ষড়ঋতুর দেশ বাংলাদেশে শীতকাল আসে তার স্বাভাবিক নিয়মে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর তীব্রতা অনেক বেড়েছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীত নেমে আসে আগেভাগেই। ইতোমধ্যে অনেক অঞ্চলে রাতের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। প্রকৃতির এই পরিবর্তন কারো কাছে আনন্দের। ভোরের কুয়াশা, পিঠা-পুলির উৎসব, ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে গল্পের আসর কিংবা দীর্ঘ রাতে লেপ-কম্বলের ওমে ডুবে থাকা। কিন্তু সমাজের বিপুল সংখ্যক নিম্নবিত্ত মানুষের জন্য শীতের আগমন যেন এক অঘোষিত বিপর্যয়। যাদের দিন চলে দিনমজুরির ওপর, যাদের ঘরে চুলা জ্বালানোই প্রতিদিনের চ্যালেঞ্জ, তাদের কাছে শীত মানেই অসহায়ত্বের নতুন অধ্যায়। একটি গরম কাপড় বা কম্বল তাদের জন্য যেন শত সাধনার সমান মূল্যবান।

দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকা, চারপাশের গ্রাম, চরাঞ্চল কিংবা নদীভাঙনের বাসিন্দারা এখনো পর্যাপ্ত শীতবস্ত্রের নাগাল পান না। \r\nআমাদের চারপাশেও এমন মানুষের সংখ্যা কম নয়। সড়কের ধারে, ফুটপাতের পাশে, বাস-ট্রেনস্টেশনের প্ল্যাটফর্মে কিংবা বাজারঘাটের অন্ধকার কোণে রাত কাটান অসংখ্য মানুষ। দিনের পর দিন জীবনের সঙ্গে লড়াই করে যাওয়া এসব মানুষ শীতের রাতে আরও অসহায় হয়ে পড়েন। আমরা যখন নরম লেপ-কম্বলের উষ্ণতায় নিশ্চিন্ত নিদ্রায় ঢলে পড়ি, তখন তারা ঠান্ডার কামড়ে কাটিয়ে দেন নির্ঘুম রাত। যার ঘরে খাবার জোটে না, সে কোথায় পাবে গরম কাপড়? শীতের প্রকোপ বাড়ার পর নয়, শুরুতেই যদি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যায়, তবেই প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা কমানো সম্ভব।

অগ্রিম শীতবস্ত্র বিতরণ করা হলে তারা শুধু ঠান্ডার কষ্ট থেকে নয়, বরং সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত নানা রোগ থেকেও রক্ষা পাবে। এটি মানবিকতার পাশাপাশি জনস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মানুষেরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হন। এ কারণে সরকার, স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজসেবী প্রতিষ্ঠান এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শহর-গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, নদীভাঙন এলাকা, দিনমজুর-সবখানে শীতবস্ত্র পৌঁছে দিতে হবে দ্রুততার সঙ্গে। শুধু কম্বল দেয়াই নয়, প্রয়োজন মোটা সোয়েটার, গরম কাপড়, শিশুদের শীতকালীন পোশাক এবং বয়স্কদের জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা। শীতবস্ত্র বিতরণ কোনো মৌসুমি দান নয় এটি মানবিক দায়িত্ব, সামাজিক কর্তব্য। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো মানে একটি জীবনকে স্বস্তি দেওয়া, একটি পরিবারের কষ্ট কমিয়ে দেওয়া। শীতের শুরুতেই যখন আমরা সচেতন হবো, তখনই তাদের কাছে পৌঁছে দিতে পারব প্রয়োজনীয় উষ্ণতা। সামর্থ্যবান সবাই যদি হাত বাড়িয়ে দেন, তবে এই শীত আর কারো জন্য দুর্ভোগ নয়, হয়ে উঠবে মানবিকতার অনন্য উদাহরণ। শীতের শুরু থেকেই দরকার সমন্বিত উদ্যোগ, দরকার উষ্ণ হৃদয়ের স্পর্শ। মানবিকতায় ভর করে সমাজকে আরও সুন্দর, আরও নিরাপদ করে তোলাই আমাদের সবার দায়িত্ব।