ডিজিটাল সিকিউরিটি আইন বাংলাদেশে বিগত স্বৈরাচারী আমলে একটি কুখ্যাত কালো আইন হিসেবে পরিচিতি পেয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তী সময়ে সাইবার নিরাপত্তা আইন নিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। অভিযোগ ছিল, সাইবার অপরাধ দমনের উদ্দেশ্যে করা আইনটির বিভিন্ন ধারা মতপ্রকাশ ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভীতি তৈরিতে ব্যবহৃত হয়েছে। সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে মামলা, গ্রেফতার ও হয়রানির ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। কার্যত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট-এর বিভিন্ন ধারা ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছিল এবং তা ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে উঠেছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন-২০২৩ রহিত করে সাইবার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নতুন অধ্যাদেশ জারি করে। এর মাধ্যমে আগের আইনের বিতর্কিত ধারাগুলো থেকে বেরিয়ে এসে একটি অধিকতর ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু পত্রিকান্তরে খবরে বলা হয়েছে, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ না করে এখন পরিবর্তন আনার জন্য প্রচেষ্টা শুরু করেছে।
আমরা মনে করি স্বৈরাচারী আমলের সেই আইন ফিরিয়ে আনা মোটেই সঙ্গত হবে না, জুলাই বিপ্লবের চেতনার সাথে তা সঙ্গতিপূর্ণ হবে না। যদি এই আইন মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে, ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে ওঠে কিংবা রাষ্ট্রীয় নজরদারির সুযোগ বাড়ায়, তাহলে তা সাইবার সুরক্ষার উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করবে। প্রস্তাবিত আইনের সংশোধনীর খসড়া নিয়ে সাম্প্রতিক উদ্বেগের মূল জায়গাটি এখানেই। খসড়ায় থাকা কয়েকটি প্রস্তাবনা নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের আশঙ্কা, এগুলো আইনে পরিণত হলে সাইবার স্পেস নাগরিকের নিরাপদ যোগাযোগ ও মতপ্রকাশের জায়গা না হয়ে নজরদারি এবং জবাবদিহিহীন নিপীড়নের ক্ষেত্রে পরিণত হতে পারে।
আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের অবস্থান থেকে সরে এসে আবার যদি এমন কোনো আইন প্রণয়ন করা হয়, যার মাধ্যমে নির্বিচারে মামলা, গ্রেফতার কিংবা হয়রানির সুযোগ তৈরি হয়, তাহলে সেটি হবে অত্যন্ত হতাশাজনক।
সাইবার অপরাধ বাস্তব এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে—এ বিষয়ে কোনো বিতর্ক নেই। অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ, হ্যাকিং, সাইবার হামলা, ব্যক্তিগত তথ্য চুরি এবং সংঘটিত অপপ্রচার মানুষের জীবন ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি। এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর আইন ও দক্ষ আইন প্রয়োগকারী সংস্থা থাকা আবশ্যক। কিন্তু অপরাধ দমনের নামে এমন বিস্তৃত ক্ষমতা দেয়া যাবে না, যার মাধ্যমে বৈধ মতপ্রকাশও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নজরদারি। সাইবার নিরাপত্তার নামে নাগরিকের ব্যক্তিগত যোগাযোগ, তথ্য ও অনলাইন কর্মকাণ্ডের ওপর অতিরিক্ত নজরদারি গণতান্ত্রিক সমাজের জন্য বিপজ্জনক। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে নির্দিষ্ট ও আইনসম্মত নজরদারি প্রয়োজন হতে পারে, কিন্তু সেটির জন্য আদালতের অনুমোদন, যথাযথ কারণ এবং স্বাধীন তদারকির ব্যবস্থা থাকা উচিত। কোনো সংস্থাকে সীমাহীন ক্ষমতা দেয়া হলে সেই ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা থেকেই যায়।
সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, সংশোধনের খসড়াটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। সরকার এমন একটি আইন প্রণয়ন করতে চায়, যা ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি বা অপব্যবহারের সুযোগ সৃষ্টি করবে না। সরকারের এই বক্তব্য ইতিবাচক। কিন্তু কেবল আশ্বাস যথেষ্ট নয়; আইনের ভাষা, প্রয়োগের পদ্ধতি এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার ওপর সুস্পষ্ট সীমারেখা থাকা জরুরি।
আমরা আশা করি, সরকার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। রাষ্ট্রের নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতার মধ্যে একটি ন্যায়সংগত ভারসাম্যই হতে পারে একটি আধুনিক সাইবার আইনের ভিত্তি। নতুন আইন যেন পুরোনো হয়রানির নতুন সংস্করণ না হয়—এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।
