আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পালিত হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এটি শুধু আমাদের নদী ও সাগরের সম্পদ নয়; বরং দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই সামগ্রিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে ইলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অতিরিক্ত আহরণ, নির্বিচারে জাটকা নিধন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ইলিশের উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছিল। এমন পরিস্থিতিতে সরকার ২০০৩-০৪ সালে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার নিমিত্তে ‘হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’ প্রণয়ন করে। এটিই মূলত ইলিশ সম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি। এই কর্মপরিকল্পনার আলোকেই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ, ইলিশের অভয়াশ্রম ঘোষণা ও ব্যবস্থাপনা, জাটকা সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার রোধে বিশেষ কম্বিং অপারেশন, জেলেদের ভিজিএফ প্রদান, বিকল্প কর্মসংস্থানসহ বিবিধ কার্যক্রম গ্রহণ করা হয়। বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান ৯.৭৯ শতাংশ। জিডিপিতে ইলিশের অবদান প্রায় ১ শতাংশ। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশের বেশি আহরিত হয় এ দেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানে।
ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫-এর রুল ১৩ অনুযায়ী পরিপক্ব ইলিশ যাতে নিরাপদে ডিম দিতে পারে, তা নিশ্চিত করতে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক আশ্বিনী পূর্ণিমার আগে চার দিন এবং অমাবস্যার পরে তিন দিনকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে প্রজনন সময় নির্ধারণ করে মা ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ রাখা হয়। মাছের মুখ থেকে লেজ পর্যন্ত ১০ ইঞ্চির (২৫ সেন্টিমিটার) কম দৈর্ঘ্যের ইলিশ ধরা নিষিদ্ধ, যাতে জাটকা নিরাপদে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ ইলিশে রূপান্তরিত হতে পারে। সরকার আশা করছে, এই আট মাসের জাটকা সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আগামী বছর ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
জাটকা মূলত ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে বোঝায়। এগুলো সংরক্ষণ করা গেলে পরে বড় আকারের ইলিশে পরিণত হয়, যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণভাবে এক কেজি ওজনের ইলিশের দৈর্ঘ্য ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির বেশি হলে ৬০-৬২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। জাটকাকে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ করে দিতে নিষিদ্ধকালে উপকূলীয় অঞ্চলসহ দেশের সব নদ-নদী, মাছঘাট, আড়ত ও বাজারে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নির্বিচারে জাটকা নিধন রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে। জাটকা সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করতে দেশব্যাপী নিয়মিত অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে, যা ইলিশ সম্পদের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অভিযান চালাতে গিয়ে যেন জেলেদের মানবাধিকার লঙ্ঘন করা না হয়। একই সঙ্গে মাছ ধরা নিষিদ্ধকালে জেলেদের বেঁচে থাকার জন্য যে প্রণোদনা দেওয়া হয়, তার পুরোটা যেন তারা যথাযথভাবে পায়।
দেশবাসীকে জাটকা আহরণ, বেচাকেনা এবং খাওয়া থেকে বিরত থেকে জাতীয় মাছ ইলিশের সংরক্ষণ ও উন্নয়নে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ সফল হবে, যা ইলিশ সংরক্ষণ ও টেকসই উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মো. মামুন হাসান: সিনিয়র তথ্য অফিসার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
