নদনদী, খালবিল, গাছপালা অধ্যুষিত বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যভূমি সুন্দরবন, যার সর্বত্র ওত পেতে আছে বিপদ। ডাঙ্গায় বাঘ, জলে কুমির। অসংখ্য প্রজাতির গাছপালার অরণ্যে বাঘ, হরিণ, বুনো শুয়োর, বিষধর সাপ, বেজি থেকে শুরু করে কত যে প্রাণীর বসবাস-সে খবর রাখেন কম মানুষই। লোনা মাটির ভূমি সুন্দরবনের অপরিমিত সৌন্দর্য মুগ্ধ করে মানুষকে। কিন্তু প্রাণবৈচিত্র্যের আধার সেই সুন্দরবন আজ প্লাস্টিক বর্জ্যরে দূষণে বিপর্যস্ত। বাতাসে মিশে থাকা প্লাস্টিকের গন্ধ, নদী-খালের পানিতে ভেসে চলা মোড়ক এবং গাছপালার সঙ্গে আটকে থাকা ফাইবার-সব মিলিয়ে বনজ ও জলজ সম্পদে ভরপুর সুন্দরবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে প্লাস্টিক বর্জ্য।

সুন্দরবনের মাটি ও পানিতে উদ্বেগজনক হারে মিলছে মাইক্রোপ্লাস্টিক (৫ মিলিমিটারের কম দৈর্ঘ্যরে প্লাস্টিক কণা)। প্লাস্টিক দূষণ জলজ ও স্থলপ্রাণীর পাশাপাশি খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানবদেহেও প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক হয়ে।\r\nপরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত বছরই বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য নির্দিষ্ট করা হয়েছিল এই গ্রহ বনাম মাইক্রোপ্লাস্টিক। আমাদের বাসভূমি পৃথিবীর প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে মাইক্রোপ্লাস্টিককে। প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাই হলো মাইক্রোপ্লাস্টিক, যা শুধু মানুষ নয়, সকল প্রাণের জন্যেই ঝুঁকিপূর্ণ। \r\nবাংলাদেশ ও ভারতের গঙ্গা অববাহিকা অঞ্চলের পানি, পলি এবং বাতাসে মাইক্রোপ্লাস্টিকের আশঙ্কাজনক উপস্থিতি দেখা গেছে।

এই প্রথমবারের মতো গঙ্গা অববাহিকার মতো এত বড় একটি নদীব্যবস্থার পানি, পলি এবং বাতাসে মাইক্রোপ্লাস্টিকের কণার হিসাব করা হলো। এভারেস্ট পর্বতের চূড়া থেকে সাগরের গভীর তলদেশ, কোথায় না পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, যা প্লাস্টিকের ক্ষুদ্রতম কণা। মানবদেহেও সে জায়গা করে নিয়েছে। মানুষের রক্তে, প্লাসেন্টা এবং মায়ের দুধেও এর আগ্রাসন। এখন শোনা যাচ্ছে আরও ভয়ংকর কথা- মানব বীর্যেও অনুপপ্রবেশ করেছে মাইক্রোপ্লাস্টিক। \r\nবাংলাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও, কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক থেকে পরিবেশদূষণ শুধু অব্যাহতই নয়, বরং উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্লাস্টিক বর্জ্যসহ ব্যাপকভাবে বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও কর্ণফুলী নদী দেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে। প্লাস্টিক দূষণের কারণে আমাদের বাস্তুতন্ত্র ও ভূমির ব্যাপক দূষণ ঘটায় গাছপালা ও অন্যান্য প্রাণীর অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। এছাড়াও জৈব রাসায়নিক সারে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক থাকায়, তা কৃষিকাজে ব্যবহারের ফলে স্থায়ীভাবে মাটি দূষিত হচ্ছে। আমাদের অবশ্যই প্লাস্টিক দূষণ রোধে আরও সক্রিয় হতে হবে। প্লাস্টিক দূষণ বাঁচাতে কেবল সচেতন হলেই চলবে না, বৈশ্বিকভাবেও এই সচেতনতা গড়ে তোলা জরুরি।