ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব যখন প্রযুক্তি বা ভালো মশা, তথ্যভিত্তিক নজরদারি, আগাম সতর্কতা ও টিকাদান নিয়ে কাজ করছে, তখন বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের বড় অংশ এখনও পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযাননির্ভর।

মশা নিয়ন্ত্রণ অবশ্যই জরুরি। প্রশ্ন হলো, এটুকুই কি যথেষ্ট? প্রথমেই বলো রাখা ভালো, ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো একক ‘ম্যাজিক বুলেট’ নেই। সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ২০২৬ সালের ২৪ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় ‘স্বাস্থ্য চর্চা’ সংলাপে সরকার ও সমাজের বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি আসন্ন দিনে আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় সরকারিভাবে। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ইতোমধ্যে ডেঙ্গু কেড়ে নিয়েছে দুই শতাধিক প্রাণ, যার মধ্যে শতাধিক ঢাকা বিভাগে।

কাজেই শুধু বাংলাদেশের কথা বিবেচনায় নিলে মনে হতে পারে, ডেঙ্গু এমন এক রোগ, যার সঙ্গে বার্ষিক সহাবস্থান মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।

প্রযুক্তির প্রয়োগ কিংবা ‘ভালো মশা’র সাফল্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর একটি হলো উলবাকিয়া প্রযুক্তি বা ‘ভালো মশা’। শুধু পুরুষ উলবাকিয়া মশা পরিবেশে ছাড়া হয়। এই পুরুষ মশা স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়। এতে স্ত্রী মশার ডিম ফোটে না। ফলে মশার সংখ্যা কমে যায়। দ্বিতীয়টি হলো প্রতিস্থাপন কৌশল। যেখানে পুরুষ ও স্ত্রী মশা ছাড়া হয় এবং উলবাকিয়া ব্যাকটেরিয়াবাহী স্ত্রী মশারা প্রজন্মের পর প্রজন্মে এই ব্যাকটেরিয়া বয়ে বেড়ায় ও ছড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ার নর্দার্ন কুইন্সল্যান্ড ও সিঙ্গাপুর এভাবে ডেঙ্গু প্রতিরোধে বেশ আশাব্যঞ্জক সাফল্য পেয়েছে।

কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই প্রযুক্তির প্রয়োগ শুরু করা হয়নি। গত বছর আইসিডিডিআর,বির গবেষণা বলছে, উলবাকিয়া পদ্ধতিতে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। এরপর ১৬ মাস পেরিয়ে গেছে। প্রশ্ন হলো, সেই ‘ভালো মশা’র পরবর্তী অগ্রগতি কী?

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিবেশী কলকাতার অভিজ্ঞতা পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা শহরে ২০২৩ সালে প্রায় ১৪ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এরপর ২০২৪ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী ও পুনর্গঠন করা হয়। সে অনুযায়ী শুধু ফগিং নয়, বরং মশার জন্মস্থান শনাক্ত ও ধ্বংসের পাশাপাশি নিয়মিত নজরদারি, ডেটাবেজ, জনসম্পৃক্ততা ও আইন প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্তে ড্রোনের ব্যবহার ও নির্মূলে লার্ভিসাইডসহ বিভিন্ন পন্থা প্রয়োগ করা হয়। এতে এডিস মশা নিয়ন্ত্রণে অনেকটা সফল হয়েছে কলকাতা শহর।

ডেঙ্গুর টিকা ও সিদ্ধান্তের প্রশ্ন ডেঙ্গুর টিকা নিয়ে একসময় অনেক প্রশ্ন ছিল। এখনও আছে। কারণ এটি সাধারণ টিকার মতো সবার জন্য, সব বয়সে ও সব পরিস্থিতিতে দেওয়ার বিষয় নয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, টিএকে-০০৩ বা কিউডেঙ্গ টিকা উচ্চমাত্রায় ডেঙ্গু সংক্রমণপ্রবণ এলাকায় ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এ টিকা দুই ডোজের এবং দুই ডোজের মধ্যে ন্যূনতম তিন মাসের ব্যবধান রাখতে হয়। ব্রাজিলসহ বিভিন্ন দেশে টিকাটি অনুমোদিত এবং সেটি ব্যবহৃত হচ্ছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য পাওয়া যায় না। অর্থাৎ বিশ্বজুড়ে ডেঙ্গুর টিকা ব্যবহারের ক্ষেত্রে একক বা অভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে না। বিভিন্ন দেশ তাদের সংক্রমণের মাত্রা, বয়সভিত্তিক রোগ ঝুঁকি, স্থানীয় মহামারি পরিস্থিতি এবং স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বিবেচনায় নিজস্ব টিকানীতি নির্ধারণ করছে।

কাজেই যদি কোনো অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এত বেশি হয়, সেটিকে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থার তালিকায় টিকা চালু করার বিষয়টি বৈজ্ঞানিকভাবে আলোচনা হওয়াই স্বাভাবিক।

এখানেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে। দেশের কোনো বয়সগোষ্ঠী ও ভৌগোলিক এলাকায় ডেঙ্গু সংক্রমণ এত বেশি যে সেখানে টিকা চালুর সম্ভাবনা বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা উচিত কিনা– এমন প্রশ্নের উত্তর আমরা খুঁজেছি কি?

ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বর্তমানে প্রতিদিন কয়েকশ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এ বছরের জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন এবং মারা গেছে ২২৫ জন।

সমন্বিত উদ্যোগে জোরদান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টিএকে-০০৩ সব ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ করে না। কাজেই ‘টিকা দিলেই ডেঙ্গু শেষ’– এমনটা ভাবার কারণ নেই। ডেঙ্গু প্রতিরোধে টিকার পাশাপাশি মশা নিয়ন্ত্রণ, ব্যক্তিগত সুরক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনা অব্যাহত রাখতে হবে।

চিকিৎসা ব্যবস্থাপনা শুরুর আগে বাংলাদেশে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে আবারও ভাবতে হবে। কেন প্রতিবছর হাজার হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এবং শত শত মৃত্যু হচ্ছে– এ প্রশ্নের উত্তর ভালোভাবে খুঁজতে হবে।

বলা বাহুল্য, প্রতিরোধের সব কার্যকর পন্থাকে একসঙ্গে বিবেচনা করা হতে পারে বাস্তবসম্মত পথ। এ ছাড়া বাংলাদেশে জাতীয়ভাবে ডেঙ্গু টিকাদান কর্মসূচি চালু করা হবে কিনা, সেটি অবশ্যই বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের সিদ্ধান্তের বিষয়। ডেঙ্গু প্রতিবছর ফিরে আসতে পারে– এই বাস্তবতা আমরা জানি। এখন প্রশ্ন হলো, আমরাও কি প্রতিবছর একইভাবে প্রস্তুতি নেব, নাকি প্রতিরোধের নতুন পথগুলোও খুঁজব?

রোকেয়া রহমান বর্ণা: ফ্রিল্যান্স সাংবাদিক