বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন ও জনসেবার প্রতিটি স্তর আজ যে অবস্থানে দাঁড়িয়ে, তার পেছনে রয়েছে লাখ লাখ মানুষের দায়িত্ববোধ, ত্যাগ, পরিশ্রম ও পেশাদারিত্বের নিরবচ্ছিন্ন অবদান। কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও জনপরিসরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে যেসব ভুল ব্যাখ্যা, অসম্মানজনক শব্দচয়ন ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পড়ছে, তা শুধু অজ্ঞতার প্রকাশ নয়, বরং প্রজাতন্ত্রের সাংবিধানিক কাঠামো ও জনসেবা ব্যবস্থাকে অবমূল্যায়ন করার একটি উদ্বেগজনক প্রবণতা।
রাষ্ট্রের সেবক হিসেবে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ দায়িত্ব, নীতি ও আইনের সীমার মধ্যে থেকে জনগণের সেবা নিশ্চিত করেন। তাদের কাজকে ‘চাকর’ বা ‘ট্যাক্সের টাকা খাওয়া লোক’ হিসেবে উপস্থাপন করা একদিকে অসভ্যতা, অন্যদিকে সংবিধানের প্রতি সুস্পষ্ট অশ্রদ্ধা।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২-তে সরকারি কর্মচারীর সংজ্ঞা অত্যন্ত স্পষ্ট– ‘প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তি।’ অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা কোনো ব্যক্তিগত মালিকানার অধীনে নিয়োজিত নন; তিনি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল, জনগণের প্রতি জবাবদিহি করা একজন পেশাদার সেবক। সংবিধানের অনুচ্ছেদ ২১(২)-এ ব্যবহৃত ‘সার্ভেন্ট অব দ্য রিপাবলিক’ শব্দটির আভিধানিক অর্থ চাকর বা দাস নয়। বরং এটি বোঝায় দায়িত্ব, জনকল্যাণ, শৃঙ্খলা ও নৈতিক জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্রীয় সেবাদান। ব্যক্তিগত কাজে নিয়োজিত ‘চাকর’ ও রাষ্ট্রীয় সেবা প্রদানে নিয়োজিত ‘পাবলিক সার্ভেন্ট’ দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা। এই পার্থক্য ভুলভাবে উপস্থাপন প্রজাতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ন করে।
সাম্প্রতিক সময়ে আরেকটি অর্ধসত্য প্রচলিত– সরকারি কর্মচারীরা নাকি ‘জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান’। যেন তারা বিনা পরিশ্রমে সুবিধা ভোগ করেন। বাস্তবতা হলো, সরকারি কর্মচারীও জনগণ; তারা নিয়মিত ট্যাক্স দেন, ভ্যাট দেন। সেবা গ্রহণের প্রতিটি ধাপে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী অর্থ প্রদান করেন। অর্থাৎ তাদের নিজের ট্যাক্সের টাকাতেও বেতন হয়। তাদের পরিবার ও স্বজনদের ট্যাক্সেও হয়। রাষ্ট্রের বার্ষিক বাজেটে ট্যাক্স রাজস্ব কোনো ব্যক্তির একক দান নয়; এটি জাতির সম্মিলিত অবদান। একইভাবে জনগণও সরকারি কর্মচারীদের সুবিন্যস্ত সেবা গ্রহণ করে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, উন্নয়ন, প্রশাসন, নিরাপত্তা– সর্বক্ষেত্রে তাদের অবদান অপরিহার্য।
সুতরাং ট্যাক্স প্রদানের অজুহাতে কোনো কর্মকর্তাকে হেয় করা নৈতিকভাবে অসংগত। রাষ্ট্রের সেবা ব্যবস্থা বহু স্তরভিত্তিক এবং পারস্পরিক নির্ভরশীল। একজন সরকারি কর্মচারীর কাজ দেশের চলমান অগ্রগতির জন্য যেমন গুরুত্বপূর্ণ; তেমনি কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী– প্রত্যেকেই নিজ নিজ ভূমিকা দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান। একজনের কাজ অন্যজন সম্পন্ন করেন। তাই পেশা যা-ই হোক; শ্রদ্ধা ও মর্যাদা প্রদর্শনের মানসিকতা থেকেই একটি সভ্য সমাজ গড়ে ওঠে।
সরকারি কর্মচারীদের অবমাননা করা বা তাদের দায়িত্বকে হেয় করে দেখা রাষ্ট্রের প্রতি অসম্মান ছাড়া আর কিছু নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, জনসেবা প্রদান এবং রাষ্ট্রের নীতিমালা কার্যকর করার সম্মুখ সারির যোদ্ধা। তাদের এ ভূমিকার অবমূল্যায়ন মানে রাষ্ট্রের কার্যকর কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করা। অতএব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অশালীনতা বন্ধ হওয়া প্রয়োজন। তাদের সাংবিধানিক মর্যাদা, পেশাগত সীমাবদ্ধতা, দায়িত্ব ও জবাবদিহি সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা জরুরি। একটি দায়িত্বশীল সমাজে পরস্পরের মর্যাদা রক্ষা, পেশার প্রতি সম্মান এবং বাস্তবতার প্রতি সচেতনতা– এই তিনটি মূল্যবোধই নাগরিক শালীনতার প্রাথমিক শর্ত।
প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রের সেবক; কোনো ব্যক্তির চাকর নন– এই সত্যটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং সংবিধানের আলো থেকেই বোঝা প্রয়োজন। একটি সভ্য দেশে সম্মান, যুক্তিবোধ ও দায়িত্বশীলতাই জনমতের ভিত্তি হওয়া উচিত।
তালহা জুবাইর মাসরুর: সরকারি কর্মকর্তা
