দেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে কর্মবাজারে প্রবেশ করছে। বাস্তবতা হলো, এই বিপুলসংখ্যক গ্র্যাজুয়েটের একটি বড় অংশই কর্মক্ষেত্রে মৌলিক দক্ষতায় পিছিয়ে। ডিগ্রি থাকলেও দক্ষতার অভাবে তারা চাকরি পাচ্ছেন না, আবার যারা চাকরি পাচ্ছেন তারাও প্রত্যাশিত মান বজায় রাখতে পারছেন না। বিশ্ব অর্থনীতি দ্রুত প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটালাইজেশন ভবিষ্যৎ কর্মসংস্থানের ধরন আমূল বদলে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের উচ্চশিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের চিত্র খুবই হতাশাজনক।

কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, চাকরিদাতাদের চাহিদানুযায়ী দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে বাংলাদেশের স্কোর ৩৯ দশমিক ১। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ইনডেক্সের ৮১টি দেশের মধ্যে ৬৭তম। বাংলাদেশের এ অবস্থান ভবিষ্যৎ কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খুবই নেতিবাচক। সামগ্রিক স্কোর বিবেচনায় ইনডেক্সে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় যুক্তরাজ্য ও তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। জার্মানি ও জাপান দেশ দুটি বিশ্ব অর্থনীতিতে রয়েছে শক্তিশালী অবস্থানে। বিস্ময়কর এ উন্নতির প্রধান সোপান হচ্ছে কারিগরি শিক্ষা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার উন্নয়নের মূলেও রয়েছে কারিগরি শিক্ষা।

এ নিয়ে অনেক আলোচনা হলেও বাংলাদেশ কারিগরি শিক্ষায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। \r\nবাংলাদেশের পাঠ্যক্রম যুগোপযোগী নয়। প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং- এসব বিষয় সিলেবাসে নেই বা থাকলেও নামমাত্র। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বাস্তব কর্মপরিবেশে গিয়ে প্রথম বুঝতে যে, পারে তারা আসলে কিছুই জানেন না। \r\nশিক্ষার্থীদের মধ্যে অনেকেই দক্ষতা অর্জনের চেয়ে সনদকেই বড় মনে করে। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো দক্ষ জনবল না পেয়ে হচ্ছে বিদেশমুখী। এ অবস্থা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্যও বড় বাধা।\r\nগত দেড় দশকে দেশে উল্লেখযোগ্য হারে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার গুণগত মান। শিক্ষা খাতে জিডিপির অনুপাতে বাজেট বরাদ্দ খুবই স্বল্প। দক্ষ শিক্ষক সংকট, অপর্যাপ্ত গবেষণাগার, আধুনিক যন্ত্রপাতির অভাবে অধিকাংশ প্রতিষ্ঠান দক্ষতাভিত্তিক শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীদের নতুন শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে হলে কারিগরি খাতে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজ উদ্যোগে গড়ে তুলতে হবে দক্ষতা অর্জনের মানসিকতা। ডিগ্রিধারী নয়, দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যথায় শিক্ষিত জাতির স্বপ্ন থেকে যাবে অধরাই।