যদিও বাংলাদেশ ও চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের বয়স সবে ৫১ বছর স্পর্শ করেছে, তথাপি, বাস্তবে চীন ও বাংলাদেশ বহু শত বছরের মৈত্রীর বাঁধনে বাঁধা। প্রাচীন আমল থেকেই দু’দেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতার এক নিরবচ্ছিন্ন সম্পর্ক বিদ্যমান। এমনকি বাংলার সুপ্রাচীন ইতিহাস বিনির্মাণে প্রাচীন চীনা পরিব্রাজক ফা হিয়েন, হিউয়েন সাংয়ের বর্ণনাসমূহ আমাদের পথ দেখিয়ে চলেছে। চীনা সূত্রসমষ্টির বর্ণনায় বাংলার প্রাচীন ও মধ্যযুগের রাজনীতি, সমাজচিত্র ও অর্থনীতি সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়, যা দু’দেশের গভীর সংযোগের একটি স্থায়ী ভিত্তির মতো কাজ করে চলেছে। চীনা বর্ণনায় বাংলার মানুষের সততা, কর্মকুশলতার স্বীকৃতি বার বার প্রকাশিত হয়েছে।যদিও বাংলাদেশ ও চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের বয়স সবে ৫১ বছর স্পর্শ করেছে, তথাপি, বাস্তবে চীন ও বাংলাদেশ বহু শত বছরের মৈত্রীর বাঁধনে বাঁধা।
প্রাচীন আমল থেকেই দু’দেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতার এক নিরবচ্ছিন্ন সম্পর্ক বিদ্যমান। এমনকি বাংলার সুপ্রাচীন ইতিহাস বিনির্মাণে প্রাচীন চীনা পরিব্রাজক ফা হিয়েন, হিউয়েন সাংয়ের বর্ণনাসমূহ আমাদের পথ দেখিয়ে চলেছে। চীনা সূত্রসমষ্টির বর্ণনায় বাংলার প্রাচীন ও মধ্যযুগের রাজনীতি, সমাজচিত্র ও অর্থনীতি সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়, যা দু’দেশের গভীর সংযোগের একটি স্থায়ী ভিত্তির মতো কাজ করে চলেছে। চীনা বর্ণনায় বাংলার মানুষের সততা, কর্মকুশলতার স্বীকৃতি বার বার প্রকাশিত হয়েছে।পৃথিবীতে খুব কম দেশের ক্ষেত্রেই একটি বৃহৎ শক্তির নিকটবর্তী একটি ছোট দেশের মধ্যকার সম্পর্ক আগাগোড়া সৌহার্দপূর্ণ থেকেছে। এক্ষেত্রে বাংলাদেশ ও চীনের নজির বিশ্বে বিরল। বেশিরভাগ ক্ষেত্রেই বড় দেশের সাথে আশেপাশের ছোট দেশগুলোর মধ্যে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্ক থাকে না। শুরু থেকেই বাংলাদেশ ও চীন সেক্ষেত্রে ব্যতিক্রমী নজির স্থাপন করে চলেছে। মধ্যযুগে বাংলা সালতানাতের আমলে চীনের সম্রাটের প্রতি বাংলার সুলতানের প্রেরিত জিরাফ থেকে শুরু করে হালে বাংলাদেশের প্রায় সব পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার-বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক সর্বদায় বৈষয়িকতার ঊর্ধ্বে সম্প্রীতি ও সহমর্মিতার দ্যোতনা সংযুক্ত থেকেছে। ইতোমধ্যে উভয়দেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে সুপ্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ একে উষ্ণতার সাথে গ্রহণ করেছে।
প্রায় পাঁচ দশক আগে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের মাটিতে পা রেখেছিলেন নতুন এক সম্পর্কের ভিত্তি গড়তে। আজ তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই একই পথে হাঁটতে যাচ্ছেন। তবে এবার দাঁড়িপাল্লায় আরও বড় কিছু। ১৯৭৭ সালে প্রেসিন্ডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর জিয়াউর রহমান যখন চীন সফরে গিয়েছিলেন, তখন বাংলাদেশ ছিল ভাঙ্গনের মুখে দাঁড়ানো একটি শিশু রাষ্ট্র। সেই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হয় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নতুন গ্রহণযোগ্যতা পায়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরালো হয়েছে। তিনি ১৯৯১, ২০০২ ও ২০০৫ সালে চীন সফর করেন।
২০০২ সালে বেগম জিয়ার সময়সীমায় বাংলাদেশ ও চীন একটি সামরিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে চীন প্রস্তুত। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের মাধ্যমে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উম্মোচন করবে, এটাই প্রত্যাশা। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত চীন সফরকালে ঢাকা-বেইজিং বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে তিনটি প্রধান কাঠামোর আওতায় মোট ২৩টি খাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। উক্ত বৈঠকে চীনা বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, চীনা অর্থনৈতিক অঞ্চল, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), ডিজিটাল অর্থনীতি, কৃষি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বিনিময়, বেসামরিক ও সামরিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের গৃহযুদ্ধ নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেতে পারে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) প্রণীত খসড়া পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে ডিজিটাল অর্থনীতি, ক্লাউড কম্পিউটিং, তথ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি উদ্ভাবন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক ডিজিটাল অর্থনীতি সহযোগিতা উদ্যোগে যুক্ত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
প্রস্তাবে সবুজ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, কম-কার্বন অর্থনীতি, জনস্বাস্থ্য, চিকিৎসা প্রযুক্তি এবং ঔষধ শিল্পে সহযোগিতা সম্প্রসারণের কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি কৃষি, জ্বালানি, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় নতুন প্রকল্প ও সমন্বয় কাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। শিক্ষা ও গবেষণা খাতে দু’দেশের শিক্ষাবিদ, গবেষক ও থিঙ্ক-ট্যাংকগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আগে যেখানে বিআরআই মূলত সড়ক, সেতু, বন্দর ও বিদ্যুৎকেন্দ্র ভিত্তিক ছিল, সেখানে নতুন পরিকল্পনায় প্রযুক্তি, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে। প্রধানমন্ত্রীর সফরে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হলে তা দু’দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। সফরের অন্যতম আলোচ্য বিষয় হতে যাচ্ছে দু’দেশের মধ্যকার সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি, দু’দেশের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা সংক্রান্ত এমওইউ স্বাক্ষর করা ও ভাইস ভার্সা ভিত্তিতে চীনের ব্যাংকগুলিকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ দেবার প্রস্তাব দিয়েছে চীন। চীন থেকে বিপুল আমদানির বিপরীতে বাংলাদেশি পণ্যের জন্য চীনা বাজারে বিলিয়ন ডলারের যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে, তা আমাদের রপ্তানিকারকরা কতটা কাজে লাগাতে পারবে, সেটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের চীনা বাজারে প্রবেশের জন্য রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ ও যথাযথ মান বজায় রাখতে হবে।
ইতোপূর্বে, চীন সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করলেও বিভিন্ন দেশের বহুমুখী অন্যায্য চাপের কারণে তৎকালীন সরকার সে প্রকল্প থেকে সরে আসে। বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি চীনা সহযোগিতায় সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্পও এগিয়ে নেয়া গেলে দেশের সামুদ্রিক বাণিজ্য, বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে বেইজিংয়ে বিনিয়োগ বিষয়ক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সরকার বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার জন্য কাজ করছে। এর মধ্যে রয়েছে ঢাকার কেরানীগঞ্জ ইকোনমিক জোনে চীনা কোম্পানি হান্ডা গ্রুপের জন্য জমি বরাদ্দ এবং চট্টগ্রামে চীনা ইকোনমিক জোনে চীনা ডেভেলপার নিয়োগ বিষয়ক চুক্তি। একই সঙ্গে স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকা-ে গতি ফেরাতে মংলা বন্দর আধুনিকায়নসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। এদিকে মোংলা পোর্টের কাছে আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে চীন।
চীনের নেতৃত্বাধীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে বড় অংকের বাজেট সহায়তা পাওয়ার বিষয়ে গুরুত্ব দেবে ঢাকা। ইআরডি সূত্রে জানা যায়, চীন সরকারের অর্থায়নে অপেক্ষায় থাকা প্রকল্প রয়েছে ৯টি। এসব প্রকল্পে ঋণ প্রস্তাব রয়েছে ৪.৩৪ বিলিয়ন ডলার। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো: তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, মোংলা পোর্টের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন, চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল এবং ডিজিটাল সংযোগ স্থাপন। এআইআইবি অর্থায়নের অপেক্ষায় রয়েছে ১৭টি প্রকল্প। এসব প্রকল্পে ৩.৮ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব রয়েছে বাংলাদেশের। এর মধ্যে দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য ৯০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রস্তাব রয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: প্রতিটি ২৫০০-৩০০০টিইইউ ধারণ ক্ষমতা সম্পন্ন (ছয়টি) নতুন সেলুলার কন্টেইনার জাহাজ ক্রয়, বিআরইবি নেটওয়ার্কের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) ও বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) নেটওয়ার্কের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি (রাজশাহী-রংপুর বিভাগ)। এছাড়াও ৯০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা প্রস্তাবটির মধ্যে ৫০০ মিলিয়ন ডলার চাওয়া হবে ক্লাইমেট রিজিলেন্ট এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিন এনার্জি প্রোগ্রামের জন্য এবং ৪০০ মিলিয়ন ডলার চাওয়া হবে ওয়াটার রিজিলেন্স এন্ড ক্লাইমেন্ট-স্মার্ট আরবান ডেলিভারি প্রোগ্রামের জন্য। এছাড়াও, এনডিবির অর্থায়নের তালিকায় রয়েছে আরও ৭টি প্রকল্প। এসব প্রকল্পে ১.২ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব রয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়াল গেজ রেললাইন নির্মাণ, তিতাস গ্যাসের প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্কের ধারণ ক্ষমতা ও সরবারহ দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং ঢাকা ও নারায়ণগঞ্জ গ্যাস নেটওয়ার্ক পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। দেশের দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিআরআইয়ের আওতায় কিছু গণমুখী প্রকল্প গ্রহণের বিষয় সক্রিয় বিবেচনাধীন আছে। বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদ ১-২ শতাংশ হ্রাস করার অনুরোধ জানাতে পারে। এছাড়াও, চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, চিপ উৎপাদন এবং সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তা কামনা করতে পারে। এটি যদি সম্ভব হয়, তাহলে বাংলাদেশে চীনের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা সহজ হবে। এর মাধ্যমে বাংলাদেশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং দেশের যুবসম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চীনই একমাত্র দেশ যারা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে সক্ষম। কারণ, তারা অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা সামরিক সবদিক থেকেই এখন শীর্ষে অবস্থান করছে এবং আগামী দিনে তারা বিশ্বকে নেতৃত্ব দেবে।
চীন তার জটিল পানি সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছে। দেশটির মতো আমাদেরও একই সমস্যা রয়েছে। বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কারে চীনের বহুমুখী আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। হোয়াংহো নদীকে এক সময় বলা হতো চীনের দুঃখ। সেই নদীকে শাসন করে জিয়াংসু প্রদেশের সুফিয়ান সিটি গড়ে তুলেছে চীনা সরকার। মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহো নদী ও সুফিয়ান সিটির আদলে প্রস্তাবিত তিস্তা প্রকল্পের মাধ্যমে তিস্তার দুই পাড়কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। বাঁধের দুই পাড়ে থাকবে মেরিন ড্রাইভ। তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষি খামার। একই সঙ্গে নদীর দুইপাড়ে তিস্তা স্যাটেলাইট শহর গড়ার মহাপরিকল্পনাতো থাকছেই।
মহাপরিকল্পনায় আরও থাকছে তিস্তা নদীর ডান-বাম উভয় তীর ঘেঁষে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ, রিভার ড্রাইভ, হোটেল-মোটেল, পর্যটন কেন্দ্র, ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র, শিল্প কলকারখানা, ইপিজেড, কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার, বনায়ন ইত্যাদি। এতে পাল্টে যাবে তিস্তা পাড়ের লাখো মানুষের জীবনমান। ২৩৪ বছর বয়সী তিস্তার প্রবাহ উত্তর বঙ্গের পাঁচটি জেলার বুক চিরে প্রতি বছরই ডেকে আনছে বন্যা ও খরা। এতে মানুষের দীর্ঘশ্বাস ভারী হচ্ছে, প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে দুই পাড়ের জীবন চক্র। নদী পাড়ের মানুষের বসতভিটা, ফলফলাদি, সুখণ্ডশান্তি কেড়ে নেয়া তিস্তা নিজেও ভালো নেই। শুকনো মৌসুমে তিস্তার চারদিকে দেখা যায় ধু-ধু বালুচর। আবার বর্ষাকালে প্রবল পানির তোড়ে ঝুঁকির মুখে পড়ে তিস্তা তীরবর্তী মানুষ। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে তিস্তা রিভার কমপ্রিহেনসিভম্যানেজমেন্ট এন্ড রেস্টোরেশন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে। ইতিহাস কখনো কখনো বৃত্তাকারে আসে, তবে প্রতিবার নতুন প্রতিশ্রুতি নিয়ে। এ সফর সফল হলে তিস্তা পাড়ের মানুষের জীবন বদলে যেতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১-২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করবেন। পরবর্তীতে চীন সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং চীনা সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পক্ষের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করবেন। আমরা আশা করছি, কৌশলগত স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ভারত, চীন ও যুক্তরাষ্ট্র: এই তিন শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। বাংলাদেশের স্বার্থ সব দেশের সঙ্গেই জড়িত, এটি আমাদের মনে রাখা জরুরি। বর্তমানে বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আঞ্চলিক অস্থিরতা ও অর্থনৈতিক উন্নয়নে বাধা, আইন ও নীতিমালার ঘাটতি এবং ক্রমবর্ধমান শাসন ব্যবস্থাপনার অভাব বিদ্যমান। মানবজাতি আবারও ‘শান্তি না যুদ্ধ’, ‘সংলাপ না সংঘাত’, ‘উইন-উইন কো-অপারেশন না জিরো-সাম-গেম’, এ ধরনের প্রশ্নের মুখোমুখি। শান্তি ও উন্নয়ন সমুন্নত রাখা, জাতিসংঘ সনদ সংরক্ষণ এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা কেবল আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি প্রত্যাশাই নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্বও বটে। যেকোন আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার উক্ত বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করবে বলে আমরা প্রত্যাশা করছি।
২০২৫ সালে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের তিয়ানজিন সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই) প্রস্তাব করেন। জিজিআইয়ের পাঁচটি মূলধারণা হচ্ছে: সার্বভৌম সমতা বজায় রাখতে হবে। আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলতে হবে। বহুপক্ষীয়তা অনুশীলন করতে হবে। জনকেন্দ্রিকতার পক্ষে কথা বলতে হবে এবং কর্মমুখীকরণের ওপর মনোনিবেশ করতে হবে। জিজিআই প্রস্তাবটি, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের (জিসিআই) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ এবং উদ্যোগটি অশান্ত বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা বজায় রাখা এবং বৈশ্বিক সুশাসন ব্যবস্থার উন্নয়নে চীনের প্রজ্ঞা ও সমাধানকে আরো বেশি অর্থবহ করে তুলতে ভূমিকা রাখে। উক্ত উদ্যোগসমূহ বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসন ব্যবস্থা, উন্নয়ন, কৌশলগত নিরাপত্তা, সামাজিক বিকাশ ও বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে, বর্তমান সরকার চীনের আলোচ্য বৈশ্বিক উদ্যোগসমূহের সাথে পর্যায়ক্রমে যুক্ত হবার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করতে পারে।রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে অতিদ্রুত অর্থবহ সংলাপ আয়োজনে চীনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। খনিজ সম্পদে সমৃদ্ধ মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী দেশ। সুপ্রাচীন কাল থেকে মিয়ানমারের (সাবেক বার্মা) সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান ছিল। রোহিঙ্গা সমস্যা সমাধানের বাস্তবধর্মী আলোচনার পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সমন্বয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়টি তিনটি দেশের সরকারই সক্রিয়ভাবে বিবেচনা করতে পারে।
আঞ্চলিক সহযোগিতার বহুমুখী ও সর্বোচ্চ ব্যবহারের স্বার্থে চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মিন্দালয়ের মধ্য দিয়ে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথ ও রেললাইন নির্মাণের জন্য বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সমন্বয়ে ‘বিসিএম-অর্থনৈতিক করিডর’ নির্মাণ করার বিষয়ে তিনটি দেশের মধ্যে বাস্তবধর্মী সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে চীনকে যথাযথ ডিপ্লোমেটিক ইনিশিয়েটিভ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘মিয়ানমার ডেস্ক’ নামে বিশেষ একটি শাখা স্থাপন করতে পারে। এ পরিকল্পনার যথাযথ প্রয়োগের মাধ্যমে তিনটি দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, নতুন কর্মসংস্থান, ট্যুরিজম, ব্লু-ইকোনমি ব্যবস্থাপনা এবং প্রতিটি দেশের মানুষের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পাবে, যা আর্থিক, সামাজিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করবে। আশা করা যায়, পর্যায়ক্রমে চলমান সীমান্ত বিরোধ হ্রাস পাবে এবং চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। প্রস্তাবিত বিসিএম-অর্থনৈতিক করিডরটি রিজিওনাল হাব হিসেবে কাজ করতে পারে, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন আসিয়ানের সাথে যোগাযোগের চমৎকার নজির সৃষ্টি করবে। বিশ্ববাণিজ্যের অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর প্রস্তাবিত চীন সফরে এ বিষয়ে চীনের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করতে পারেন। এতে ভবিষ্যতে মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান বিভিন্ন সমস্যা ও উত্তেজনা পর্যায়ক্রমে প্রশমিত হবে বলে আশা করা যায়।
তাইওয়ান দ্বীপপুঞ্জ চীনের মূলভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের পূর্ববর্তী সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও চীনের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ায় এবং রক্ষায় চীনের এক-চীন নীতিকে সমর্থন জানাবে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী তাঁর চীন সফরে চীনের ‘এক চীন নীতি’কে পুনরায় সমর্থন জানিয়ে সুস্পষ্ট বক্তব্য দেবেন।বাংলাদেশ ও চীন এখন সম্পর্কের নতুন এক ঐতিহাসিক সূচনাবিন্দুতে দাঁড়িয়ে আছে। আমাদের আধুনিকায়নের প্রয়াসে চীন বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে প্রস্তুত। চীন বাংলাদেশের অন্যতম ঘনিষ্ট ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিতে উভয়দেশের নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও চীনের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর দুদেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমরাও চাই, ‘সবার আগে বাংলাদেশ’-এর স্বার্থ নিশ্চিত হোক। যেকোন আন্তর্জাতিক চুক্তি, বিনিয়োগ বা কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। লেখক: নির্বাহী পরিচালক, সেন্টার ফর ইষ্ট এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ
