গত ১৩ নভেম্বর বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ঘোষণা করেছেন। আদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ঘোষণার পর বৃহৎত্তম দল বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছে। পরদিন জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষা করা হয়েছে। এই ভাষণের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন। জামায়াতের এই বক্তব্যে কিছুটা অভিমানের সুর থাকলেও খুব একটা বিরোধিতা পরিলক্ষিত হয়নি। অন্যদিকে, এনসিপিও তেমন একটা বিরোধিতা করেনি।
এসব প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে কিছুটা মতভিন্নতা থাকলেও তা গ্রহণযোগ্য হয়েছে। এর কারণ, জুলাই সনদে সব দলের চাওয়াকে প্রাধান্য দিয়ে ভারসাম্য রক্ষা করা হয়েছে। গণতন্ত্রে মতপ্রকাশ ও মতভিন্নতা থাকা স্বাভাবিক। সবাই একমত হবে, এমন আশা করা বা বাধ্যবাধকতা নেই। তবে জাতীয় ইস্যুতে ভিন্নমত থাকা সত্ত্বেও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণই মূল কথা। এ আলোকেই অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে। গণভোট হওয়া নিয়ে সবদলই একমত। তবে গণভোট হওয়ার সময় নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির ভিন্নমত ছিল। বিএনপির দাবি ছিল, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করা হোক। এর যুক্তি হিসেবে দলটি বলে, স্বল্পতম সময়ের ব্যবধানে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করলে তাতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিঘœ সৃষ্টি হতে পারে এবং পরপর দুটি নির্বাচন করতে গেলে খরচ বেড়ে যাবে। একসাথে করলে এক খরচে দুইটি নির্বাচন হবে এবং সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে। বিএনপির এই অভিমত গ্রহণযোগ্য হয়েছে। সরকারও বিষয়টিকে যৌক্তিক মনে করেছে। অন্যদিকে, জামায়াত ও তার সমমনা দলগুলো নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি নিয়ে মাঠে নামে। এ নিয়ে তারা আন্দোলনও করে। নভেম্বরে গণভোট আয়োজন নিয়ে তারা তেমন সাড়া পায়নি। যদিও জামায়াত বলেছে, নব্বই শতাংশ দল নভেম্বরে নির্বাচন চেয়েছে। বিএনপি বাদে এই নব্বই শতাংশ দলের জনসমর্থন কতটা রয়েছে, তা বোধকরি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। জামায়াত ছাড়া এসব দলের এক পার্সেন্ট ভোট আছে কিনা, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। জামায়াত ও এসব দল মিলে বিএনপির ভোটের হারের কাছাকাছিও যেতে পারবে না। অন্তর্বর্তী সরকার এ বাস্তবতা যে অবগত, তা বলা বাহুল্য। ফলে সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
দুই. দেশে বড় ধরনের জটিলতা সৃষ্টি না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ঘোষণার পর দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। রাজধানীসহ সারাদেশ এখন নির্বাচনী উচ্ছ্বাসে ভাসছে। দলের প্রার্থী ও সমর্থকরা জোরেসোরে প্রচার-প্রচারণায় নেমেছে। গত শুক্রবার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ঘোষণার পরদিন রাজধানীর চিত্র বদলে গেছে। প্রত্যেক এলাকায় প্রার্থী ও সমর্থকরা যার যার প্রচারণা কাজে নেমে পড়ে। জুমার নামাজের পর দেখলাম, ইনকিলাব অফিসের সামনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকরা গান বাজিয়ে প্রতীক হাতে নিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য শ্লোগান ও মিছিল করছে। ‘ধানের শীষে ভোট দিন’ শ্লোগানে শ্লোগানে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠে।
ভোটের এমন স্বতঃস্ফূর্ত দৃশ্য বিগত দেড় দশকে নতুন প্রজন্মের দেখার সুযোগ হয়নি। যাদের বয়স এখন ৩৫, তাদের দেখেনি। তারা দেখেছে, আগে থেকে নির্বাচনের ফল নির্ধারণ করা ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রচার-প্রচারণার নাটক। দেড় দশক পর এ প্রজন্ম ভোটের এমন উৎসবমুখর পরিবেশ দেখছে। সর্বত্রই এখন ভোটের আলাপ-আলোচনা। শহরে, গ্রামে-গঞ্জে, মানুষ ভোট নিয়ে হিসাব-নিকাষ করছে। প্রার্থীদের ভালো-মন্দ এবং তাদের জয়-পরাজয় নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে। কোন দলের কোন প্রার্থী ভালো হয়েছে, কে এগিয়ে, এমন প্রেডিকশন চলছে। দলগতভাবে কোন দল এগিয়ে এবং নির্বাচন হলে কে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে, তার আগাম মতামত তুলে ধরছে। চলতে ফিরতে নির্বাচন নিয়ে অনেকের সাথেই কথা হয়। নির্বাচন হবে কিনা, এমন একটি সংশয় সচেতন শ্রেণীর মধ্যে রয়েছে।
নির্বাচন হলে কে ক্ষমতায় যেতে পারে, তা নিয়েও সংশয় রয়েছে। তাদের এই সংশয়ের কারণ, দুর্বল অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলÑ বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যকার পারস্পরিক বিরোধ। তাদের কেউ কেউ মনে করেন, এই বিরোধ তৃতীয় শক্তির হস্তক্ষেপের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। যদি তাই হয়, তাহলে নির্বাচন হওয়া দূরে থাক, দেশ এক গভীর সংকটের মধ্যে নিপতিত হবে। দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। এই অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যেই দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন মূলত দুইটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে। একটি বিএনপি, অন্যটি জামায়াতে ইসলামী। নির্বাচন হলে স্বাভাবিকভাবে বিএনপির ক্ষমতায় যাওয়া নিয়ে সংশয় থাকার কথা নয়। তবে অনেকের মধ্যে এখন এ সংশয় কাজ করছে।
এর কারণ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পরিকল্পিত ও সংগঠিত প্রচার-প্রচারণা এবং বিএনপিকে নেতিবাচকভাবে তুলে ধরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দলের একটা ‘হাইপ’ তুলতে পেরেছে। এই ‘হাইপ’-এ অনেকে বিভ্রান্ত হচ্ছে। তাদের মধ্যে বিএনপির জয়ের ব্যাপারে সংশয়ের জন্ম দিয়েছে। তবে এটা বোঝা যাচ্ছে, যাদের মধ্যে এ সংশয় কাজ করছে, তারা বিএনপিকে ভোট দিলেও তাদের মতে, অন্যরা না আবার ‘হাইপে’ বিভ্রান্ত হয়ে জামায়াতকে ভোট দিয়ে দেয়। তারা মনে করছে, জামায়াত অন্তত এ সংশয় সৃষ্টি করতে পেরেছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের এই ‘হাইপ’ তোলা বাস্তবতার সাথে কতটা মিল রয়েছে এবং বিএনপির ভোটের পার্সেন্টেজের সাথে তার যে ব্যবধান, তা কতটা কমাতে পারবে, এ নিয়েও সন্দেহ রয়েছে।
অন্যদিকে, ফ্রান্স প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্যÑ যিনি ভাবভঙ্গি ও অশ্লীল কথাবার্তা দিয়ে এমন ভাব প্রকাশ করেন, যেন তিনি মহাক্ষমতাধর এবং তার আঙ্গুলের হেলনে দেশ ও জাতি উঠবস করবে এবং কে ক্ষমতায় যাবে, কে যাবে না, সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে। এখন তার কাজ হয়ে দাঁড়িয়েছে, বিএনপির পি-ি চটকানো। ‘বিএনপি কেন পরাজিত হবে’, ‘কেন ক্ষমতায় যেতে পারবে না’ এবং বিএনপির নেতাদের কুৎসা রটানো ভিডিও প্রায় প্রতিনিয়ত তিনি বানিয়ে যাচ্ছেন, যা প্রকারন্তরে জামায়াতের হয়ে কাজ করা বোঝায়। সাম্প্রতিক সময়ে বিএনপির মতো জামায়াতকে নিয়ে একটি ভিডিও বানাতে তাকে দেখা যায়নি। অবশ্য বিএনপিকে নিয়ে বেশি কচলাকচলি করতে গিয়ে তার কথার মূল্যহীন হয়ে পড়েছে। তার কথা মনোটনাস বা একঘেয়ে হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বললেও কে ক্ষমতায় আসবে, তা তিনি বলেন না। অবশ্য তিনি না বললেও বুঝতে অসুবিধা হয় না, জামায়াত ক্ষমতায় আসবে, কৌশলে এই বয়ান দিচ্ছেন। বিএনপিকে ঠেকাতে এবং জামায়াতকে ক্ষমতায় আনতে পিনাকী প্রাণপণ লড়ে যাচ্ছেন। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, এখন তিনি এ মিশন নিয়ে নেমেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা এ কাজটি করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিন. আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলের প্রথম মেয়াদের পর থেকেই জামায়াত অনেকটা আত্মগোপনে চলে যায়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর দলটিকে রাজনীতির মাঠে সক্রিয় হতে দেখা যায়নি। এ সময় দলটি রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়ে নিজেদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। অনেকের মতে, জামায়াতের আত্মগোপনে চলে যাওয়া তার একটা কৌশল ছিল। প্রশ্ন আসতে পারে, বিএনপি যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে, জেল-জুলুম, খুন, গুম ও নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে, তখন বিশ দলের জোটে থেকেও জামায়াত কেন সক্রিয় থাকেনি? দলটি কী করেছে? অনেকের মতে, দলটি নিজের নেতাকর্মী ও জনশক্তি বাঁচাতে আন্দোলন-সংগ্রাম বাদ দিয়ে গোপনে দেশের প্রান্তিক পর্যায়ে সামাজিক কার্যক্রমে মনোনিবেশ করে।
২০১৩ সালের বিএনপির নেতৃত্বাধীন বিশ দলের প্রবল আন্দোলনের সময় জামায়াতের বেশ কিছু নেতাকর্মী আহত-নিহত হয়। দলটি যেহেতু নিজস্ব তৈরি কর্মীনির্ভর দল, তাই একজন নেতাকর্মী নিহত হওয়া দলটির জন্য অনেক ক্ষতিকর। ফলে আর যাতে নেতাকর্মী না হারায়, এ কারণে জামায়াত আন্দোলন-সংগ্রাম থেকে দূরে সরে রাজনীতির বাইরে গোপনে সামাজিক কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার স্টিম রোলারে পিষ্ট হতে থাকলেও আন্দোলন থেকে পিছ পা হয়নি। দলের প্রতিটি হাসিনাবিরোধী কর্মসূচিতে হামলা-মামলা, গ্রেফতার সর্বোপরি জীবনের মায়া ত্যাগ করে অংশগ্রহণ করেছে।
আমরা দেখেছি, ২০২৩ সালে বিএনপি যখন বিভাগীয় সমাবেশের ডাক দেয়, তখন কীভাবে বিএনপির নেতাকর্মীরা হাসিনার সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশে যোগ দেয়ার সকল পথ বন্ধ করে দিয়েছিল। আগে থেকে কীভাবে নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করেছে। তারপরও তারা পায়ে হেঁটে, নৌকায় করে, ভেলায় চড়ে অত্যন্ত কৌশলে সমাবেশের আগের দিন সমাবেশ স্থলে পৌঁছেছে। রাতে তারা সড়কে ঘুমিয়েছে। শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষও একইভাবে সমাবেশস্থলে যোগ দিয়েছে। অনেকে সমাবেশে যোগ দিতে শত কিলোমিটার হেঁটে যোগ দিয়েছে। এছাড়া, বিএনপির অসংখ্য নেতাকর্মী বছর জুড়ে গ্রেফতার এড়াতে ধান ক্ষেত, খড়ের গাঁদায়, বনে-জঙ্গলে রাত কাটিয়েছে। সেসব ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চ্যানেল ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের এই মানবেতর জীবনযাপন বিশ্ব মিডিয়ায়ও প্রকাশিত হয়েছে। সারাবিশ্ব দেখেছে, কীভাবে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকতে বৃহত্তম বিরোধীদল বিএনপির ওপর দমন প্রক্রিয়া চালিয়েছে। অথচ ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামীকে এভাবে দেখা যায়নি। বস্তুত, ’১৩-’১৪ সালের পর থেকেই দলটিকে আন্দোলনে দেখা যায়নি। বরং এটা দেখা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটিতে তার নেতাকর্মীদের অনেকে ঠাঁই পেয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে ছাত্রশিবিরের নেতা পদপদবী পেয়েছে। এসব ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আছে। ’২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত খোলস ছেড়ে প্রকাশ্যে আসে। এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তার ও তার সঙ্গী দলগুলোর দাবি না মানলে ফেব্রুয়ারির নির্বাচন হবে না বলে হুমকি দিয়েছে। দলটি এখন ক্ষমতায় যেতে মরিয়া। একদিকে, সরকারকে চাপে রাখতে আন্দোলনে আছে, অন্যদিকে নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিএনপিকে ঠেকাতে নানা মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটিয়ে যাচ্ছে। বিএনপিকে খাটো করে নিজেকে মহান করে তুলছে।
চার. গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকে বিএনপির পুরো মনোযোগ জাতীয় নির্বাচনের দিকে। নানা অপপ্রচার এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের মধ্যেও দলটি তার লক্ষ্যে অটুট রয়েছে। এজন্য দলটি ধৈর্য্য ও সহনশীলতার পরাকাষ্টা দেখাচ্ছে। সরকারের অনেক সিদ্ধান্ত পছন্দ না হলেও কিংবা চাপিয়ে দিলেও মেনে নিচ্ছে শুধু যথাসময়ে নির্বাচন হওয়ার স্বার্থে। দলটিকে একদিকে জামায়াতে ইসলামীর বিরোধিতা ও অপপ্রচার, অন্যদিকে জামায়াত প্রভাবিত অন্তর্বর্তী সরকারের নানা কূটচাল মোকাবেলা করতে হচ্ছে। বিএনপির এ আচরণ ও ভূমিকা বৃহৎ গণমুখী এবং দায়িত্বশীল দল হিসেবে সচেতন মহলে প্রশংসা পাচ্ছে। তবে নির্বাচনের বিজয় নিশ্চিত করতে এবং তার বিজয় নিয়ে অনেকের মনে যে সংশয় সৃষ্টি হয়েছে, তা দূর করার ক্ষেত্রে বিএনপির কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।
অন্যদিকে, জামায়াত চতুর্মুখী পদক্ষেপ নিয়েছে। বিএনপি ও সরকারকে চাপে রাখার পাশাপাশি তার প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে এবং পরিবার ও ভোটারদের নানা সুযোগ-সুবিধা দিয়ে তার অনুকূলে আনার চেষ্টা করছে। এ খবর লোকজনের মুখে শোনা যায়। বিএনপির প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করছে, কিংবা তাদের সুযোগ-সুবিধা দিচ্ছে, এ খবর খুব কম শোনা যায়। বলার অপেক্ষা রাখে না, যেকোনো নির্বাচনে বিজয়ী হতে হলে প্রার্থী ও তার সমর্থকদের ভোটাদের ঘরে ঘরে গিয়ে তাদের মন জয় করার বিকল্প নেই। আপাত দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে, বিএনপির প্রার্থীরা এক্ষেত্রে জামায়াতের প্রার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছে। বিএনপির হাইকমান্ডের উচিৎ হবে, এ ব্যাপারে তার প্রার্থী ও নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেয়া। নির্বাচনটি যেহেতু ক্ষমতায় যাওয়ার, তাই বিএনপিকে ক্ষমতার লড়াই করতে হবে। এজন্য, ভোটারদের মন জয় করার যত ধরনের কৌশল রয়েছে, তার সবই তাকে অবলম্বন করতে হবে। বিএনপির বিজয় নিয়ে তার প্রতিপক্ষ অপপ্রচার চালিয়ে অনেকের মনে দ্বিধা ও সংশয় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। কেন এ সংশয় সৃষ্টি হলো, দলটিকে তা অনুধাবন করে জনগণকে আশ্বস্ত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
darpan.journalist@gmail.com
