৬ নভেম্বর ব্রাজিলের আমাজনে শুরু হয়েছে ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০)-পূর্ববর্তী বেলেম শীর্ষ সম্মেলন। সম্মেলনের আগের দিনগুলোতে আমি বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেছি, যাতে আমরা সবাই জলবায়ু সংকটের দাবি পূরণে জরুরি ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি।

যদি আমরা বক্তৃতার বাইরে গিয়ে বাস্তব কর্মকাণ্ডে অগ্রসর হতে ব্যর্থ হই, তাহলে আমাদের সমাজ কেবল কপে নয়, বরং বহুপক্ষীয়তা ও আন্তর্জাতিক রাজনীতিতেও আস্থা হারাবে। এ কারণেই আমি নেতাদের আমাজনে আসতে বলেছি, যেন এবারের কপকে ‘ সত্যের কপ’ করে তুলতে পারি, যেখানে এ গ্রহের প্রতি আমাদের একই প্রতিশ্রুতি প্রমাণ করব।

মানব জাতি যখন একসঙ্গে কাজ করেছে এবং বিজ্ঞান দ্বারা পরিচালিত হয়েছে, তখন তারা বড় চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার ক্ষমতা দেখিয়েছে। আমরা ওজোন স্তরকে রক্ষা করেছি। কভিড-১৯ মহামারি মোকাবিলায় বিশ্বব্যাপী আমাদের তৎপরতা প্রমাণ করেছে– সাহস ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে বিশ্ব ফলপ্রসূ কাজ করতে পারে।

১৯৯২ সালে ব্রাজিল বিশ্ব সামিটের আয়োজন করেছিল। আমরা জলবায়ু, জীববৈচিত্র্য ও মরূকরণ-সংক্রান্ত কনভেনশনগুলো অনুমোদন করেছি। এমন নীতি গ্রহণ করেছি, যা আমাদের গ্রহ ও মানবতার সুরক্ষা দিতে একটি নতুন দৃষ্টান্ত তুলে ধরে। গত ৩৩ বছর ধরে এসব সম্মেলন গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি ও অভীষ্ট তৈরি করেছে, যেখানে আছে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ থেকে শুরু করে নবায়নযোগ্য শক্তির ক্ষমতা তিন গুণ করার মতো বিষয়।

তিন দশকেরও বেশি সময় পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব আজ আবারও ব্রাজিলের কাছে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কপ৩০ আমাজন রেইনফরেস্টের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ, কূটনীতিক, বিজ্ঞানী, কর্মী ও সাংবাদিকদের জন্য আমাজনের বাস্তবতা প্রত্যক্ষ করার এটি অনন্য সুযোগ।

আমরা চাই বিশ্ব বন, গ্রহের বৃহত্তম নদীর অববাহিকা এবং এ অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের প্রকৃত অবস্থা দেখুক। কপ কেবল ভালো ভালো চিন্তার প্রদর্শনী বা আলোচকদের জন্য বার্ষিক সমাবেশ হতে পারে না। এগুলো বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপের মুহূর্ত হতে হবে।

এ সংকট একসঙ্গে মোকাবিলায় আমাদের সম্পদের প্রয়োজন। আমাদের স্বীকার করতে হবে, সাধারণ কিন্তু পৃথক দায়িত্বের নীতিটি যে কোনো জলবায়ু চুক্তির আপস-অযোগ্য ভিত্তি। এ কারণেই গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাংশ সম্পদের বৃহত্তর সুযোগ পাওয়ার দাবি করে এবং তা হবে দানখয়রাত নয়, ন্যায়বিচার হিসেবে। ধনী দেশগুলো কার্বনভিত্তিক অর্থনীতি থেকে সবচেয়ে বেশি উপকৃত। তাদের এখন নিজেদের দায়িত্ব পালন করতে হবে, কেবল প্রতিশ্রুতি দিয়ে নয় বরং তাদের ঋণ পরিশোধ করে। ব্রাজিল তার ভূমিকা রাখছে। মাত্র দুই বছরে আমরা ইতোমধ্যে আমাজনে বন উজাড় অর্ধেকে নামিয়েছি, যা প্রমাণ করে– জলবায়ু-সংক্রান্ত পদক্ষেপ বাস্তবে সম্ভব।

বেলেমে আমরা বন সংরক্ষণে একটি উদ্ভাবনী উদ্যোগ চালু করব। এটি হলো ট্রপিক্যাল ফরেস্টস ফরেভার ফ্যাসিলিটি (টিএফএফএফ)। এটি উদ্ভাবনী। কারণ এটি বিনিয়োগ তহবিল হিসেবে কাজ করে; অনুদানের ব্যবস্থা হিসেবে নয়। টিএফএফএফ তাদের পুরস্কৃত করবে, যারা তাদের বন টিকিয়ে রাখে এবং যারা তহবিলে বিনিয়োগ করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি একটি প্রকৃত লাভজনক পদ্ধতি। যেমন– ব্রাজিল টিএফএফএফে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এবং আমরা অন্যান্য দেশ থেকেও অনুরূপ উচ্চাকাঙ্ক্ষী ঘোষণা আশা করি।

আমরা ভুলে যেতে পারি না, এখনও দুই বিলিয়ন মানুষ রান্নার জন্য পরিষ্কার প্রযুক্তি ও জ্বালানির সুযোগ থেকে বঞ্চিত। এ ছাড়া ৬৭৩ মিলিয়ন মানুষ এখনও ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রতিশ্রুতি অবশ্যই ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে হবে।

লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা: ব্রাজিলের প্রেসিডেন্ট