এখন শোনা গেল, বাংলাদেশসহ ৬০টি দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র (সমকাল, ২৫ জুলাই ২০২৬)। অজুহাতেরও অভাব নেই। ‘জোরপূর্বক শ্রমে’ উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘ব্যর্থতার অভিযোগে’ দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এই শুল্ক আরোপ করেছে গত ২৩ জুলাই। প্রশ্ন হলো, এত ভণিতা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে কী লাভ হলো?

মনে আছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে তদানীন্তন অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রশ্নবিদ্ধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছিল। আমরা অনেকে বলেছিলাম– এখনই চুক্তিটি করার দরকার কী? বিষয়টি যেহেতু জাতীয় স্বার্থে নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন; চুক্তির বিষয়টি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নিজেদের মেয়াদের শেষ সপ্তাহে চুক্তিটি করে নির্বাচিত বিএনপি সরকারকে বড়সড় বিপদে ফেলে গেছে।

অন্তর্বর্তী সরকারের একেবারে অন্তিমলগ্নে এই বিপজ্জনক চুক্তিটি কেন স্বাক্ষর করতে হলো– তার যৌক্তিক কারণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। বাংলাদেশে আগেও অনির্বাচিত সরকার এসেছে; বিশেষত তত্ত্বাবধায়ক সরকারগুলো। কিন্তু একটি অনির্বাচিত সরকার এত জটিল বাণিজ্য চুক্তির মাধ্যমে এভাবে পরবর্তী নির্বাচিত সরকারের হাত-পা বেঁধে ফেলার ব্যবস্থা করল; বাংলাদেশের ইতিহাসে এমন নজির দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্বাক্ষরিত হওয়ার আগ পর্যন্ত তিনি ওই চুক্তি সম্পর্কে কিছুই জানতেন না। উপদেষ্টা পরিষদের কে বা কারা চুক্তিটির খসড়া সম্পর্কে অবহিত ছিলেন– তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

অন্তর্বর্তী সরকারেরই আরেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের কোনো সভায় ওই চুক্তি নিয়ে আলোচনা হয়নি। স্বাক্ষরের পরও উপদেষ্টা পরিষদের কোনো সভায় এ সম্পর্কে অনুমোদন নেওয়া হয়নি। তাঁর মতে, ‘কিচেন কেবিনেট’ সভায় চুক্তিটি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

তৌহিদ হোসেন বা সাখাওয়াত হোসেন নাকি সেই কিচেন কেবিনেটে অন্তর্ভুক্ত ছিলেন না। যারা উপদেষ্টা পরিষদের ভেতরের সেই অনানুষ্ঠানিক পরিষদ বা সরকারের ভেতরের অনানুষ্ঠানিক সেই সরকারের অংশ ছিলেন, তারা কারা? গোপনে ও তাড়াহুড়া করে স্বাক্ষরের পরে প্রকাশিত চুক্তিটির বিভিন্ন দিক নিয়ে তথ্য, বিশ্লেষণ ও আলোচনায় এটা স্পষ্ট– সেখানে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। বরং যুক্তরাষ্ট্রের স্বার্থই রক্ষা করা হয়েছে। কিচেন কেবিনেটের অন্তর্ভুক্ত সেই উপদেষ্টারা তাহলে ক্ষমতা যাওয়ার আগে তাড়াহুড়া করে গোপন চুক্তির মাধ্যমে কার স্বার্থ রক্ষা করেছিলেন? জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এখনও অভিযোগ করা হয়ে থাকে– শেখ হাসিনা এহেন মার্কিন ‘হেজিমনি’ বা আধিপত্যকে মানতে অস্বীকার করায় তাঁকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন ‘ডিপ স্টেট’। শেখ হাসিনা নিজেও ক্ষমতায় থাকাকালে অভিযোগ করেছেন, দেশের স্বার্থবিরোধী চুক্তিতে রাজি না হওয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব তাঁর ওপর ক্ষিপ্ত। অনির্বাচিত অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার অভিযোগগুলোকেই কি বিশ্বাসযোগ্য করে তোলেনি?

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বাণিজ্য চুক্তির শর্তগুলো সম্পর্কে বলা হচ্ছে, বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য পালনীয় শর্তের সংখ্যা মাত্র ৬। যেমন প্রথম আলোতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ‘কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি ‘শ্যাল’ কথা থাকার অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। ‘উইল’ লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। ৩২ পৃষ্ঠার এ চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট ১৭৯ বার; উইল তিনবার। এর মধ্যে ‘বাংলাদেশ শ্যাল’ এসেছে ১৩১ বার; ‘ইউএস শ্যাল’ আছে মাত্র ছয়বার (৪ মে ২০২৬)। চুক্তিটির পক্ষে ওকালতি করা লোকের সংখ্যাও কম নয়, বলা বাহুল্য। তাদের যুক্তি, এর মধ্য দিয়ে বাংলাদেশ শুল্ক ছাড় পাবে। বাণিজ্য চুক্তি সত্ত্বেও বাংলাদেশি রপ্তানি পণ্যে নতুন করে শুল্ক আরোপ তাদের রঙিন কথার বেলুন ফুটো করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পষ্টত অন্যায্য চুক্তির পক্ষে ওকালতি করা এসব লোক এখন বলছে, বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর চেয়ে নতুন শুল্ক কাঠামোয় আড়াই শতাংশ এগিয়ে রয়েছে। প্রশ্ন হচ্ছে, প্রতিযোগী দেশগুলো কি অন্যায্য বাণিজ্য চুক্তি করেছে? আর বাণিজ্য চুক্তি করার পরও যখন বাড়তি শুল্ক দিতে হবে, তখন কি মার্কিন ক্রেতারা দাম বাড়াবে? নাকি এ দেশেই শ্রমিকের মজুরি ও সুযোগ-সুবিধায় টান পড়বে? বাংলাদেশের জাতীয় স্বার্থ বিঘ্ন ছাড়া এখানে আর কোনো ‘লাভ’ দেখি না।

চুক্তির পক্ষের ওকালতির বাইরে স্বাধীন অর্থনীতিবিদরাও ভিন্ন কথা বলছেন। তারা বিবিসি বাংলাকে বলেছেন, এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে। অর্থনীতিবিদরা এও বলছেন, হয়তো বাংলাদেশে জোরপূর্বক শ্রমের বিষয়টি বড় আকারে নাও থাকতে পারে। কিন্তু বাংলাদেশ তৃতীয় যে দেশ, বিশেষত চীন থেকে কাঁচামাল আমদানি করে থাকে, সেখানে জোরপূর্বক শ্রমের বিষয়টি থাকলে তার প্রভাব পড়তে পারে নতুন এই শুল্ক ঘোষণার ফলে (২৫ জুলাই ২০২৬)। এ পরিস্থিতিতে আমি মনে করি, বিলম্ব হলেও বিএনপি সরকারের উচিত হবে বাণিজ্য চুক্তিটি সম্পর্কে বাংলাদেশের মানুষকে খোলাখুলি জানিয়ে দেওয়া। বিলম্ব হলেও জাতিকে সাবধান করে দেওয়া উচিত, এই চুক্তির কারণে আগামী বাংলাদেশ কোনো সংকটে পড়লে এই দায় অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের কুশীলবদের। আর অন্তর্বর্তী সরকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে মেয়াদের একেবারে অন্তিমলগ্নে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে গেল– সেটাকে নিন্দা জানানো ছাড়া আমাদের গত্যন্তর নেই।

অধ্যাপক ড. মইনুল ইসলাম: একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ; সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি