সাম্প্রতিক সময়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি জ্বালানি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তিকে নতুন মাত্রা দিয়েছে। এ পরিস্থিতিকে ‘কৃত্রিম’ বলে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশে প্রকৃতপক্ষে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। বরং কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারি ও অনৈতিক কর্মকাণ্ডের ফল এই সংকট। প্রশ্ন হলো, যদি সংকট কৃত্রিম হয়, তবে সরকার তা ভাঙতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে না কেন?
কৃত্রিম সংকটের ধারণাটি নতুন নয়। বাংলাদেশে বাজার ব্যবস্থার দুর্বলতা, তদারকিহীনতা এবং কিছু ব্যবসায়ীর সুযোগসন্ধানী মনোভাব মিলেই এমন পরিস্থিতি তৈরি করে। যখন বাজারে সরবরাহ ঠিক থাকলেও কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে দেওয়া হয় বা আতঙ্ক সৃষ্টি করা হয়, তখন সাধারণ মানুষ পণ্যটির জন্য হুমড়ি খেয়ে পড়ে। ফলে সংকট আরও প্রকট হয়ে ওঠে। এই চক্র ভাঙতে হলে শুধু বক্তব্য নয়; কার্যকর পদক্ষেপ জরুরি।
এ ক্ষেত্রে প্রথম কাজ হওয়া উচিত কঠোর নজরদারি নিশ্চিত করা। জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠান, ডিলার ও ফিলিং স্টেশনগুলোর ওপর নিয়মিত তদারকি বাড়ানো। কোথাও মজুতদারি হচ্ছে কিনা; ইচ্ছাকৃত সরবরাহ বন্ধ রাখা হচ্ছে কিনা, এসব বিষয় দ্রুত শনাক্ত করতে হবে। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ কার্যকর হতে পারে। তথ্যের স্বচ্ছতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় গুজবই সংকটকে বড় করে তোলে। সরকার যদি নিয়মিত জ্বালানি সরবরাহ, মজুত ও আমদানি পরিস্থিতি সম্পর্কে জনগণকে স্পষ্ট তথ্য দেয়, তাহলে অযথা আতঙ্ক দেখা দেবে না। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে সঠিক তথ্য প্রচারে সম্পৃক্ত করা জরুরি। আর দরকার বাজার ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কার। জ্বালানি খাতে প্রতিযোগিতা বাড়ানো, সরবরাহ চেইন আধুনিকায়ন এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমে যাবে। উন্নত দেশগুলোতে এ ধরনের ব্যবস্থার মাধ্যমে বাজারকে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখা হয়।
বাস্তবতা হলো, শুধু অসাধু ব্যবসায়ীদের দোষারোপ করলেই সমস্যার সমাধান হয় না। প্রশাসনিক দুর্বলতা, নীতিনির্ধারণে বিলম্ব এবং কখনও কখনও রাজনৈতিক প্রভাবও এমন সংকটের পেছনে ভূমিকা রাখে। তাই সরকারের জন্য এটি এক পরীক্ষা। এ পরীক্ষায় অকৃতকার্য হলে সংকট আরও দীর্ঘায়িত হবে। তবে পরীক্ষায় কৃতকার্য হতে চাইলে তাদের সদিচ্ছার যথেষ্ট প্রকাশ ঘটাতে হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে, সরকারি দলের অনেক নেতা বিভিন্ন কারসাজির মাধ্যমে তেল মজুত রেখেছে, যা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল। মূলত সিন্ডিকেট, নিত্যপণ্যের চড়া দাম কিংবা বাজারে পণ্য সংকটের নেপথ্যে রাজনৈতিক সম্পৃক্ততাই কার্যকর থাকে। এটা স্রেফ ব্যবসায়ীদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বরং ব্যবসায়ীরা ক্ষমতাসীন রাজনীতিবিদদের আশীর্বাদ নিয়ে বা তাদের ওপর প্রভাব খাটিয়ে এ ধরনের সংকট তৈরি করে।
সুতরাং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথাযথভাবে সংকট চিহ্নিত করেছেন। সরকার ও তাঁর দল আন্তরিক হলে সংকটের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
তবে এ প্রশ্নও আছে, তিনি ও তাঁর দল এ কাজে সক্ষম কিনা? আমরা সাধারণ মানুষ তাদের সাফল্যই প্রত্যাশা করি। সরকার যদি সত্যিই কার্যকর পদক্ষেপ নিতে পারে, তাহলে শুধু বর্তমান সংকট নয়, ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। অন্যথায় এই ‘কৃত্রিম’ সংকটই বাস্তব দুর্ভোগ সৃষ্টি করতে থাকবে, যার ভার বইতে হবে সাধারণ মানুষকে।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
