আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আর মাত্র তিন সপ্তাহ সময় বাকি থাকলেও চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। বাংলাদেশ একাধিকবার আলোচনার উদ্যোগ নিয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রীর পাঠানো চিঠিতেও এ বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়। কিন্তু কারিগরি পর্যায়ের কিছু আলোচনা ছাড়া বিষয়টি নিয়ে ভারতের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এ চুক্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষতিই বরং বেশি হতে পারে।

বাংলাদেশের জন্য এ চুক্তি নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, উজানে ভারতের পানি প্রত্যাহারের কারণে দেশটি সবসময়ই ঝুঁকির মধ্যে থাকে। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ওপর কৃষি, মৎস্যসম্পদ ও নৌচলাচল অনেকাংশে নির্ভরশীল। চুক্তি নবায়ন হলেই বাংলাদেশ আগের তুলনায় পরিমাণে বেশি পানি পাবে এমন নিশ্চয়তা নেই। উজানে পানি প্রত্যাহার বৃদ্ধি, পানির ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গঙ্গার পানিপ্রবাহে বড় পরিবর্তন এসেছে। অন্যদিকে চুক্তির মেয়াদ শেষ হলে ভারত হারাবে সহযোগিতার মাধ্যমে অর্জিত অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সুবিধা, যার মূল্য ধরে রাখা পানির চেয়েও বেশি।

১৯৯৬ সালের চুক্তি

১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তি ছিল দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে উল্লেখযোগ্য অর্জন। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির মধ্য দিয়ে ফারাক্কা ব্যারাজকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে। কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার উদ্দেশ্যে ভারত এ ব্যারাজ নির্মাণ করেছিল। তবে ফারাক্কা দিয়ে পানি প্রত্যাহারের ফলে ভাটির অঞ্চলে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ।

সে সময় নদীর পানিপ্রবাহ নিয়ে বিদ্যমান মতপার্থক্যকে আলোচনার পথে বাধা হয়ে দাঁড়াতে দেয়নি দুই দেশ। দেশ দুটির সরকার ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে পানিবণ্টনের একটি উপায় খুঁজে নেয়। এতে প্রমাণিত হয়, পানিপ্রবাহসংক্রান্ত সব অনিশ্চয়তার সমাধান না করেও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সহযোগিতার পথ তৈরি করা সম্ভব। চুক্তিতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানির হিস্যা নির্ধারণ করা হয়েছিল। তবে সব পরিস্থিতিতে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম পানি প্রদানের কোনো নিশ্চয়তা এতে ছিল না। একই সঙ্গে পুরো নদী অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।

বর্তমানে সেচের সম্প্রসারণ, শিল্প খাতে পানির চাহিদা বৃদ্ধি এবং উজানে পানি প্রত্যাহারের কারণে নদীটির ওপর চাপ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন ও হিমালয় অঞ্চলের পানিপ্রবাহেও পরিবর্তন আসছে। এতে বছরের বিভিন্ন সময়ে পানির প্রাপ্যতা আগের তুলনায় অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। অতীতের পানিপ্রবাহের তথ্য ভবিষ্যতে পানির সরবরাহ নিশ্চিত করতে পারে না। ফলে বাংলাদেশ নতুন করে চুক্তি নবায়ন করলেও উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি পাওয়ার নিশ্চয়তা নেই। ফারাক্কায় যে পরিমাণ পানি নেই, উদার বণ্টননীতি গ্রহণ করেও তা সরবরাহ করা সম্ভব নয়।

ভারতের জন্য এ চুক্তি অনেক কারণেই গুরুত্বপূর্ণ। এক গবেষণায় আমি হিসাব করে দেখিয়েছি, পর্যাপ্ত সহযোগিতার অভাবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকাভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে প্রতি বছর অন্তত ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। এ অঞ্চলের বৃহত্তম অর্থনীতি হিসেবে এ সহযোগিতার ঘাটতি হ্রাসে ভারতের অর্থনৈতিক স্বার্থ রয়েছে। অভিন্ন নদীগুলোকে সম্মিলিত উন্নয়নের সম্পদ হিসেবে ব্যবহারের পরিবর্তে যখন জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়, তখন বিপুল অর্থনৈতিক সম্ভাবনা হাতছাড়া হয়।

গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় সমন্বিতভাবে জলবিদ্যুৎ উৎপাদন, সেচ ব্যবস্থার উন্নয়ন, বন্যা ব্যবস্থাপনা, নৌচলাচল, পরিবেশ পুনরুদ্ধার ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির নৌপথ, বন্দর ও পরিবহন নেটওয়ার্ক ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমানো, শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা আরো নির্ভরযোগ্য করা এবং এমন সব বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব, যা এককভাবে কোনো দেশের পক্ষে বাস্তবায়ন করা কঠিন।

রাজনৈতিক পরিণতি

চুক্তির মেয়াদ শেষ হতে দিলে অর্থনীতির পাশাপাশি রাজনীতিতেও এর ক্ষতিকর প্রভাব পড়বে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের বেশ অবনতি ঘটেছে। হাসিনার ভারতে অবস্থান, সংখ্যালঘু ও অভিবাসন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, বাণিজ্যিক বিধিনিষেধ এবং পারস্পরিক অবিশ্বাস দুই দেশের সম্পর্কে টানাপড়েন বাড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অংশীদারত্বের পরিসর বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ঢাকার কূটনৈতিক সিদ্ধান্ত ও অবস্থান নিয়ে ভারতের মোদি সরকার ক্রমেই অস্বস্তিতে পড়ছে বলে মনে হয়।

এমন পরিস্থিতিতে গঙ্গার পানিবণ্টন চুক্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়ে ভারত অপরিহার্য সহযোগিতা অব্যাহত রাখতে পারে কিনা তা প্রমাণ করবে এ চুক্তি। দুই দেশের কোন সরকার ক্ষমতায় রয়েছে তার ওপর পানিবণ্টনের গুরুত্ব নির্ভর করে না; এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েনের কারণে এ চুক্তিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখলে এমন ধারণাই আরো জোরালো হবে যে ভৌগোলিক সুবিধাকে ভারত রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ভারতের ফারাক্কা-সংক্রান্ত বিরোধের ইতিহাসও মনে রাখা উচিত। ১৯৯৬ সালের আগে বাংলাদেশ একাধিকবার এ বিরোধ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছিল, এমনকি জাতিসংঘেও বিষয়টি উত্থাপন করেছিল। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ঢাকা আবারো আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন চাইতে পারে। সেক্ষেত্রে অভিন্ন নদীর পানির ন্যায্য ব্যবহারসংক্রান্ত নীতির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা সম্ভব হবে। এমন কৌশল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য সমর্থন তৈরি করতে পারে। পানির সংকট নিয়ে উদাসীন কিংবা ভারতের সিদ্ধান্তের কাছে নতিস্বীকারকারী হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকি বাংলাদেশের কোনো নেতার পক্ষেই নেয়া সম্ভব নয়। ফলে একটি নিয়ন্ত্রণযোগ্য মতপার্থক্যকে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংঘাতে রূপ দেয়ার ঝুঁকিতে পড়বে নয়াদিল্লি।

এখানে চীনকে ঘিরেও ভারতের কৌশলগত জটিলতা রয়েছে। তিব্বত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীতে চীনের চলমান ও পরিকল্পনাধীন বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের। ইয়ারলুং সাংপো নদীই ভাটিতে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। উজানে নদীটির পানি ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানে চীনের কাছ থেকে আরো সহযোগিতা চায় ভারত। কিন্তু একই নদী অববাহিকায় ভাটির দেশ বাংলাদেশের পানির উদ্বেগ উপেক্ষা করে উজানের দেশ চীনের কাছে দায়িত্বশীল আচরণ কীভাবে দাবি করবে নয়াদিল্লি?

উজানে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির জবাবে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা। হিমালয় অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মৌসুমি বায়ুর পরিবর্তন এবং চরম বন্যার ঝুঁকির কারণে দুই দেশই অভিন্ন সংকটের মুখে রয়েছে। যৌথ পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং সমন্বিত কূটনৈতিক উদ্যোগ দুই দেশের দরকষাকষির অবস্থানকে আরো শক্তিশালী করবে। অথচ গঙ্গার পানিবণ্টন নিয়ে বিরোধ তৈরি হলে এ ধরনের সহযোগিতার জন্য যে পারস্পরিক আস্থা প্রয়োজন, তা ক্ষতিগ্রস্ত হবে।

ভারতের সঙ্গে বিরোধ বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সুযোগও তৈরি করতে পারে। চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পেছনে বাংলাদেশের অনেক কারণ রয়েছে। তবে পানির নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত সহযোগিতা না করলে বাংলাদেশের জন্য ভারতের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার প্রয়োজনীয়তা আরো স্পষ্ট হবে। একই সঙ্গে বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে চাইলে ভারত তা ঠেকাতে পারবে না।

আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তির ক্ষতি

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতাবস্থায় রেখেছে নয়াদিল্লি। ভারতের নিরাপত্তাসংক্রান্ত যুক্তি যা-ই হোক না কেন, কয়েক দশকের বৈরিতা এমনকি যুদ্ধের মধ্যেও টিকে থাকা একটি চুক্তি এভাবে স্থগিত করায় আঞ্চলিক সহযোগিতার বিষয়ে ভারত প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্বাসযোগ্য বিকল্প কোনো ব্যবস্থা না করে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে দিলে এ উদ্বেগ আরো জোরালো হবে। সিন্ধু ও গঙ্গা চুক্তির আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপট এক নয়। তবে সামগ্রিকভাবে আন্তর্জাতিক পরিসরে এমন ধারণা তৈরি হতে পারে যে অভিন্ন নদী ব্যবস্থাপনা ও পানিবণ্টন-সংক্রান্ত অঙ্গীকার বজায় রাখতে ভারত ক্রমেই অনাগ্রহী হয়ে উঠছে। এ ধরনের ভাবমূর্তি দায়িত্বশীল বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভারতের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে উজানে চীনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষেত্রেও ভারতের যুক্তি দুর্বল হয়ে পড়বে।

ভারতের অভ্যন্তরীণ স্বার্থকে গুরুত্ব দেয়া প্রয়োজন। হুগলি নদী ও কলকাতা বন্দরের জন্য পশ্চিমবঙ্গের পানি প্রয়োজন। অন্যদিকে পলি জমা এবং ফারাক্কা ব্যারাজের প্রভাব নিয়ে বিহারেরও যৌক্তিক উদ্বেগ রয়েছে। তবে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক জটিলতাকে কূটনৈতিক অচলাবস্থার অজুহাত হিসেবে দেখার সুযোগ নেই। একইভাবে বাংলাদেশেরও উপলব্ধি করা প্রয়োজন, ১৯৯৬ সালের বণ্টনসূত্র হুবহু পুনর্বহাল করলেই বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবেলা করা সম্ভব হবে না। নতুন করে চুক্তি প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে পানিপ্রবাহের স্বচ্ছ ও যৌথ পরিমাপ, পরিবেশগত সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ব্যবস্থা, পলি ব্যবস্থাপনা এবং চরম পানি সংকট মোকাবেলার কার্যকর পদ্ধতি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় এ মুহূর্তে একটি পূর্ণাঙ্গ ও সংশোধিত চুক্তি সম্পাদন করা হয়তো বাস্তবসম্মত হবে না। সেক্ষেত্রে আলোচনা চলমান রেখে যৌথ পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখতে অন্তর্বর্তী মেয়াদ বৃদ্ধি একটি কার্যকর বিকল্প হতে পারে।

১৯৯৬ সালের চুক্তি প্রমাণ করেছিল রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শিতার মাধ্যমে এ জটিলতা অতিক্রম করে সহযোগিতার পথ তৈরি করা সম্ভব। তিন দশক পর দুই দেশেরই বৈজ্ঞানিক জ্ঞান আগের তুলনায় সমৃদ্ধ হয়েছে এবং পারস্পরিক সহযোগিতার অর্থনৈতিক প্রণোদনাও বেড়েছে। কিন্তু যে বিষয়টির অভাব রয়েছে, তা হলো রাজনৈতিক সদিচ্ছা, বিশেষ করে ভারতের পক্ষ থেকে।

গঙ্গার পানিবণ্টন চুক্তির সঙ্গে বাংলাদেশের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। তবে শুধু চুক্তি নবায়ন করলেই শুষ্ক মৌসুমে পানির ক্রমহ্রাসমান প্রাপ্যতার সমস্যার সমাধান হবে না। অন্যদিকে ভারতের সম্ভাব্য ক্ষতি কেবল পানি হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা হাতছাড়া হওয়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি, আঞ্চলিক প্রভাব কমে যাওয়া এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি। প্রকৃত প্রশ্ন তাই ভারত গঙ্গার পানি ভাগ করে দিতে পারবে কিনা তা নয়; বরং সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিণতি বহন করার সামর্থ্য ভারতের রয়েছে কিনা।

[দ্য ওয়্যার গণমাধ্যম থেকে অনূদিত]

অশোক সোয়াইন : পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চের অধ্যাপক এবং সুইডেনের উপসালা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ওয়াটার কো-অপারেশনের ইউনেস্কো চেয়ার