শিক্ষাবর্ষের প্রথম দিন এলেই বাংলাদেশে একটি পরিচিত দৃশ্য চোখে পড়ে- রঙিন মলাটের বই হাতে শিশুদের হাসিমুখ, ক্যামেরার ফ্ল্যাশ, আর কর্তাব্যক্তিদের আশাবাদী বক্তব্য। নাম দেওয়া হয় পাঠ্যবই উৎসব । কিন্তু এই উৎসবের আড়ালে যে বাস্তবতা লুকিয়ে থাকে, তা হলো দেশের অসংখ্য শিক্ষার্থীর জন্য সময়মতো পাঠ্যবই না পাওয়া, আংশিক বই পাওয়া কিংবা ভুলে ভরা বই হাতে পাওয়া। বছরের পর বছর একই চিত্র, একই অজুহাত, একই ভোগান্তি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে- এই দীর্ঘস্থায়ী পাঠ্যবই সংকটের দায় আসলে কার?\r\nশিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া- এটি রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব।

সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি চালু করে একটি সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে শিক্ষায় প্রবেশাধিকার হয়েছে অনেকটাই বিস্তৃত। বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই বিতরণের দায়িত্ব মূলত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর ওপর। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই নিয়ে প্রতি বছরই একই সংকট, একই অজুহাত, একই ব্যর্থতার পুনরাবৃত্তি। ২০২৬ শিক্ষাবর্ষেরও তার ব্যতিক্রম হয়নি।\r\nডিসেম্বরের শেষপ্রান্তে এসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানাচ্ছে- মাধ্যমিক পর্যায়ের মাত্র ৫৩ শতাংশ বই ছাপানো হয়েছে।

অথচ মাঠপর্যায়ের প্রেস মালিকদের দাবি, প্রকৃত চিত্র আরও হতাশাজনক- ছাপানো হয়েছে মাত্র ২৫ শতাংশের মতো। এই পরিসংখ্যানগত ফারাকই ইঙ্গিত দেয় ব্যবস্থাপনার গভীর সংকটের। এই সংকটের পেছনে প্রথমেই আসে পরিকল্পনার দুর্বলতা। পুরো বছরের শিক্ষার্থীর সংখ্যা, বইয়ের চাহিদা, মুদ্রণ সক্ষমতা- এসব বিষয় আগে থেকেই নির্ধারণ করা সম্ভব। তবুও প্রতি বছর শেষ মুহূর্তে দরপত্র আহ্বান, ছাপাখানা নির্বাচন ও কাগজ সরবরাহে জটিলতা তৈরি হয়। ফলে সময়মতো বই ছাপানো ও বিতরণ ব্যাহত হয়। \r\n২০২৬ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২১ কোটি ৪৩ লাখের বেশি পাঠ্যবই ছাপানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এত বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজন ছিল সময়োপযোগী পরিকল্পনা, দ্রুত দরপত্র প্রক্রিয়া ও সমন্বিত প্রশাসনিক সিদ্ধান্ত।

কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। পুনঃদরপত্র প্রক্রিয়া দীর্ঘ হওয়া, শিক্ষা মন্ত্রণালয় ও ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনে ধীরগতি, প্রশাসনিক জটিলতা এবং সর্বশেষ ৪ ডিসেম্বর পর্যন্ত চুক্তি স্বাক্ষর বিলম্বিত হওয়া- সব মিলিয়ে শুরুতেই সময় নষ্ট হয়েছে। ডিসেম্বর মাসে এসে চুক্তি স্বাক্ষর করে জানুয়ারির ১ তারিখে বই সরবরাহের প্রত্যাশা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।\r\nএনসিটিবির জনবল সংকট এবং পরিকল্পনার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। নির্দিষ্ট কয়েকটি কাগজ মিলের বাইরে কাগজ ব্যবহারে নিষেধাজ্ঞা, কাগজের স্পেসিফিকেশন পরিবর্তনের কারণে আগের বছরের মজুত ব্যবহার করতে না পারা- এসব সিদ্ধান্ত বই মুদ্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাঠ্যক্রম ও বইয়ের বিষয়বস্তুর ঘনঘন পরিবর্তনও সংকটকে বাড়িয়ে তোলে।

শিক্ষাবিদদের পর্যাপ্ত প্রস্তুতি ও পরীক্ষামূলক প্রয়োগ ছাড়াই হঠাৎ করে নতুন কারিকুলাম চালু করা হয়। ফলে বই বারবার সংশোধন করতে হয়, ভুল ধরা পড়ে বিতরণের পর। এতে শিক্ষকরা বিভ্রান্ত হন, শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। এতে একদিকে শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হয়, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটে।\r\nপ্রেস মালিকদের বক্তব্য আরও উদ্বেগজনক। তাদের মতে, এই সমন্বয়হীনতা নতুন নয়। এটি বছরের পর বছর ধরে চলে আসছে। চুক্তি অনুযায়ী কাজ করলেও অনেক বই ফেব্রুয়ারির আগে সরবরাহ করা সম্ভব নয়। তার ওপর নির্বাচনি পরিস্থিতিতে শ্রমিক সংকট নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। একই সময়ে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের বই শতভাগ মুদ্রণ ও বিতরণ সম্পন্ন হওয়াকে সরকার অভূতপূর্ব সাফল্য হিসেবে তুলে ধরছে।

সাড়ে আট কোটির বেশি বই সময়মতো ছাপানো সম্ভব হলে প্রশ্ন উঠতেই পারে- তবে মাধ্যমিক পর্যায়ে কেন এই দীর্ঘসূত্রতা?\r\nএটি প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, সময়মতো সিদ্ধান্ত ও দৃঢ় প্রশাসনিক তৎপরতা থাকলে কাজ অসম্ভব নয়। এখানে দায় শুধু একটি প্রতিষ্ঠানের নয়। নীতিনির্ধারক, প্রশাসন, এনসিটিবি, মুদ্রণকারী প্রতিষ্ঠান- সবার সম্মিলিত দায়িত্বহীনতাই এই সংকটকে দীর্ঘস্থায়ী করেছে। তদারকির অভাব, জবাবদিহির দুর্বলতা এবং সমস্যার স্থায়ী সমাধানের বদলে সাময়িক ব্যবস্থাই মূল সমস্যা। তাহলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কেন প্রতি বছর অনিশ্চয়তার মধ্যে পড়বে? এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ে দরিদ্র ও গ্রামীণ শিক্ষার্থীদের ওপর। শহরের অনেক শিক্ষার্থী বিকল্প হিসেবে গাইড বই বা নোট ব্যবহার করতে পারলেও প্রান্তিক শিক্ষার্থীদের সে সুযোগ নেই।

ফলে শিক্ষার বৈষম্য আরও গভীর হয়, যা দেশের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা। শিক্ষার্থীরাই কি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? এজন্যই কি প্রতিবছর একই কাজ বারবার হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। \r\nসরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানুয়ারির শুরুতেই যেন সব শিক্ষার্থীদের বই দেওয়া যায় সেই লক্ষ্যে পাঠ্যবই প্রণয়ন ও মুদ্রণ প্রক্রিয়াকে আরও আগেভাগে শুরু করতে হবে। দক্ষ ও সক্ষম ছাপাখানা বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পাঠ্যক্রম পরিবর্তনের ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা ও পাইলট প্রকল্প চালু করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা। মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

বছরের শুরুতে বই না পেলে পাঠদান ব্যাহত হয়, শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়। অথচ এই বাস্তবতা যেন নীতিনির্ধারকদের আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায় না। এনসিটিবি আশ্বাস দিচ্ছে- ২/৩ সপ্তাহের মধ্যেই বই পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই দেরি কি স্বাভাবিক হয়ে যাবে? নাকি একদিন আমরা দেখব, সময়মতো কাজ করাও রাষ্ট্রীয় সক্ষমতার অংশ?\r\nএই সংকট থেকে বের হতে হলে দরকার- দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আগাম দরপত্র প্রক্রিয়া, কাগজ সরবরাহে বাস্তবসম্মত নীতি, এনসিটিবির জনবল ও সক্ষমতা বৃদ্ধি, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং বারবার ব্যর্থতার জন্য জবাবদিহি ইত্যাদি। তাহলে সংকট কাটতে পারে। পাঠ্যবই কোনো বিলাসী পণ্য নয়; এটি শিক্ষার্থীর অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে শুধু একটি সংস্থা নয়, পুরো ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়ে। সময় এসেছে প্রতিবছরের একই গল্প থেকে বেরিয়ে আসার, নচেৎ ক্ষতিটা বই ছাপার নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ