্মম হয়ে ওঠে। সেখানে কোনো উৎসবের আমেজ থাকে না, থাকে কেবল বেঁচে থাকার আর্তি। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার কিংবা কমলাপুর স্টেশনের দিকে তাকালে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। জরাজীর্ণ বস্তা কিংবা ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে কু-লী পাকিয়ে শুয়ে আছে অসংখ্য মানুষ। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি, যারা আমাদের সমাজের তথাকথিত পথশিশু। এদের নেই কোনো নির্দিষ্ট ঘরবাড়ি, নেই বাবা-মায়ের স্নেহ বা শাসন। দিনের বেলা তারা আবর্জনা কুড়িয়ে কিংবা ভিক্ষা করে পেট চালায়, আর রাতে তারা লড়াই করে প্রকৃতির এই রুদ্র রূপের সঙ্গে। এই একই চিত্র দেশের অন্যান্য শহরেও।

শীতের রাতে খোলা আকাশের নিচে ঘুমানো এই শিশুগুলোর কষ্ট বর্ণনাতীত। কনকনে ঠান্ডা বাতাস তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। তাদের শরীরে থাকে না পর্যাপ্ত গরম কাপড়, অনেকের গায়ে থাকে কেবল পাতলা একটি সুতির জামা। কেউ কেউ আবার খালি গায়েই রাত পার করে দেয়। তীব্র শীতে তাদের হাত-পা অসাড় হয়ে আসে এবং দাঁতে দাঁত লেগে শরীর কাঁপতে থাকে। তবুও ক্লান্তি একসময় তাদের ঘুমাতে বাধ্য করে। কিন্তু সেই ঘুম কি আর শান্তির হয়? সেই ঘুমে থাকে আতঙ্ক আর অনিশ্চয়তা। রাস্তার ধারের কুকুরগুলোর সাথে গা ঘেঁষাঘেঁষি করে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করে তারা। আবর্জনা পুড়িয়ে আগুন জ্বালিয়ে শরীর গরম করার দৃশ্য প্রায়ই চোখে পড়ে, যা তাদের কাছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে ওঠে।

কেবল পথশিশুরাই নয়, গ্রামের হতদরিদ্র মানুষের অবস্থাও অত্যন্ত শোচনীয়। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ থাকে অনেক বেশি এবং সেখানে দারিদ্র্যের হারও তুলনামূলকভাবে বেশি। গ্রামের বয়স্ক এবং অসুস্থ মানুষেরা শীতে সবচাইতে বেশি কষ্ট পায়। তাদের জরাজীর্ণ কুঁড়েঘর হিমেল হাওয়া আটকাতে পারে না, ঘরের বেড়া ভেদ করে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে। তাদের লেপ-তোশক কেনার সামর্থ্য নেই। খড় বিছিয়ে তার ওপর চট বা কাঁথা পেতে তারা রাত কাটায়। এই অমানবিক পরিস্থিতিতে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে।

শীতের কারণে খেটে খাওয়া মানুষের জীবিকা হুমকির মুখে পড়ে। রিকশাচালক, ভ্যানচালক বা দিনমজুরেরা ভোরে কাজে বের হতে পারে না। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় হাত-পা জমে যাওয়ার উপক্রম হয়। তবুও পেটের দায়ে তাদের বের হতে হয়, কিন্তু রাস্তায় মানুষ কম থাকায় তাদের আয় কমে যায়। যারা দিন আনে দিন খায়, তাদের জন্য একদিন কাজ না থাকা মানেই অনাহারে থাকা। শীত তাদের জন্য দ্বিগুণ শাস্তি নিয়ে আসে। একদিকে শীতের কষ্ট আর অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা। এই দুইয়ের যাতাকলে পিষ্ট হয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

পুষ্টিহীনতায় ভোগা এই মানুষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। তার ওপর শীতের প্রকোপে তারা নানা রোগে আক্রান্ত হয়। সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো রোগ তাদের শরীরে বাসা বাঁধে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কোল্ড ডায়রিয়া এবং শ্বাসকষ্টে বেশি ভোগে। সরকারি হাসপাতালগুলোর মেঝেতে ঠাঁই হয় তাদের, কিন্তু ওষুধের দাম জোগানোর সামর্থ্য তাদের থাকে না। ফলে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে অনেকের মৃত্যু হয়। শীতজনিত রোগে প্রতি বছর বহু মানুষের প্রাণহানি ঘটে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার।

আমাদের সমাজব্যবস্থায় বৈষম্য কতটা প্রকট তা শীতকালে স্পষ্ট বোঝা যায়। একদল মানুষ শীতকে বিলাসিতা হিসেবে দেখে, অন্যদল মানুষ শীতকে যমদূত মনে করে। এই বৈষম্য কি আমাদের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে না? আমরা কি কেবল নিজেদের আরাম-আয়েশ নিয়েই ব্যস্ত থাকব? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই এই অসহায় মানুষগুলোর প্রতি? প্রতি বছর শীত এলে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল। তাছাড়া অনেক ক্ষেত্রে এই দান কার্যক্রম লোক দেখানো অনুষ্ঠানে পরিণত হয়। ক্যামেরা আর ফ্লাশের ঝলকানিতে প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। একটি কম্বল দেওয়ার জন্য দশজন মিলে ছবি তোলার সংস্কৃতি আমাদের মানসিক দৈন্যতাই প্রকাশ করে। এই ধরনের লোক দেখানো সহায়তা তাদের মর্যাদা ক্ষুণœ করে। তাদের প্রয়োজন প্রকৃত ভালোবাসা ও সহানুভূতি, কেবল ক্যামেরার সামনে পোজ দেওয়া নয়।

রাষ্ট্রের দায়িত্ব হলো তার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, স্বাধীনতার এত বছর পরেও আমরা ফুটপাতমুক্ত শহর গড়তে পারিনি। আমরা পথশিশুদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারিনি। সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা যায়। শীত এলে তড়িঘড়ি করে কিছু কম্বল বিতরণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। পথশিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তাদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। তখন আর তাদের অন্যের দয়ার ওপর নির্ভর করতে হবে না।

ব্যক্তিগত পর্যায়েও আমাদের অনেক কিছু করার আছে। আমাদের আলমারিতে অনেক পুরনো কাপড় জমা হয়ে থাকে, যা হয়তো আমরা আর ব্যবহার করি না। আমরা চাইলেই সেগুলো ধুয়ে পরিষ্কার করে এই শীতার্ত মানুষের হাতে তুলে দিতে পারি। কেবল পুরনো কাপড় নয়, সামর্থ্য অনুযায়ী নতুন শীতবস্ত্রও দেওয়া যেতে পারে। আমাদের একটু সহানুভূতি হয়তো একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারে, হয়তো কোনো বৃদ্ধের রাতের ঘুম একটু আরামদায়ক করতে পারে। মানবতার সেবাই হলো পরম ধর্ম। মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে হাত বাড়িয়ে দেই, তবে এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

শীতের রাতে যখন আমরা উষ্ণ বিছানায় শুয়ে থাকি, তখন একবার অন্তত ওই মানুষগুলোর কথা ভাবা উচিত যারা রাস্তার পাশে বা স্টেশনের মেঝেতে শীতে কাঁপছে। তাদেরও আমাদের মতো রক্তমাংসের শরীর আছে, তাদেরও শীত, গরম এবং ক্ষুধা অনুভূতির বোধ আছে। কেবল ভাগ্যের নির্মম পরিহাসে তারা আজ মানবেতর জীবন যাপন করছে। তাদের এই কষ্টের ভাগীদার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা মানবিক হই, লোক দেখানো দাতা না হয়ে প্রকৃত বন্ধু হই। শীতার্ত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের শরীরে উষ্ণতার পরশ বুলিয়ে দেই।

শীতকাল আমাদের বিবেকের পরীক্ষা দেওয়ার সময়। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। পথশিশু ও হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সরকার, বিত্তবান ও সাধারণ মানুষ সবাই মিলে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব। যেখানে শীতের রাতে কেউ আর শীতে কাঁপবে না, যেখানে প্রতিটি শিশু পাবে উষ্ণতার নিশ্চয়তা। এমন একটি সকালের প্রত্যাশায় আমরা আছি, যেদিন খবরের কাগজের শিরোনামে আর শীতের কারণে মৃত্যুর খবর থাকবে না। মানবিকতা জেগে উঠুক প্রতিটি হৃদয়ে, অবসান হোক এই বৈষম্যের।

লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।