সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। দেশের উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে আসছে সুন্দরবন। এ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদের ওপর দিয়ে আঘাতহানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করে। ফলে প্রতি বছর দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যায়। সুন্দরবন যে শুধু আমাদের উপকূলকে রক্ষা করে এমন নয়; বরং সুন্দরবনের ওপর নির্ভর করে বিশালসংখ্যক জনগোষ্ঠীর জীবন-জীবিকা। এছাড়া প্রতি বছর পর্যটকদের আনাগোনায় মুখরিত সুন্দরবন থেকে বড়সংখ্যক রাজস্ব পেয়ে থাকি, যা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। পাশাপাশি পর্যটকদের আগমনে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

\r\nকিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে, সুন্দরবন কেন্দ্রিক নানা অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন। সুন্দরবন দেখতে আসা পর্যটকরা ভালো মানের হোটেলে থাকা-খাওয়ার সুবিধা পাচ্ছেন না, পরিবার-পরিজন নিয়ে নিরাপদ নৌযানে ভ্রমণে করতে পারছেন না। সর্বোপরি ভ্রমণ নীতিমালায় নানা জটিলতা এবং নিরাপত্তাহীনতায় তারা হতাশ হয়ে সুন্দরবন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে বিপুল সম্ভাবনাময় এ পর্যটন খাত থেকে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজন্য এ সব সংকট কাটিয়ে উঠতে হবে। সুন্দরবনকে পরিবেশবান্ধব পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এর জন্য বিশেষ করে বন বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আরও সচেতনতা অবলম্বন করতে হবে।

পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর সঙ্গে এগিয়ে আসতে হবে সুন্দরবন সংরক্ষণে।\r\nআমরা দেখেছি, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সরকার প্রতি বছর জুন থেকে আগষ্ট মাস পর্যন্ত সকল বনজীবী এবং পর্যটকদের ওপর সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। ফলে এই সময়ে নতুন রূপে ফেরে সুন্দরবন। বিশেষ করে করমজল, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল, কালাবগী, শেখেরটেকসহ বিভিন্ন পর্যটন স্পটে বৃদ্ধি পায় বন্যপ্রাণী। নতুনভাবে সজীবতা ফিরে পায় বনভূমি। বর্ষার মৌসুম শেষ হলে শীতের শুরুতেই পর্যটকমুখর হয়ে উঠে সুুন্দরবন। পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার, খুলনার দাকোপের কালাবগীসহ পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের অধীনে মোংলার করমজল পর্যটকদের কাছে অন্যতম পছন্দের জায়গা। এসব জায়গায় সাধারণত পর্যটকরা ভ্রমণে আসেন।

\r\nসাম্প্রতিক সময়ে, বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি নৌকা উল্টে রিয়ানা আবজাল নামে এক প্রবাসী নারী নিখোঁজ হয়েছেন। যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। রিয়ানা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন। ঢাংমারী এলাকা থেকে একটি ছোট ট্যুরিস্ট বোটে করে করমজল পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে ঘটে এ দুর্ঘটনা। এছাড়া বিভিন্ন সময় দেখা যায়, সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা নানা সমস্যা, সংকটের মধ্যে পড়েন। এর মধ্যে সুন্দরবন বেড়াতে এসে দুষ্কৃতকারীদের কবলে আটকে পড়েন অনেক পর্যটক। কিছু কিছু ক্ষেত্রে এসব ট্যুরিস্ট স্পটে চলাচল অনুপযোগী এবং নিষিদ্ধ নৌযান চলতে দেখা যায়; যা পর্যটকদের ভ্রমণে ঝুঁকি বাড়ায়।

অনেক সময় চলাচলরত নৌযানগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকা, প্রাথমিক চিকিৎসা সেবা ব্যবস্থায় ঘাটতির ফলে পর্যটকরা জরুরি মুহূর্তে সেবা থেকে বঞ্চিত হয়। এতে দিন দিন পর্যটকরা আস্থা হারিয়ে ফেলছে। এজন্য পর্যটকদের আগ্রহের জায়গা ধরে রাখতে এসব সংকট কাটিয়ে ওঠা জরুরি।\r\nশীতের আমেজ বিরাজ করায় ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সুন্দরবনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। এজন্য শুধু রাজস্বের দিকে তাকিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে ফেলা যাবে না। পর্যটকদের ব্যবহারিত প্লাস্টিক, পলিথিনে সুন্দরবনের প্রাণ প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে। পর্যটকদের দেওয়া চিপস বা বাদামে পরিবর্তন আসে বন্যপ্রাণীদের খাদ্যাভাসে। পর্যটকদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য সুন্দরবনের বাস্তুতন্ত্র নষ্ট হয়।

এগুলো যাতে না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। পর্যটকরা যেন ট্যুর অপারেটরদের সিন্ডিকেটের কবলে না পড়ে; পর্যটকদের জিম্মি করে তারা যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে সে জন্য সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। অনেক সময় দেখা যায়, দর্শনার্থীদের মধ্যে অনেকে অভয়ারণ্য এলাকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে। অনেক নৌযান মালিকও অতিরিক্ত ভাড়ার বিনিময়ে এই অবৈধ কাজ করে। এজন্য ইচ্ছা হলে বা অবৈধ উপায়ে অভয়ারণ্যে যাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। \r\nসুন্দরবন রক্ষায় বন বিভাগের পাশাপাশি ট্যুর অপারেটর কিংবা পর্যটকদের সচেতনতার জায়গাও সমৃদ্ধ করা দরকার। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেখা গেছে, বনের অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পায় না। এতে পর্যটকরা যোগাযোগের বাইরে চলে যায়। যা তাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এজন্য এগুলোর সমাধানে কাজ করতে হবে। উপযুক্ত স্থানে টাওয়ার স্থাপনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করে সুন্দরবনকে পরিবেশবান্ধব পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে বন বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করে যাবতীয় সংকট নিরসনে টেকসই এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। \r\nলেখক : শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা