ট্রাম্পকে লক্ষ্য করে একজন প্রতিবেদক বললেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি বলেছেন– “যুদ্ধ ‘শেষ হয়েছে’। কিন্তু আপনার প্রতিরক্ষা সচিব বলছেন, ‘এটা কেবল শুরু’। তাহলে আমরা কোনটা গ্রহণ করব?” প্রশ্ন শুনে ট্রাম্প ভ্যাবাচ্যাকা খেয়ে ডানে, বামে ও নিচে তাকাতে লাগলেন। ট্রাম্প একটু ক্ষান্ত হয়ে বললেন, ‘আচ্ছা। আমার মনে হয় আপনি দুটোই ভাবতে পারেন।’

ট্রাম্পের এই বিভ্রান্তিকর উত্তর যুদ্ধকালীন একজন নেতার জন্য শোভনীয় নয়, যিনি এ সময় উস্কানিমূলক বক্তব্য এবং স্পষ্ট পরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিলেন। তবে এটি পুরোপুরি ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কংগ্রেস ও বিশ্ববাণিজ্যের সঙ্গে তাল মেলাতে ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যে উচ্ছৃঙ্খল ঢং ব্যবহার করেন, সেটিই এখন যুদ্ধের রঙ্গমঞ্চে আমদানি করা হয়েছে। ইতোমধ্যে ইরানে হামলার ঘটনা তৃতীয় সপ্তাহে পৌঁছেছে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি প্রান্তে পড়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা আঁচ করা যাচ্ছে। এই সময় ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-ক্যাওস’ আকারে হাজির হয়েছেন।

ইতিহাসবিদ জোনাথান অল্টার মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, বারাক ওবামা ও জিমি কার্টার নিয়ে বই লিখেছেন। অল্টার বলেছেন, ‘তিনি হলেন বিশৃঙ্খলার এজেন্ট। আর এ কাজটাই তিনি বিশেষজ্ঞের মতো করেন। উনি সংবাদপত্রের শিরোনাম হতে মরিয়া থাকেন। এর চেয়ে বেশি কিছু তিনি চিন্তা করতে পারেন না। তাই আপনি বারবার সংঘাতপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে সামনে আসেন।’

ইরানে বোমা হামলার নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্প নিজ দেশের নাগরিকদের কাছে প্রশ্নের মুখে পড়েছেন। শুধু তাই নয়। তিনি নিজের যুক্তি উপস্থাপন করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন– কেন আগাম পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল এবং গত দুই দশকের ‘অনন্তকালের যুদ্ধ’ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার তাঁর প্রতিশ্রুতির সঙ্গে এটি কীভাবে সংগতিপূর্ণ।

ইরানে হামলার পক্ষে বেশ কয়েকটি কারণ তুলে ধরা হয়েছিল। তার মধ্যে একটি হলো ট্রাম্পের ‘অনুভূতি’। অর্থাৎ তিনি মনে করেছেন, ইরান অচিরেই যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সেই অবস্থান সামান্য পরিবর্তন করে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্টের ‘এক ধরনের অনুভূতি ছিল’, যা ‘সত্যের ওপর ভিত্তি করে’। কিন্তু পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের কর্মীদের ব্যক্তিগত ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই, যা ইঙ্গিত দেয় যে ইরান পূর্বনির্ধারিতভাবে আক্রমণ করার পরিকল্পনা করছে।

যুদ্ধের সময়সূচি ও লক্ষ্যগুলিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, যুদ্ধের ‘শুরু কিংবা মাঝামাঝি বা সমাপ্তি’ নির্ভর করে প্রেসিডেন্টের ওপর। কিন্তু ট্রাম্প এ ব্যাপারে সব সময় অস্থিরতা দেখিয়ে যাচ্ছেন। সোমবার রিপাবলিকানদের এক সমাবেশে বক্তৃতায় তিনি যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ বলে উল্লেখ করার পরিবর্তে বলেছেন, ‘আমরা যুদ্ধে এখন যথেষ্ট জয়লাভ করিনি’। সিবিএস নিউজে ফোন সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছিলেন: ‘আমি মনে করি, যুদ্ধ পুরোপুরি সম্পন্ন হয়েছে, যথেষ্ট।’ এরপর একই দিন পেন্টাগনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল, ‘এটি কেবল শুরু এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত আমরা হতাশ হব না। আর আমরা যুদ্ধ শুরু করেছি মাত্র।’

মেরিন কর্পসের এক প্রবীণ সৈনিক এবং ভেট ভয়েস ফাউন্ডেশনের নেত্রী জেনেসা গোল্ডবেক মন্তব্য করেছেন, ‘এই বৈপরীত্য মার্কিন নেতৃত্বের ব্যাপারে প্রতিপক্ষদের কাছে বিপজ্জনক সংকেত দেয়। যখন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ মূলত শেষ হয়েছে; অন্যদিকে তার পেন্টাগন থেকে বলা হয়, এটি কেবল শুরু, তখন এটি বিশ্বকে এই বার্তা দেয়– এই কৌশল কারও নিয়ন্ত্রণে নেই।’

ভেট ভয়েস ফাউন্ডেশনের সিইও জেনেসা গোল্ডবেক বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মিশন নির্ধারণ না করেই একটি যুদ্ধ শুরু করেছিলেন এবং এই যুদ্ধের লক্ষ্যগুলো একাধিকবার পরিবর্তিত হয়েছে। এটি একটি সত্যিকারের গোলমাল ছাড়া ভিন্ন কিছু নয়।’

ডেভিড স্মিথ: গার্ডিয়ানের ওয়াশিংটন ব্যুরোপ্রধান; ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম