দুনিয়াজুড়ে মানুষ জীবন-জীবিকার নিরাপত্তার প্রয়োজনে দ্রুত শহরমুখী হচ্ছে। অর্ধশতাব্দীকাল ধরে বৈশ্বিক এই স্রোত চলমান। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের বৈশ্বিক নগরায়ণ প্রতিবেদন-২০২৫-এ এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের জনবহুল নগরীর তালিকায় অনেক রদবদল হয়েছে। জাপানের টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর নবম স্থান থেকে দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশের রাজধানী জনবহুল শহর ঢাকা। বর্তমানে জাকার্তার জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ এবং ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। এই সংখ্যা কেবল জনসংখ্যার পরিমাণ নয়, বরং নগর ব্যবস্থাপনার সক্ষমতা, জলবায়ুঝুঁকি, অভ্যন্তরীণ অভিবাসনপ্রবাহ, মানুষের জীবন-জীবিকা ও শহরের টেকসই অবকাঠামোর স্থায়িত্বের ওপর চরম হুমকি।

সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো, ২০৫০ সালে ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, যার জনসংখ্যা ছাড়িয়ে যাবে ৫ কোটির বেশি। অর্থাৎ, আগামী ২৫ বছর বাংলাদেশের রাজধানী ঢাকাকে মোকাবিলা করতে হবে নজিরবিহীন জনস্রোত, যা ঢাকাবাসীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ হবে। \r\nআমরা মনে করি, বিশ্বের জনবহুল শহরের তালিকায় ঢাকার এ উত্থান জাতীয় মর্যাদার প্রতীক নয়, বরং গভীর পরিকল্পনা ও সংস্কারের জরুরি ও মানবিক আহ্বান। সরকার আজ যে সিদ্ধান্ত নেবে, তাই ঠিক করবে আগামী প্রজন্মের বাসযোগ্য নগরী হিসেবে রাজধানী ঢাকার বেঁচে থাকা কিংবা না থাকা। শুধু ঢাকা নয়, সমগ্র বিশ্বেই মেগা সিটির সংখ্যা আগের চেয়ে বেড়ে ৩৩-এ পৌঁছেছে; যার ১৯টি এশিয়া মহাদেশে। ১৯৭৫ সালে এ সংখ্যা ছিল মাত্র ৮টি।

এই পরিবর্তন বিশ্ববাসীকে ইঙ্গিত করছে যে, মানবসভ্যতার পরবর্তী চ্যালেঞ্জ মূলত শহরকে ঘিরেই। সুতরাং টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন, নগরায়ণের সুষম বিস্তার, আঞ্চলিক শহর শক্তিশালীকরণ, গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি- এসবকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ না করলে ভবিষ্যতের নগর–বাসযোগ্যতা হারাবে। \r\nদেশের বিশেষজ্ঞেরা বলছেন, শহরকে কেবল আকাশচুম্বী চোখ ধাঁধানো ভবন ও জনসংখ্যার যোগফল হিসেবে দেখলে চলবে না; বরং দেখতে হবে মানবিক জীবনের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। ঢাকার এই উত্থান মূলত দেশের প্রান্তিক পর্যায় গ্রাম-মফস্বল থেকে অভিবাসনের প্রবাহ, যার মধ্যে রয়েছে শিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্য। দেশে স্বাস্থ্য খাতে বৈষম্য প্রকট। মানুষ তার যাবতীয় প্রয়োজনে ছুটে আসে ঢাকায়। জলবায়ু দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের নগরমুখী হওয়া অন্যতম কারণ। কিন্তু এ প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ অবকাঠামো তৈরি হয়নি রাজধানী ঢাকায়। যানজট, বায়ু ও পানি দূষণ, আবাসন সংকট, বর্জ্য ব্যবস্থাপনার অকার্যকারিতা, আর্থ-সামাজিক বৈষম্য সব মিলিয়ে ঢাকা এক বহুমাত্রিক সংকটের শহরে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। এখনই প্রয়োজন নতুন নগরনীতি, যেখানে থাকবে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন পরিকল্পনা। শ্রমজীবী স্বল্প-আয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন, জলবায়ুঝুঁকি মোকাবিলা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ও নগরবাসীর সমন্বিত অংশগ্রহণ।