চাঁদাবাজি ও অরাজকতার ঘূর্ণিপাকে ঘুরছে দেশের পরিবহন খাত। সরকার আসে সরকার যায়, রাজনৈতিক পালাবদলে ক্ষমতার রং বদলেছে বহুবার। কিন্তু চাঁদাবাজির অসংস্কৃতি থেকে বের হতে পারেনি দেশের পরিবহন খাত। আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে সিন্ডিকেট এই সেক্টরকে জিম্মি করে রেখেছিল, অন্তর্বর্তী সরকারের সময়েও তার রূপ পরিবর্তন হলেও কার্যক্রম বন্ধ হয়নি। কেবল নাম বদলেছে, মুখ বদলেছে, কিন্তু পদ্ধতি ও পৃষ্ঠপোষকতা রয়ে গেছে আগের মতোই। এই অনিয়মের গলায় দড়ি বাঁধার এখনই উত্তম সময়।\r\nঅবৈধ চাঁদা আদায়ের যে তথ্য সম্প্রতি গণমাধ্যমে উঠে এসেছে, তা শুধু পিলে চমকে দেওয়ার মতো নয়, এটি রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার এক নির্লজ্জ দৃষ্টান্ত। আমরা মনে করি, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ না হলে কখনই শৃঙ্খলা আসবে না।

প্রতিদিন রাস্তায় নামা প্রতিটি বাস থেকে জিপি ও ওয়েবিল নামে চাঁদা আদায় হয়, যার পরিমাণ দূরত্ব ভেদে প্রতি ট্রিপে ৫০০-১০০০ টাকা পর্যন্ত। যা বছরে প্রায় ৩৬৩ কোটি টাকার ওপরে। এই মোটা অঙ্কের অর্থ কোনো রসিদ ছাড়াই মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের পকেটে চলে যায়।\r\nচাঁদাবাজি এখন এমন এক ওপেন সিক্রেট যেখানে পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও শ্রমিক সংগঠন সব পক্ষই কোনো না কোনোভাবে সুবিধাভোগী। এমনকি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও স্বীকার বলছেন, কেউ অভিযোগ না দিলে ব্যবস্থা নেওয়া কঠিন। পরিবহন সেক্টরে উন্মুক্ত চাঁদাবাজি চলছে পুলিশের নাকের ডগায়। দেশের আপামর জনগণ জানছে বুক ফুলিয়ে চাঁদাবাজি হচ্ছে, তখন সরকার বা প্রশাসনের নীরবতা কি অজ্ঞতা, নাকি ইচ্ছাকৃত উদাসীনতা, নাকি না দেখার ভান করা?

অবৈধ চাঁদাবাজি শুধু পরিবহন খাতের শৃঙ্খলা নষ্ট করছে না, এটি পুরো অর্থনীতিতে এক কালো টাকার স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তৈরি করছে চাঁদাবাজির অপসংস্কৃতি, যা সমাজের অন্য খাতেও নৈরাজ্যের জন্ম দিচ্ছে প্রতিনিয়ত। বিগত সময়ে কোন সরকারই চাঁদাবাজির বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। কারণ তারা এর সুবিধাভোগী ছিল। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তো চাঁদাবাজিকে অঘোষিত বৈধতা দিয়েছিল।\r\nএই অবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে প্রথম শর্ত হলো চাঁদাবাজি সিন্ডিকেটকে আইনের আওতায় আনা এবং পরিবহন খাতে একটি স্বচ্ছ, রসিদভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা চালু করা। বৈধ সংগঠনিক চাঁদা থাকতেই পারে, তবে তা অবশ্যই রসিদ ও নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে হবে। পাশাপাশি কোম্পানি ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু করা, প্রশিক্ষিত চালক তৈরি করা এবং বিআরটিএ ও ডিটিসিএকে প্রকৃত অর্থে জবাবদিহির আওতায় আনা এখন সময়ের দাবি। আমরা মনে করি, সরকার যদি এখনই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, তবে গণপরিবহন খাতের অরাজকতা দেশের স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে দেবে। সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলবে। অতএব সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদাবাজির অভিশাপ থেকে দেশের জনগণকে বাঁচানো।