ভারত ও বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়নের কারণ কী? জাতীয় স্মৃতির ক্ষেত্রে কি আমরা কিছু কিছু মনে রেখেছি, নাকি বেছে বেছে কিছু রেখে বাকিগুলো বাদ দিয়েছি? নাকি উভয়ই? উভয় পক্ষই অ-ব্যবসায়িক ভিসা পরিষেবা স্থগিত রেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে অপসারণের পর বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পাকিস্তান সুপার লিগে যোগদান সে ইঙ্গিতই দেয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পরপরই এটি আরও অশোভন বলে মনে হচ্ছে।

ভারত ও বাংলাদেশ মনে হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ভুলে গেছে, যে যুদ্ধে তারা একসঙ্গে লড়েছিল। মোদ্দাকথা, বাংলাদেশ স্পষ্টতই পাকিস্তানি নেতাদের হাতে তাণ্ডব, গণহত্যা এবং রাজনৈতিক অবিচারের স্মৃতি থেকে বেরিয়ে এসেছে। এ কারণে পূর্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তান থেকে আলাদা হয়েছিল।

২০২৪ সালের আগস্টে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন। এর পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে ভারত যখন তার স্থলপথ দিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি পাটজাত ও টেক্সটাইল পণ্য আমদানি নিষিদ্ধ করেছিল, তখন পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। এরই মধ্যে পাকিস্তানি যুদ্ধবিমান কেনার কথা শোনা যাচ্ছে। ঢাকা ও করাচিতে সরাসরি বিমান চলাচলও শুরু হতে যাচ্ছে। শেখ হাসিনা প্রায়ই ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৬৫-পূর্ববর্তী যোগাযোগ সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলতেন। এখন ইসলামাবাদ বাংলাদেশ ও পাকিস্তানের স্বাধীনতা-পূর্ববর্তী সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ভারতের জন্য সর্বশেষ প্ররোচনা হিসেবে কাজ করেছে। বাংলাদেশের তরুণ নেতা ওসমান শরিফ হাদির হত্যাকাণ্ডের পর মবপন্থিরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী, সংবাদপত্র কার্যালয় প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালায় ও আগুন দেয়। হাদির হত্যাকাণ্ডকে মহলবিশেষ নিজেদের এজেন্ডা এগিয়ে নেওয়ার মোক্ষম মুহূর্ত হিসেবে বেছে নেয়।

প্রশ্ন হচ্ছে, দুই প্রতিবেশীর মধ্যে এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের কঠোর অবস্থান কি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? বর্তমানে বিদায়ী মেজাজে থাকা অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে– এমন প্রত্যাশা নিরর্থক। এই পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার ঘোষণা ভারতের দিক থেকে জোরালো রাজনৈতিক বার্তা বটে। কিন্তু ভারত যেভাবে নিরাপত্তা বলয়ের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখে, তাতে উভয় পক্ষের কট্টরপন্থিরা উস্কানি পাবে। যে মহলগুলো আসছে নির্বাচনের মাধ্যমে বহুত্ববাদী ও গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠার বদলে দেশটির রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করতে চায়, তারা বরং এই উত্তেজনাকর ও বিভাজিত পরিবেশে আরও বেশি সুযোগ পাচ্ছে। বিএনপির অবিসংবাদিত নেতা এবং একাধিকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে গত বছর ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার প্রশ্নটিও উল্লেখযোগ্য। ফিরে আসার সপ্তাহখানেকের মধ্যে মায়ের প্রয়াণের পর তিনি এখন বিএনপির চেয়ারম্যান। এটি বিএনপির নির্বাচনী ভাগ্যকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে, যদিও দীর্ঘ অনুপস্থিতির কারণে দেশের রাজনৈতিক ষড়যন্ত্র সম্পর্কে তাঁর বোঝাপড়া নিয়ে এখনও বিতর্কের অবসান ঘটেনি।

আগ্রহ উদ্দীপক ব্যাপার, সাম্প্রতিক কয়েকটি জরিপ অনুসারে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে বলে উঠে এসেছে। তাদের ছাত্র সংগঠন বাংলাদেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়লাভ করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। এই সিদ্ধান্তের বিরোধিতায় বেশ কয়েকজন নারী নেত্রী পদত্যাগ করেন এবং কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করছেন। অনেকের মতে, জামায়াতের সঙ্গে জোট এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

লক্ষণীয়, ১৯৯১ সাল থেকে প্রায় সমান শতাংশ ভোটার আওয়ামী লীগ ও বিএনপিকে সমর্থন করে বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির কাঠামো তৈরি করেছিল। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি ভোটারের মানচিত্রে পরিবর্তন আনতে পারে। বিশেষত এই নির্বাচনে ১৮-৩৮ বছর বয়সী ভোটারদের দেখা যাবে, যারা প্রায় ৪০ শতাংশ; তারা নির্বাচনী রায়কে প্রভাবিত করবে। অতীতেও ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও দ্বিপক্ষীয় সমস্যা ছিল। কিন্তু উভয় পক্ষ থেকে কার্যকর সম্পর্ক বজায় রাখার সদিচ্ছায় সেগুলো মাথাচাড়া দিতে পারেনি। স্পষ্টতই, এখন পরিস্থিতি বদলে গেছে। বর্তমানের কূটনৈতিক বিচ্ছিন্নতার ফল হতে পারে বিপর্যয়কর, যা পূর্বাবস্থায় ফেরানো কঠিন হয়ে উঠতে পারে। উভয় পক্ষকে মনে রাখা দরকার, বাংলাদেশি ও ভারতীয়দের একটি বিরাট অংশ মধ্যম পন্থা অনুসরণ করতে পছন্দ করে। এই পরিপ্রেক্ষিতে দিল্লি ও ঢাকা উভয়ের জন্য এমন অবস্থান দরকার, যাতে ক্ষুদ্র স্বার্থে বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিতে না হয়। গাছের জন্য বন দেখতে না পাওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়।

শ্রীরাধা দত্ত: ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক; এনডিটিভি থেকে ঈষৎ সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম