বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার গ্যাস দেশের জ্বালানি চাহিদা মেটাতে নতুন দিগন্তের সূচনা করতে পারে। কিন্তু এ প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোলা থেকে ২০২৩ সালের ডিসেম্বরে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সিলিন্ডারে ভরে ঢাকায় আনা শুরু হয়। এই প্রক্রিয়ায় খুব একটা লাভবান না হওয়ায় জ্বালানি বিভাগ রূপান্তর করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বানিয়ে জাহাজে করে ঢাকায় আনতে চায়। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশের শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি খাতে দৈনিক প্রায় ১০৫ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে, যা সব ক্ষেত্রের উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত ও বিপর্যস্ত করছে। এমন কঠিন বাস্তবতায় দ্বীপ জেলা ভোলায় আবিষ্কৃত গ্যাসকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সামনে আসছে।
কিন্তু প্রশ্ন হলো, এই গ্যাস ব্যবহারে আমরা কি সবচেয়ে যুক্তিসংগত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছি? জবাব হয়তো না। সিএনজি আকারে ভোলার গ্যাস ঢাকায় আনার উদ্যোগ যে ব্যর্থ হয়েছে, তা এখন আর গোপন নয়। \r\nআমরা জানি, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আধুনিক প্রাযুক্তিক অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন ব্যয় ও কারিগরি জটিলতা আমাদের রয়েছে। তদুপরি এই মডেল যে দেশীয় বাস্তবতায় টেকসই নয়, তা আবারো প্রমাণিত। অথচ সংশ্লিষ্ট দপ্তরের নীতিনির্ধারকগণ সেই ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়েই এখন আরো ব্যয়বহুল এলএনজি রূপান্তরের পথে হাঁটাছে তারা। অনুসন্ধানে জানতে পারি, ভোলার প্রতি ইউনিট গ্যাস নৌপথে রাজধানী ঢাকায় পৌছাতে খরচ হবে ৪৭ টাকা ৫০ পয়সা। যা দেশীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক।
জ্বালানি বিভাগেরই একসময় বক্তব্য ছিল, ভোলায় শিল্প স্থাপন করলে ৩০ টাকা ইউনিট দরে গ্যাস দেওয়া হবে। তারই প্রেক্ষিতে প্রাণ-আরএফএল, শেলটেক, প্রস্তাবিত সার কারখানা, বিসিক শিল্পনগরী কিংবা ইপিজেড-এসব বিনিয়োগ পরিকল্পনার মূল প্রেরণাই ছিল সহজলভ্য ও সাশ্রয়ী গ্যাস। সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই ভোলার গ্যাস ঢাকায় পাঠাতে মরিয়া একটি গোষ্ঠী। যদি এটি বাস্তবায়ন হয় তবে দ্বীপ জেলার শিল্পায়ন সম্ভাবনা হারিয়ে যাবে অস্তাচলে। \r\nআমরা মনে করি, এলএনজি বা সিএনজি-উভয়ই মূলত অন্তর্বর্তীকালীন ও ব্যয়বহুল সমাধান। এলএনজি পরিবহনে বছরে প্রায় ৯৩০ কোটি টাকা এবং ১০ বছরে ৯ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের হিসাব নিছক অঙ্ক নয়, এটি রাষ্ট্রীয় সম্পদের সম্ভাব্য অপচয়ের সুস্পষ্ট চিত্র। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাব এখানে যুক্তিসংগত বিকল্প হিসেবে বাস্তবায়ন করা যায়। ভোলায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন লাইনে ঢাকায় পাঠানো গেলে গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। বিদ্যুৎ ও গ্যাসের উভয় সংকট কিছুটা হলেও লাঘব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এতে নতুন কোনো ব্যয়বহুল পরিবহন অবকাঠামোর প্রয়োজন হবে না। দীর্ঘমেয়াদে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইনই হতে পারে সর্বোত্তম সমাধান, যদিও এটি সময়সাপেক্ষ। আমরা মনে করি, ভোলার প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে স্থানীয় শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন ও ভবিষ্যৎ পাইপলাইন-এই তিন স্তরে ভোলার গ্যাসের ব্যবহার পরিকল্পিত হলেই এটি জাতীয় সম্পদ হিসেবে সর্বোচ্চ সুফল দেবে।
