ইথিওপিয়ার আফার অঞ্চলে আগ্নেয়গিরি বারো হাজার বছর পর মুখ খুলেছে, সেখানকার নির্গত ধোঁয়া বা ছাই আকাশ পেরিয়ে দিল্লির আকাশে এমন মেঘবলয় তৈরি করেছে যে, সেখানকার বিমান চলাচলে (উড্ডয়ন ও অবতরণ) বিঘœ ঘটছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো পাকিস্তানের ওপর দিয়ে উড়ে ইউরোপ আমেরিকায় আসা-যাওয়া করতে পারছে না। ভারতের হয়ে আফগানিস্তান তার প্রিয়তম বান্ধব পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে। পাল্টাপাল্টি পাকিস্তানও তার খয়ের খা আফগানিস্তানে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। ইদানীং চিকেন নেক নিয়ে ভারতের মাথাব্যথা শুরু হয়েছে। লক্ষ্য চীনের ওপর নজরদারি বাড়ানো আর বাংলাদেশকে চাপে রাখা। চিকেন নেককে মুরগির রান কিংবা থান বানাবার চেষ্টায় আছে দেশটি । ‘মনোহরদি’ সেই প্রাচীনকাল থেকে মন হরণকারী দিঘির অপভ্রংস হিসেবে শান্ত সুজন এলাকা হিসেবে সুবিদিত ছিল। এখন শোনা যাচ্ছে, তার পেটে টিউমার-ভূগর্ভস্থ ক্যানসার, যা সাম্প্রতিক ভূমিকম্পনের এপিসেন্টার। ভয় হয়, তার মেজর অপারেশন কবে যেন হয়! ইতিমধ্যে একটি মাঝারি ধরনের যে অপারেশন হয়ে গেছে, তার বায়োপসি রিপোর্ট নিয়ে হইচই। শহরমুখী মানুষ আবার গ্রামমুখী হতে চাইছে ভয়ে, নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভূমিকম্পের এমন ভয় যে, লেখাপড়া বাদ দিয়ে অনেকে বড় বড় ছুটি দিচ্ছে, নিচ্ছে । মিল, কল-কারখানায় কেউ কাজের চাপ নিতে চাচ্ছে না। সবাই প্রাণে বাঁচানোর চেষ্টায়।

‘ও মনু এইডা আবার কেমন তরো ফ্যাসাদ? চারদিকে যা দেখছি, তার খ্যান্ত কোআনে।’ সবাই জেনে না জেনে জীবন বাঁচানোর মহড়ায়। ভাবখানা এই ‘মুই বাঁচতেই যদি না পারি, তয় গণভোট আর জাতীয় নির্বাচন করি কেমনে?’ তয় কি আর কার লাভ? ঘরে-বাইরে ভয়, কর্মবিরতি, কমপ্লিট শাট, লকডাউন। এত ডাউন-ডাউন খেললে, অর্থনীতির বারোটা বাজতে আর বাকি থাকল কী? নলছিটির নকুলেশ্বর ব্যাপারী বিড় বিড় করে কত কিছু বলছে। তার মাথায় ছিট আছে বলে মনে হচ্ছে। পোকা ঢুকেছে ইথিওপিয়ার অগ্ন্যুৎপাত, পাক-ভারত আফগানিস্তানের প্রক্সি যুদ্ধ, মামদানি-ডোনাল্ড ট্রাম্পের মান অভিমান খেলা, ইউক্রেন-রাশিয়ার ভূ-দখল, সব একসঙ্গে নকুলের মাথায় জট পাকাচ্ছে। সাগর-রুনির চার্জশিট দাখিলের তারিখ পাল্টানো ইতিমধ্যে সেঞ্চুরী করেছে। জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলার অভিযোগ গঠনের কাজ এগোচ্ছে না। কোনটা কীভাবে এগুবে বা পিছাবে, সেটাও ঠাওর করা যাচ্ছে না। কখনো পেঁয়াজ, কখনো কাঁচা মরিচ, আলুর দরদামে পাবলিক পেরেশান। ভোজ্যতেলের ভোল পাল্টানো নাটকীয়কতায় সবার নাভিশ্বাস। এমন সময় আর কত মহড়া আর নাটক দেখবার বাকি? নকুলের শিক্ষক তাদের পড়ানোর সময় এ চ্যাপটার কেন জানি বাদ রেখেছিলেন। মনে হয়, সিলেবাসে ছিল না তাই।

আজ একে একে সবাই এটা সেটা সামলে আসছে আর দোষ সব মনোহরদীর পেটের টিউমার এর ঘাড়ে গিয়ে পড়ছে। নিত্যনৈমিত্তিক জীবনে ভূমিকম্পের ভয় থামিয়ে দিচ্ছে অনেক কিছু। আবার শোনা যাচ্ছে, ঘূর্ণিঝড় আসছে। অনেকের যেন নতুন করে কিছু ভাবার অবকাশ মিলছে না। চিন্তার রাজ্যে এই চোরাগোপ্তা হামলার কারণ বা উদ্দেশ্য কী? নকুলের মনে পড়ে, তাদের ব্যাকরণের স্যার সমাস পড়াবার সময়, ‘মধ্যপদলোপী কর্মধারয় সমাস’ নির্ণয় বাক্য-বচন বিন্যাসের কথা শিখিয়েছিলেন। সেই স্যারও নেই, বাক্যবিন্যাস বোঝাবারও কেউ নেই। এলোপাতাড়ি আক্রমণে সীতানাথ বসাকের আদর্শলিপি বইয়ের মহাজন বাক্যরা এখন জাত, কুল, মান খোয়াবার ভয়ে থর থর করে কাঁপছে। ‘সততাই সর্বোত্তম পন্থা’ কিংবা ‘সদা সত্য কথা বলিবে’, এসব এখন আর চলে না।

নৈতিকতা, ন্যায়-নীতিনির্ভরতার জন্য এলোমেলো ভাবনায় ও ভয়ে কাতর নলছিটির নকুলেশ্বর ব্যাপারী। সবখানে সমস্যা সীমালঙ্ঘনের। মাত্রা অতিক্রম করলে অনেক ভালো জিনিস মন্দ রূপ বা আকার ধারণ করতে পারে। যেমন মাত্রা অতিক্রম করলেই সাহস হঠকারিতা, আত্মহত্যা, প্রতিযোগিতা হিংসা, ধর্মভীরুতা এবং ধর্মান্ধতায় পরিণত হতে পারে। অবস্থা বিশেষে সমালোচনা পরচর্চা, প্রশংসা চাটুকারে, তেজ-ক্রোধ, দেশপ্রম এবং দেশদ্রোহিতার স্তরে নেমে আসতে পারে। নাতিশীতোষ্ণ তাপমাত্রা যেমন সবার পছন্দ তেমনি সুরের মধ্যে পঞ্চম স্বরই মিষ্ট এবং শ্রেষ্ঠ। প্রত্যেকের উচিত খাওয়া-দাওয়া, চাওয়া-পাওয়া, চিন্তা-চেতনা, আশা-প্রত্যাশা, আগ্রহ-আকাক্সক্ষার ক্ষেত্রে একটা পরিমিত বোধ মেনে চলা। অধিক ভোজন অধিকাংশ রোগ বালাইয়ের কারণ। পরিমিত আহার শরীর ও মনের জন্য অপরিহার্য।

মাত্রাতিরিক্ত চাহিদা, সরবরাহে সমস্যা সৃষ্টি করে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অধিক পরিশ্রমে মন ও শরীর ভেঙে পড়ে। অতি কথনে মিথ্যার আশ্রয় নিতে হয়। অতিরিক্ত সব কিছু খারাপ। সবার জানা থাকা দরকার, অতি ভক্তি চোরের লক্ষণ। এই প্রবাদ কিন্তু এখনো চালু আছে। বাড়াবাড়ি কখনোই সুখকর হয় না। অতি উত্তেজিত ব্যক্তির হার্টবিট ও রক্তের চাপ বাড়ে। অতি দ্রুত চলাচলকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সমূহ বিপদের কারণ ঘটাতে পারে। চলন-বলনে আচার-ব্যবহারে মধ্যম পন্থা অবলম্বনই সেরা অভ্যাস বলে বিবেচিত। আনন্দ-সর্বনাশের অধিক উচ্ছ্বাস কিংবা অতিশোকে কাতর হতে নেই। আনন্দের পরে বিষাদ আসছে। আর বিষাদের পর আনন্দ আসবে এই বোধ ও বিশ্বাসে সব পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করা বা রাখার উপকারিতা অস্বীকার করা যায় না।

ভগবদগীতায় (অধ্যায়-২ শ্লোক-১৫) যেমন বলা হয়েছে ‘best (Arjuna), the person who is not disturbed by happiness and distress and is steady in both is certainly eligible for liberation.’ মধ্যপন্থা অবলম্বনে ঝুঁকি কম। মধ্যমে অবস্থানে থাকলে উঁচুমাত্রায় উঠতে যেমন সুবিধা হয়, নিচু মাত্রায় নামার ক্ষেত্রেও অসুবিধা হয় না। অথচ অতি নিম্নমাত্রায় থাকলে তাকে মধ্যপন্থা পেরিয়ে উচ্চপন্থায় যেতে বেশ বেগ পেতে হয়। আবার উচ্চপন্থা থেকে মধ্যপন্থা হয়ে নিম্নপন্থায় নামতেও বেশ বিব্রতকর হতে হয়। বিশ্বাস ও বয়ানে মধ্যপন্থা নিরাপদ ও সুশ্রাব্য। কোকিলের স্বর পঞ্চম ও মধ্যমানের তাই এত মিষ্ট। পক্ষান্তরে কাকের স¦র সপ্তম, কর্কশ, সুশ্রাব্য নয়। মধ্যপন্থার সুর বা স্বর সহজে অন্যের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। পক্ষান্তরে উচ্চ গ্রামের গান বা কথাবার্তা অশ্রাব্য ও ঝগড়া বাদানুবাদের ভাষা। চরম অবস্থান গ্রহণে সহজে সমঝোতা হয় না। সমাধান খুঁজে পাওয়া কষ্টকর হয়। মিষ্টি সুরের গান বা কথা সব সময়ই মোলায়েম ও কোমল প্রশান্তির পরিচয় তুলে ধরে, আনন্দ ও উপভোগের সুযোগ সৃষ্টি করে।

যারা প্রকৃত বুদ্ধিমান, তারা আজকের ঘটনা নিয়ে আজই ভাবেন না। এটি তারা ভেবেছিলেন, বেশ কিছুদিন আগে। আজ যা ভাবছেন, তা আজকের জন্য নয় ভাববেন, বেশ কিছুদিন পরের জন্য। যারা ‘তাৎক্ষণিক’ ঘটনায় আপ্লুত, বিমোহিত, বিমর্ষ কিংবা উৎফুল্ল হন তাঁরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা পোষণে সক্ষম বলে মনে হয় না। সময় যেহেতু দ্রুত পরিবর্তনশীল, সেহেতু তাৎক্ষণিক বলে কিছু নেই। ‘তাৎক্ষণিক’ ঘটনায় চূড়ান্ত সবকিছু ভাবা সঠিক নয়। ‘তাৎক্ষণিক’ ঘটনা কিন্তু ‘তাৎক্ষণিক’ নয়, এটি সময়ের ধারাবাহিকতার একটি অংশ। সে কারণে তাৎক্ষণিকই চূড়ান্ত নয়। অতীতের অভিজ্ঞতা বর্তমানের কার্যকরণকে এবং ভবিষ্যতের প্রতি দৃষ্টিক্ষেপে প্রভাব ফেলতে বাধ্য। সুতরাং বর্তমানের ঘটনাকে সতর্ক ও সংহত ও সংযমের সাথে গ্রহণ করা উচিত। পরবর্তী সময় কী ঘটে তার জন্য। এটা করতে পারলে ভূমিকম্পের ভয় ও উত্তেজনা পরিহার করা সম্ভব। প্রতিশোধ স্পৃহা থেকে বাড়াবাড়ি, সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রয়াসকে অসম্ভব করে তুলতে পারে। কেউ অত্যাচারিত হলে, প্রতিশোধ গ্রহণের প্রশ্ন আসে। কিন্তু এই প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে সাম্যের সীমা লঙ্ঘিত হলে, প্রতিশোধ গ্রহণও অত্যাচারে পর্যবসিত হতে পারে। প্রতিশোধ প্রতিরোধের ক্ষেত্রে সীমা লঙ্ঘিত হলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে বাধ্য এবং যা সামাজিক ভারসাম্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অতি বর্ষণে বন্যা হয়, অধিক শীতে কাতর হয়, অতি গরমে হাঁসফাঁস করে সবাই। সবারই স্বপ্ন থাকে বসন্তের বাতাস, নাতিশীতোষ্ণ নিরপেক্ষ পরিবেশ, পরিমিত বর্ষা আর মধ্যম বা পঞ্চম সুরের গান।

ভূমিকম্প অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় সবচেয়ে অপ্রত্যাশিত, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ধ্বংসাত্মক বলেই বাংলাদেশে অন্য সব দুর্যোগের তুলনায় ভিন্ন বৈশিষ্ট্য, তীব্রতা ও ঝুঁকি বহন করে। ঘূর্ণিঝড় বা বন্যার মতো আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ কম থাকায় ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ পুরোপুরি করা যায় না, কমানো যায়। সে কারণে আগাম আশংকায় বর্তমানের বিদ্যায়তন পরীক্ষা বন্ধ করা, রাজধানী শহর থেকে সরে পড়া সবই বর্তমান ও ভবিষ্যৎ অর্থনীতির জন্য দুঃসংবাদ বয়ে আনবে। ভূমিকম্প প্রতিরোধ নয়, ক্ষয়ক্ষতি কমানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ ব্যাপারে শুধু সরকার নয়, সবারই দায়িত্ব রয়েছে। বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করা এবং রাজউক, সিটি করপোরেশন ও স্থানীয় কর্র্তৃপক্ষের মনিটরিং নিশ্চিত করা জরুরি। আরও জরুরি পুরনো স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনগুলো পুনর্মূল্যায়ন করে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ও রেট্রোফিটিং করা। দেশে আরও সিসমিক স্টেশন, ভূপ্রযুক্তি গবেষণাগার ও আঞ্চলিক মনিটরিং সিস্টেম প্রয়োজন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও সিভিল ডিফেন্সকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে শক্তিশালী করা উচিত হবে। স্কুল ও অফিসে নিয়মিত ভূমিকম্প মহড়া বাধ্যতামূলক করা উচিত। মিডিয়া ও সরকারি প্রচারণার মাধ্যমে জনগণকে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।

লেখক: অনুচিন্তক

mazid.muhammad@gmail.com