প্রায় চার শতাব্দী ধরে বিশ্ব অর্থনীতি এমন ক্রমবর্ধমান একীভূতকরণের পথে চলেছে, যা দুটি বিশ্বযুদ্ধেও পুরোপুরি থমকে যায়নি। বিশ্বায়নের এই দীর্ঘ পদযাত্রাকে শক্তি জুগিয়েছে দ্রুত বর্ধনশীল আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ; জাতীয় সীমান্ত পেরিয়ে মানুষের ব্যাপক চলাচল এবং পরিবহন ও যোগাযোগ প্রযুক্তিতে নাটকীয় পরিবর্তন।

অর্থনৈতিক ইতিহাসবিদ জে. ব্র্যাডফোর্ড ডেলং-এর মতে, ১৯৯০ সালে নির্ধারিত হিসাব অনুসারে, ১৬৫০ সালে বিশ্ব অর্থনীতির মূল্য ছিল ৮১.৭ বিলিয়ন মার্কিন ডলার (৬১.৫ বিলিয়ন ইউরো)। ২০২০ সালে তা বেড়ে হয়েছে ৭০.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার (৫৩ ট্রিলিয়ন ইউরো); ৮৬০ গুণ। প্রবৃদ্ধির সবচেয়ে গতিশীল যুগ দুটি সময়ের সঙ্গে মিলে যায়, যখন বিশ্ববাণিজ্য দ্রুততম গতিতে বৃদ্ধি পাচ্ছিল। প্রথমত, ফরাসি বিপ্লবের শেষ ও প্রথম বিশ্বযুদ্ধ শুরুর মধ্যবর্তী ‘দীর্ঘ উনিশ শতক’ সময়ে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাণিজ্যের উদারীকরণ প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে ১৯৫০ থেকে ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক সংকট পর্যন্ত।

এখন এই বিশাল প্রকল্পটি পিছু হটছে। বিশ্বায়নকে এখনও মৃত বলা যাবে না। তবে এটি মৃতপ্রায়। এটি কি উদযাপনের, নাকি উদ্বেগের? আর ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বায়নে ব্যাপক বিঘ্ন সৃষ্টিকারী তাঁর শুল্ক আরোপ হোয়াইট হাউস ছেড়ে চলে গেলে কি চিত্রটি আবার বদলে যাবে? বিশ্বব্যাপী আর্থিক সংকটের সময় ওয়াশিংটনে কর্মরত বিবিসির দীর্ঘদিনের অর্থনীতি-বিষয়ক সংবাদদাতা হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের বিশ্বায়নহীন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার যুক্তিসংগত ঐতিহাসিক কারণ রয়েছে, এমনকি ট্রাম্প ভবন ছেড়ে যাওয়ার পরও।

সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি থেকে বিশ্বায়নের প্রতিটি যুগে একটি একক দেশ স্পষ্টত বিশ্বনেতার জায়গা নেওয়ার চেষ্টা এবং সবার জন্য বিশ্ব অর্থনীতির নিয়মকানুন তৈরি করেছে। প্রতিটি ক্ষেত্রেই আধিপত্যবাদী শক্তিটির এসব নিয়ম প্রয়োগ করার সামরিক, রাজনৈতিক ও আর্থিক ক্ষমতা ছিল এবং সম্পদ ও ক্ষমতার কোনো অগ্রাধিকারমূলক পছন্দ না থাকা অন্য দেশগুলোকে তা বোঝানোর সক্ষমতা ছিল।

এখন ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিচ্ছিন্নতার দিকে ঝুঁকে পড়ছে, তখন বিশ্বে তার স্থান গ্রহণ এবং অদূর ভবিষ্যতের জন্য মশাল বহন করার জন্য অন্য কোনো শক্তি প্রস্তুত নেই। অনেকের পছন্দ চীন। কিন্তু দেশটি অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে রয়েছে সত্যিকারের গ্রহণযোগ্য আন্তর্জাতিক মুদ্রার প্রচলন। আর একদলীয় রাষ্ট্র এবং বিশ্বের নতুন প্রভাবশালী শক্তি হিসেবে গ্রহণযোগ্যতা অর্জনে প্রয়োজনীয় গণতান্ত্রিক ম্যান্ডেটও এর নেই।

যদিও বিশ্বায়ন সবসময় অনেককে লাভবান করার পাশাপাশি অনেককে ক্ষতিগ্রস্তও করেছে; ইতিহাস সাক্ষী– একটি অ-বিশ্বায়নকৃত বিশ্ব আরও বিপজ্জনক ও অস্থিতিশীল জায়গা হতে পারে। ১৮ শতকের দাস ব্যবসা থেকে শুরু করে ২০ শতকে আমেরিকার মধ্য-পশ্চিমে বাস্তুচ্যুত কারখানার শ্রমিকের ইতিহাস তা দেখিয়েছে। এর সাম্প্রতিকতম উদাহরণটি এসেছে দুই যুদ্ধের মধ্যবর্তী বছরগুলোতে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ১৯ শতকের আধিপত্যবাদী বিশ্বশক্তি হিসেবে ব্রিটেনের পতনের ফলে বাকি বিশ্বের দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানায়। ১৯১৯ সালের পরের দুই দশক বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পড়ে। শেয়ারবাজারের পতন এবং বিশ্বব্যাপী ব্যাংকিং ব্যর্থতার ফলে ব্যাপক বেকারত্ব ও ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়, যা ফ্যাসিবাদের উত্থানের পাটাতন তৈরি করে। দেশগুলো বাণিজ্য বাধা তৈরি এবং তাদের দেশের রপ্তানি বৃদ্ধির নিরর্থক আশায় নিষ্ফল মুদ্রাযুদ্ধ শুরু করে। ফলে বিশ্বব্যাপী বাণিজ্য তীব্রভাবে হ্রাস পায়। বিপরীতে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে।

এক শতাব্দী হতে চলল আমাদের বিশ্বায়নের অধঃপতন আবারও ঝুঁকিতে। কিন্তু আমরা একই রকম বিশৃঙ্খল ও অস্থিতিশীল ভবিষ্যতের মুখোমুখি হচ্ছি কিনা, সেটি নির্ধারণে আমাদের প্রথমে এই বিস্ময়কর বৈশ্বিক প্রকল্পের জন্ম, বৃদ্ধি এবং আসন্ন পতনের কারণগুলো অনুসন্ধান করতে হবে।

ফরাসি মডেল: বাণিজ্যবাদ, অর্থ ও যুদ্ধ ১৬ শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্স ইউরোপের সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। আর ফরাসিরাই প্রথম তত্ত্ব তৈরি করেছিল, কীভাবে বিশ্ব অর্থনীতি তাদের পক্ষে কাজ করতে পারে। প্রায় চার শতাব্দী পরে ট্রাম্পের মার্কিন প্লেবুক দ্বারা বেনিয়াতন্ত্রের অনেক দিক পুনরুজ্জীবিত হয়েছে, যার শিরোনাম হতে পারে– ‘আপনার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার’।

ফ্রান্সের বেনিয়াতন্ত্রের সংস্করণটি এই ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল– একটি দেশের উচিত অন্য দেশগুলো তাদের কাছে কতটা বিক্রি করতে পারে তা সীমিত করার জন্য বাণিজ্য বাধা তৈরি করা। একই সঙ্গে নিজস্ব শিল্পকে শক্তিশালী করা, যাতে নিশ্চিত করা যায় দেশে অর্থ (স্বর্ণ আকারে) বেশি পরিমাণে আসে, যা দেশ ছেড়ে যায় তার চেয়ে বেশি।

ইংল্যান্ড ও হল্যান্ড ইতোমধ্যে এ ধরনের কিছু বাণিজ্যিক নীতির ভিত্তিতে একচেটিয়া শক্তিশালী বাণিজ্য কোম্পানির মাধ্যমে বিশ্বজুড়ে উপনিবেশ স্থাপন করেছিল। এর লক্ষ্য ছিল স্প্যানিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ এবং দুর্বল করা, যা আমেরিকায় জব্দ করা স্বর্ণ এবং রুপা নিয়েই তারা সমৃদ্ধ হয়েছিল। এই ‘সমুদ্রবাহিত সাম্রাজ্য’র বিপরীতে চীন ও ভারতের মতো আগের অনেক বৃহত্তর সাম্রাজ্যের নিজস্ব রাজস্ব তৈরির জন্য অভ্যন্তরীণ উৎস ছিল, যা দিয়ে তারা আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত ছিল, যদিও তা ব্যাপক সমৃদ্ধির জন্য যথেষ্ট ছিল না।

ফ্রান্সে প্রথম সরকারি নীতিমালায় বেনিয়াতন্ত্র ফ্রান্সই প্রথমবারের মতো সরকারি নীতিমালার পুরোটায় পদ্ধতিগতভাবে বেনিয়াতন্ত্র প্রয়োগ করে, যার নেতৃত্বে ছিলেন দাপুটে অর্থমন্ত্রী জিন-ব্যাপটিস্ট কোলবার্ট (১৬৬১-১৬৮৩)। রাজা চতুর্দশ লুই ফরাসি রাষ্ট্রের আর্থিক দিক শক্তিশালী করতে কোলবার্টকে অভূতপূর্ব ক্ষমতা প্রদান করেছিলেন। কোলবার্ট বিশ্বাস করতেন, বাণিজ্য রাষ্ট্রের কোষাগারকে শক্তিশালী এবং ফ্রান্সের অর্থনীতিকে বলিষ্ঠ করবে; একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করে দেবে। তিনি বলেন, একটি রাষ্ট্রের ভেতরে অর্থের অনুপস্থিতি বা প্রাচুর্যই কেবল তার মহিমা ও ক্ষমতার পার্থক্য তৈরি করে। কোলবার্টের অধীনে ফ্রান্স সুরক্ষাবাদের পথিকৃতের ভূমিকা রেখেছিল। বিদেশি পণ্যের দাম বাড়িয়ে আমদানি শুল্ক তিন গুণ করে। একই সঙ্গে তিনি ভর্তুকি ও একচেটিয়া অধিকার প্রদানের মাধ্যমে ফ্রান্সের দেশীয় শিল্পগুলোকে শক্তিশালী করেছিলেন। মসলা, চিনি ও দাস খাতের মতো অত্যন্ত লাভজনক বাণিজ্য থেকে নিশ্চিতভাবে উপকৃত হওয়ার জন্য ফ্রান্স উপনিবেশ ও সরকারি বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা করেছিল।

এক শতাব্দীর সংঘাতের পর ব্রিটেন ধীরে ধীরে ফ্রান্সের ওপর আধিপত্য বিস্তার, ভারত জয় এবং ১৭৬৩ সালে সাত বছরের যুদ্ধ শেষে তার শক্তিধর প্রতিদ্বন্দ্বীকে কানাডা ছেড়ে দিতে বাধ্য করে। ফ্রান্স কখনও ব্রিটেনের নৌশক্তি সম্পূর্ণ প্রতিহত করতে পারেনি। ১৯ শতকের গোড়ার দিকে হোরাশিও নেলসনের নেতৃত্বাধীন নৌবহরের কাছে বিশাল পরাজয়ের পর ওয়াটারলুতে ইউরোপীয় জোটের কাছে নেপোলিয়নের পরাজয় ঘটে। এর সঙ্গে ইউরোপের আধিপত্যবাদী শক্তি হিসেবে ফ্রান্স যুগের অবসান ঘটে।

বিশ্বায়নের ফরাসি মডেল বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ব্যর্থ হলেও অন্য দেশগুলো এর নীতি গ্রহণ থেকে বিরত থাকতে পারেনি; যেমনটা আমরা এখন ট্রাম্পকে দেখছি।

ব্রিটিশ মডেল: মুক্ত বাণিজ্য ও সাম্রাজ্য মুক্ত বাণিজ্যের আদর্শ প্রথম তুলে ধরেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডো, যারা ধ্রুপদি অর্থনীতির প্রতিষ্ঠাতা। তারা যুক্তি দিয়েছিলেন, বাণিজ্য কোনো নিষ্ফল খেলা নয়, যেমনটি কোলবার্ট পরামর্শ দিয়েছিলেন; বরং সব দেশ পারস্পরিকভাবে এর থেকে উপকৃত হতে পারে। স্মিথের ধ্রুপদি পাঠ্য ‘দ্য ওয়েলথ অব নেশনস’ (১৭৭৬) অনুসারে: যদি অন্য কোনো দেশ আমাদের চেয়ে সস্তায় পণ্য সরবরাহ করতে পারে, তাহলে আমাদের নিজস্ব শিল্পের উৎপাদিত পণ্যের কিছু অংশ দিয়ে তাদের কাছ থেকে তা কিনে নেওয়া উচিত, যাতে আমাদের কিছু সুবিধা হয়। বিশ্বের প্রথম শিল্পোন্নত দেশ হিসেবে ১৮৪০-এর দশকের মধ্যে ব্রিটেন বাষ্পীয় শক্তি, কারখানা ব্যবস্থা ও রেলপথের নতুন প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি অর্থনৈতিক বলয় তৈরি করেছিল। স্মিথ ও রিকার্ডো বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় একচেটিয়া ব্যবস্থা তৈরির বিরুদ্ধে যুক্তি দিয়েছিলেন। তারা শিল্পে ন্যূনতম রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রস্তাব করেছিলেন। তখন থেকে মুক্ত বাণিজ্যের সুবিধার প্রতি ব্রিটেনের বিশ্বাস অন্য যে কোনো প্রধান শিল্পশক্তির তুলনায় আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রমাণিত। তাদের রাজনীতি এবং জনসাধারণের চিন্তাভাবনা উভয়ের মধ্যেই এটি আরও গভীরভাবে প্রোথিত।

মার্কিন মডেল: সুরক্ষাবাদ থেকে নব্য উদারনীতিবাদ যদিও ব্রিটেন বিশ্বব্যাপী আধিপত্যের শতাব্দী উপভোগ করেছে; ১৭৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র অন্য সব প্রধান পশ্চিমা অর্থনীতির তুলনায় দীর্ঘকাল ধরে সুরক্ষাবাদকে প্রশ্রয় দিয়েছে। উদীয়মান মার্কিন শিল্পগুলোকে সুরক্ষা এবং ভর্তুকি দেওয়ার জন্য শুল্ক প্রবর্তনের বিষয়টি প্রথম ১৭৯১ সালে নতুন দেশের প্রথম ট্রেজারি সেক্রেটারি, আলেকজান্ডার হ্যামিল্টন, যিনি ছিলেন ক্যারিবিয়ান অভিবাসী এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন– চালু করেছিলেন। হেনরি ক্লে এবং তাঁর উত্তরসূরি রিপাবলিকান পার্টির নেতৃত্বে হুইগ পার্টি– উভয়ই ১০ শতকের বেশির ভাগ সময় ধরে এই নীতির শক্তিশালী সমর্থক ছিল। মার্কিন শিল্প অন্য সবাইকে ছাপিয়ে গেলেও মার্কিন সরকার বিশ্বের সর্বোচ্চ শুল্ক বাধাগুলোর কিছু বজায় রেখেছিল।

১৯ শতকের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ছিল, যার সঙ্গে বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থা ছিল এবং বিদ্যুৎ, পেট্রোল ইঞ্জিন এবং রাসায়নিকের ওপর ভিত্তি করে দ্বিতীয় শিল্পবিপ্লবের নতুন প্রযুক্তিগুলো কাজে লাগানোর জন্য দ্রুত অগ্রসর হচ্ছিল। তবুও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী পরাশক্তির ভূমিকা গ্রহণ করে। কারণ এটি ছিল যুদ্ধে লিপ্ত একমাত্র দেশ, যার অর্থনীতি এবং অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্র অনেক বেশি সর্বজনীন এবং নিয়মভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, এমন একটি বৈশ্বিক সংস্থা তৈরির ওপর জোর দেয়, যা বাধ্যতামূলক নিয়মকানুন প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী বাজারগুলোকে নিরবচ্ছিন্ন আমেরিকান বাণিজ্য ও বিনিয়োগের জন্য উন্মুক্ত করবে। এর লক্ষ্য ছিল পাউন্ড স্টার্লিংকে বিশ্বব্যাপী বিনিময়ের মাধ্যম হিসেবে মার্কিন ডলার দিয়ে প্রতিস্থাপন করে আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলায় আধিপত্য বিস্তার করা।

যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন ডলার, যা এখন তার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রতি আউন্স ৩৫ ডলার একটি নির্দিষ্ট হারে স্বর্ণের সঙ্গে যুক্ত, মুক্ত বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে ভূমিকা গ্রহণ করে। এটি বিশ্বব্যাপী বাণিজ্য লেনদেনের জন্য ব্যবহৃত হতো এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রার রিজার্ভ হিসাবে ধরে রাখত, যা মার্কিন অর্থনীতিকে ‘অতিরিক্ত সুবিধা’ প্রদান করত। ডলারের স্থিতিশীল মূল্য মার্কিন সরকারের জন্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে ট্রেজারি বন্ড বিক্রি করা সহজ করে তোলে। যার ফলে তারা সহজেই অর্থ ধার এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণ করতে সক্ষম হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করত, এসব নিয়ম নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন। কিন্তু ব্রিটিশদের মতো বিশ্বায়নের সুবিধাগুলো তখনও অসমভাবে ভাগ করা হয়েছিল। জাপান, কোরিয়া ও জার্মানির মতো রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি গ্রহণকারী দেশগুলো সমৃদ্ধ হলেও নাইজেরিয়ার মতো অন্যান্য সম্পদ-সমৃদ্ধ কিন্তু মূলধন-দরিদ্র দেশগুলো আরও পিছিয়ে পড়েছিল।

স্বপ্ন থেকে হতাশা যদিও আমেরিকান স্বপ্নের মিথ বৃদ্ধি পেয়েছিল, সত্তরের দশকে মার্কিন অর্থনীতি ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়তে থাকে, বিশেষ করে জার্মান ও জাপানি প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে, যারা ততক্ষণে যুদ্ধ থেকে পুনরুদ্ধার এবং তাদের শিল্পকে আধুনিকীকরণ করেছিল। এই অনুভূত হুমকি এবং ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে বিচলিত হয়ে ১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন এই ঘোষণা দিয়ে– আমেরিকা স্বর্ণমান থেকে সরে যাচ্ছে। অন্যান্য দেশকে তাদের মুদ্রার পুনর্মূল্যায়ন করে মার্কিন অর্থ প্রদানের ভারসাম্য সংকটের জন্য সমন্বয়ের খরচ বহন করতে বাধ্য করা হয়েছিল। এর ফলে বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার ওপর গভীর প্রভাব পড়েছিল: এক দশকের মধ্যে বেশির ভাগ প্রধান মুদ্রা স্থির বিনিময় হার পরিত্যাগ করে একটি নতুন ভাসমান হার ব্যবস্থা গ্রহণ করে। এভাবে কার্যত ১৯৪৪ সালের ব্রেটন উডস নিষ্পত্তির অবসান হয়। স্থির বিনিময় হারের অবসান বিশ্ব অর্থনীতির অর্থায়নের দরজা খুলে দেয়; বিশ্বব্যাপী বিনিয়োগ এবং ঋণ প্রদানের ব্যাপক প্রসার ঘটায়, যার বেশির ভাগই মার্কিন আর্থিক সংস্থাগুলো দ্বারা। এটি ক্রমবর্ধমান নব্য-স্বাধীনতাকে সহায়তা করেছিল। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমরা ১৭ ও ১৮ শতকের ফরাসি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ফিরে আসতে দেখেছি। তাঁর দাবি, যেসব দেশের আমেরিকার সঙ্গে উদ্বৃত্ত বাণিজ্য ছিল তারা ‘আমাদের ঠকাচ্ছে’। তা এই বাণিজ্যিক বিশ্বাসের প্রতিধ্বনি করে– বাণিজ্য একটা নিষ্ফল খেলা, যা মার্কিন যুক্তরাষ্ট্রেদ্বারা প্রবর্তিত ২০ শতকের দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় না; যেখানে বলা হয়েছে বিশ্বায়ন সবার জন্য সুবিধা নিয়ে আসে, সেই বাণিজ্যে ভারসাম্য এবার যেদিকেই থাকুক।

ট্রাম্পের কর ও শুল্ক পরিকল্পনা, যা বড় ধনীদের জন্য কর ছাড়ের সুযোগ বৃদ্ধি, অন্যদিকে সুবিধা হ্রাস এবং শুল্কচালিত মুদ্রাস্ফীতির মাধ্যমে দরিদ্রদের অসুবিধায় ফেলে, মার্কিন যুক্তরাষ্ট্রে বৈষম্য বৃদ্ধি করবে।

ট্রাম্প ও তাঁর সমর্থকদের সকল পুরুষালি দাপট, তার অর্থনৈতিক নীতিগুলো আমেরিকার শক্তি নয়, বরং দুর্বলতার প্রকাশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যত্র বসবাসকারী মানুষের জন্য তিনি একটি খারাপ পরিস্থিতিকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছেন, যাদের মধ্যে তাঁর অনেক উগ্র সমর্থকও রয়েছেন। এটাও সত্য, ট্রাম্পের দ্বারা অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় না এলেও মার্কিন আধিপত্যবাদী যুগের অবসান ঘটত। বিশ্বায়ন মৃত নয়, বরং এটি মৃতপ্রায়। আমরা সবাই এখন যে উদ্বেগজনক প্রশ্নের মুখোমুখি হই তা হলো, এর পর কী আছে।

স্টিভ শিফেরেস: অনারারি রিসার্চ ফেলো, সিটি পলিটিক্যাল ইকোনমি রিসার্চ সেন্টার, সিটি সেন্ট জর্জেস, লন্ডন বিশ্ববিদ্যালয়; দ্য কনভারসেশন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম