শিক্ষায় প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ হয় না, এটি বাস্তবতা। কিন্তু বরাদ্দ কমানোর প্রবণতা বেগবান হবে, এমনটা কিছুতেই প্রত্যাশিত নয়। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, সংস্থার সদস্য ১৮৯ দেশের মধ্যে যে ১০টি দেশ অর্থনীতির আকারের বিবেচনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তাদের অন্যতম। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশের কম বরাদ্দ থাকে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় শিক্ষা খাতে যে বরাদ্দ ধরা হয়েছিল, তা গত ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দের চেয়ে ৯ দশমিক ৪২ শতাংশ কম। এ নিয়ে সমালোচনা হয় অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের পক্ষ থেকে।
এ বাস্তবতার মধ্যেই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) শিক্ষা খাতে বরাদ্দ কমানো হচ্ছে আরও প্রায় ১০ হাজার কোটি টাকা। \r\nশিক্ষা নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, শিক্ষা খাতে আমাদের বরাদ্দ এমনিতেই লজ্জাজনক কম। এমনকি অর্থনীতির আকারের বিবেচনায় দক্ষিণ এশিয়ার মধ্যেও বাংলাদেশের মতো এত কম বরাদ্দ আর কোনো দেশের নেই। এত কম বরাদ্দের পরও মাঝপথে এসে তা আবারও ছেঁটে ফেলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটার বড় কারণ হচ্ছে, আমাদের নীতি প্রণেতারা শিক্ষায় বিনিয়োগকে সাধারণ নিছক একটা বরাদ্দই মনে করেন। এটা যে মানবসম্পদ উন্নয়নের বিরাট হাতিয়ার, সেটা শুধু কর্তৃত্ববাদী সরকারই নয়, প্রকৃতপক্ষে কোনো সরকারই আমলে নেয়নি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এ বিষয়ে বড় একটা আশা করেছিলাম। কিন্তু তারাও সেই সীমাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারল না। \r\nবলাবাহুল্য, শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগে অনীহার কারণে দেশের শিক্ষার মান নিম্নমুখী। উল্লেখ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা ও গত ৫ মাসের বাস্তবায়ন পরিস্থিতি বিশ্লেষণ করে আরএডিপি বরাদ্দের খসড়া তৈরি করে থাকে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের এই খসড়া প্রস্তাবের ওপর পর্যালোচনা শেষে আরএডিপি অনুমোদন দিয়ে থাকে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।\r\nচব্বিশের গণ-অভ্যুত্থানে পর শিক্ষায় সংস্কার সবচেয়ে প্রত্যাশিত জনআকাক্সক্ষা হলেও এ খাতে সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। বরং বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা খাতে আগের বছরের তুলনায় বরাদ্দ কমেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ শিক্ষায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশের মধ্যে বরাদ্দের বৃত্তে আটকে আছে। অথচ একটি দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে যে মানসম্মত শিক্ষা দেওয়া আবশ্যক, সে জন্য এ খাতে জিডিপির অন্তত ৫ থেকে ৬ শতাংশ ব্যয় করা প্রয়োজন।\r\nসরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকটও গ্রাম এবং দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়বিমুখ করার ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার উল্টোযাত্রা আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য অশনিসংকেত। অনিশ্চয়তা কাটিয়ে অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফেরানো না গেলে দারিদ্র্য এবং শিক্ষার্থী ঝরে পড়ার দুষ্টচক্র থেকে বের হয়ে আসা সম্ভব নয়। সরকারকে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে।
