মাত্র ২০ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করে সততা, নিষ্ঠা, শ্রম, মেধা ও শৃঙ্খলাকে সম্বল করলে একজন মানুষ যে কত ওপরে উঠতে পারে, তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, যিনি প্রচণ্ড আস্থা ও মনোবলকে পুঁজি করে শূন্য থেকে শিখরে উঠেছিলেন। এ দেশের শিল্প ও ব্যবসার প্রসারের ক্ষেত্রে যাঁর অবদান প্রশংসনীয়। আজ ৫ জানুয়ারি তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকী।

ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি তাঁর আগ্রহ ছিল। প্রথমে নিজে বাবার নামের সঙ্গে মিল রেখে তৈরি করেন ‘ই-সনস’ নামক ওষুধ তৈরির কারখানা। পরে বাবার কাছ থেকে পুঁজি নিয়ে নেমে পড়েন ফার্মেসি ব্যবসায়। চার বন্ধু মিলে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে ওষুধ কারখানা। স্কয়ার আজ বাংলাদেশে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ। ৬৮ বছর আগে স্যামসান এইচ চৌধুরীর নেতৃত্বে চার বন্ধু মিলে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় যে ছোট্ট শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি আজ মহিরুহ। পুঁজির পরিমাণ ছিল মাত্র ২০ হাজার টাকা। ১৯৬৪ সালে স্কয়ার ফার্মা নাম পরিবর্তন করে করা হয় স্কয়ার ফর্মাসিউটিক্যাল পিএলসি। সবকিছুর মধ্যে আছে ছিমছাম ভাব ও স্বচ্ছতা। আছে আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়া। কঠোর নিয়মের মধ্য দিয়ে চলছে সবকিছু। স্কয়ার নামের মহত্ত্ব আরও অনেক গভীরে।

১৯৮৮ সাল থেকে ওষুধের পাশাপাশি স্কয়ার গ্রুপও নতুন নতুন শিল্প স্থাপন শুরু করে। ওই সময়ে স্কয়ার ফার্মার একটি আলাদা বিভাগ হিসেবে স্থাপন করা হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এর থেকে একে একে স্থাপিত হতে থাকে নতুন নতুন প্রতিষ্ঠান। বর্তমানে স্কয়ার ফার্মায় ৪০ হাজারসহ স্কয়ার গ্রুপের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত।

স্যামসন এইচ চৌধুরী ছিলেন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি, মাইডাসের চেয়ারম্যান, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ পাবলিক লিসটেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন, চেয়ারম্যান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, ঢাকা ক্লাবের আজীবন সদস্য, এফবিসিসিআইর পরিচালক, এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ ফ্রাঞ্চ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসিআই), উপদেষ্টা ও সভাপতি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, প্রেসিডেন্ট বাংলাদেশ হারবাল প্রডাক্টস প্রস্তুতকারক সমিতি, চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, চেয়ারম্যান ও ট্রাস্টি- টিআইবি, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহবাজপুর টি এস্টেট লিমিটেড, পাবনা প্রেস ক্লাবের জীবন সদস্য।

২০০৫ সাল থেকে পরপর বেশ কয়েকবার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা করদাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি পান তিনি। ২০০৯ ও ১০ সালে সিআইপি মনোনীত হন। ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে তিনি পরলোকগমন করেন। তাঁকে পাবনা শহরের উপকণ্ঠ বৈকুণ্ঠপুরের বাসভবন এস্ট্রাসে সমাহিত করা হয়। দেশের শীর্ষ শিখরে পৌঁছলেও ভুলে যাননি অতীত। তিনি পাবনাকে খুব ভালোবাসতেন। তিনি পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির আধুনিকায়ন করেন। বনমালি ইনস্টিটিউট, পাবনা প্রেস ক্লাবসহ অন্যান্য প্রতিষ্ঠানে তিনি সহায়তা করেন। তিনি বিনামূল্যে দরিদ্র শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার জন্য দিশারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। এ ছাড়া পাবনার বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তাঁর অবদান। তিনি পরলোকে গেলেও এসব প্রতিষ্ঠান তাঁকে স্মরণ করবে চিরকাল।

এবিএম ফজলুর রহমান: সাবেক সভাপতি, পাবনা প্রেস ক্লাব ও স্টাফ রিপোর্টার, সমকাল, পাবনা অফিস