ইসলাম মানুষের জীবনকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মানুষের জীবন অমূল্য। পৃথিবীতে মানুষের জীবনের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। দুঃখজনক বাস্তবতা হলো, ইসলামের এই শিক্ষা আমাদের সমাজে প্রতিফলিত হচ্ছে না। ক্ষমতা, মতাদর্শ কিংবা সামান্য স্বার্থের কারণে মানুষ মানুষকে নির্দ্বিধায় হত্যা করছে। এটা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এই প্রবণতা কেবল আইনশৃঙ্খলার সংকট নয়, এটি মানুষের বিবেক ও মূল্যবোধের গভীর পতনের লক্ষণ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও জলে তাদের বাহন দিয়েছি, তাদের উত্তম রিজিক দিয়েছি এবং বহু সৃষ্টির ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা বনি ইসরাইল, আয়াত ৭০) এই আয়াত কেবল আধ্যাত্মিক উপলব্ধি নয়, বরং একটি চূড়ান্ত মানবিক নীতিমালার ঘোষণা করেছে। যেখানে প্রতিটি প্রাণকে শ্রেষ্ঠত্বের অধিকার দেওয়া হয়েছে। একটি শিশুর, একজন বৃদ্ধের, একজন দারিদ্র্যক্লিষ্ট মানুষের জীবনও স্রষ্টার দেওয়া মর্যাদার অধিকারী। তাই ইসলামে জীবনহানি কখনোই হালকাভাবে বিবেচ্য নয়। বরং তা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। যে সমাজ এ নীতিকে অগ্রাহ্য করে, সেই সমাজ নিজের অস্তিত্বকে নিজের হাতে ধ্বংস করে।

জীবন আল্লাহর পক্ষ থেকে মহান নেয়ামত। এটা এমন এক সম্পদ, কোনো কিছুর সঙ্গে যার তুলনা হয় না। ইসলাম মানুষের জীবনের মর্যাদা রক্ষায় কঠোর নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ এবং নবী করিম (সা.) স্পষ্টভাবে জানিয়েছেন, অন্যায়ভাবে কারও জীবন নেওয়া ভয়াবহ পাপ, যা শিরকের পর সবচেয়ে বড় অপরাধ এবং কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে। এই কাজ শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো সমাজের শান্তি ও নিরাপত্তাকে ভয়ংকরভাবে বিপন্ন করে। বর্তমানে আমরা যখন নানা দিক থেকে হিংসা, সংঘাত ও হত্যাকাণ্ড দেখতে পাই, তখন আমাদের অবশ্যই ইসলামের এই শিক্ষা হৃদয়ে ধারণ করে শান্তি ও মানবতার জন্য কাজ করতে হবে। কারণ মানুষের জীবন রক্ষা করাই ইসলামের মূল শিক্ষা এবং তা আমাদের সবার নৈতিক দায়িত্ব। রাসুল (সা.) বলেছেন, ‘একজন মুমিনের রক্ত, সম্মান ও সম্পদ অপর মুমিনের জন্য হারাম।’ (সহিহ মুসলিম) বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, ‘তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান একে অপরের জন্য এতটাই পবিত্র, যতটা পবিত্র এই দিন, এই মাস এবং এই শহর।’ (সহিহ মুসলিম) এমনকি বাইতুল্লাহর চেয়েও অধিক সম্মান একজন মুমিনের জীবনের। হজরত ইবনে ওমর (রা.) কাবাকে লক্ষ্য করে বলেছিলেন, ‘তুমি কত মর্যাদাবান! তবে একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি।’ (তিরমিজি) পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল।’ (সুরা মায়েদা ৩২)

মানুষের মৃত্যুর প্রভাব শুধু নিহত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া, মা-বাবার জীবনে এক গভীর শোক, স্ত্রী ও সন্তানের জন্য এক জীবনের বেদনা, আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্য এক বড় শূন্যতা তৈরি করে। হত্যাকারী হত্যা করেই ক্ষান্ত হয় না। বরং এর মাধ্যমে সে নিজের এক অভিশপ্ত জীবন শুরু করে, যে জীবনে ইহকালীন কোনো শান্তি নেই আর পরকালীন কোনো মুক্তি নেই। হজরত রাসুল (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন প্রথম যে বিষয়টির বিচার হবে, তা হলো রক্তপাত তথা মানুষ হত্যার।’ (সহিহ বুখারি) এমনকি নিহত ব্যক্তি হত্যাকারীর মাথার চুল ধরে টেনে নিয়ে আসবে আল্লাহর দরবারে। কণ্ঠনালিতে তখনো রক্ত ঝরবে। সে বলবে, ‘হে আল্লাহ! এ ব্যক্তি আমাকে হত্যা করেছে।’ (তিরমিজি) হত্যাকারীর জন্য জাহান্নাম ও আল্লাহর গজব অবধারিত। মহান আল্লাহ বলেন, ‘যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার প্রতিদান জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার ওপর রাগান্বিত হবেন, তাকে লানত দেবেন এবং আল্লাহ তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা নিসা ৯৩) এক হাদিসে এসেছে, ‘যদি আকাশ ও পৃথিবীর সবাই মিলে একজন মুমিনকে হত্যা করে, তবে আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন।’ (তিরমিজি) হজরত রাসুল (সা.) বলেছেন, ‘একজন মুমিন দ্বীনের প্রশান্তি ভোগ করে, যতক্ষণ না সে কোনো রক্তপাত ঘটায়।’ (সহিহ বুখারি) অন্য হাদিসে এসেছে, ‘যে অবৈধভাবে রক্তপাত করে, সে এমন এক বিপদের মুখে পড়ে, যার থেকে মুক্তির পথ নেই।’ (সহিহ বুখারি)

হজরত রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কেয়ামত দিবসে নামাজ, রোজা, জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে বা কাউকে হত্যা করেছে, কাউকে মারধর করেছে, ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এই ব্যক্তি কিছু নিয়ে যাবে, ওই ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে মানুষরা তার সব আমল নিয়ে যাবে এবং তার নেক আমল শেষ হয়ে যাবে। কিন্তু তার পাওনাদার রয়ে যাবে। অতঃপর পাওনাদারদের গুনাহগুলো তার ওপর চাপিয়ে দেওয়া হবে। আর পাহাড়সম গুনাহ নিয়ে সে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমাদের করণীয় হলো, জুলুম প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠা করা। আমাদের বুঝতে হবে বিদ্বেষ, হিংসা, জুলুম ও রক্তপাত কোনোভাবেই ইসলামসম্মত নয়। একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে হলে শুধু নিজেদেরই অন্যায় থেকে বিরত থাকা যথেষ্ট নয়, বরং অন্যদের বিরত রাখার চেষ্টা করতে হবে। শান্তি প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ, এই দুটিই ইমানের দাবি। যখন কেউ কারও ওপর জুলুম করে বা কাউকে হত্যা করে, তখন একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হলো, জুলুমের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া, নিহতের পরিবারকে সহানুভূতি ও ন্যায়ের সহায়তা দেওয়া। একটি হত্যাকাণ্ড একটি জীবন শেষ করে দেয়, কিন্তু তা বছরের পর বছর বহু হৃদয়ে বেদনা হয়ে রয়ে যায়।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

muftimahbub503@gmail.com