গণমাধ্যম যত স্বনিয়ন্ত্রিত হবে, সরকারি হস্তক্ষেপ তত কমবে। এমন অভিমত উঠে এসেছে বুধবার মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর সংলাপে। যেটিতে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট ক জন সম্পাদক। বলাবাহুল্য স্বাধীন সম্পাদক, সংবাদমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও স্বাধীনতা একসূত্রে গাঁথা। এর একদিন আগে বাংলাদেশে গণমাধ্যম সংস্কার : স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয় শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত হয় রাজধানীতে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ওই সংলাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ, গণমাধ্যমবিশেষজ্ঞ এবং বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকেরা অংশ নেন।

এতে দঙ্গলবাজিকে উৎসাহিত করা হলে, পৃষ্ঠপোষকতা দেওয়া হলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে চিন্তার আর অবকাশ থাকবে না বলে সতর্ক করেছেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। তিনি আরও বলেন, রাজনৈতিক-অরাজনৈতিক যেকোনো গোষ্ঠী, বাণিজ্যিক-অবাণিজ্যিক যেকোনো গোষ্ঠী- প্রত্যেকের কাছ থেকেই গণমাধ্যম হুমকির মুখে। হুমকির মুখে সাংবাদিকতার স্বাধীনতা। এর বিরুদ্ধে দরকার পেশার ঐক্য, যেটি নেই। \r\nদেশ ও সমাজের কল্যাণ এবং উন্নতির নেপথ্যে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আজ প্রতিষ্ঠিত। পক্ষপাতহীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উপকৃত হয় মানুষ। যারা কোনো না কোনোভাবে অনৈতিকতা ও অপরাধের সঙ্গে যুক্ত তারাই সংবাদমাধ্যমকে ভয় পায়। নিজ অপকর্মের সংবাদ প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই তারা গণমাধ্যমের গলা টিপে ধরতে চায়, সাংবাদিকদের ওপর আক্রমণ চালায়।

আমরা যদি বিশ্বের প্রেক্ষাপটে বিচার করি তবে দেখব, অপরাধ, মতানৈক্য ও দমন-পীড়নের খবর চাপা দেয়ার জন্য সরকার ও অপরাধীদের পুরনো কৌশলের পাশাপাশি নতুন নতুন সব হুমকির মোকাবিলা করতে হচ্ছে সাংবাদিকদের। বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। বিশ্বের অনেক দেশ স্বাধীন সাংবাদিকতার বড় দৃষ্টান্ত হয়ে উঠলেও বাংলাদেশে প্রভাবশালী ও অর্থনৈতিক বিচারে ক্ষমতাবান মহল সাংবাদিকতার জন্য বারবার হুমকি হয়ে দাঁড়ায়। এসব প্রতিকূলতা উজিয়েই দেশে সাংবাদিকতার উন্নতি হয়েছে। এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও কেউ কুকর্ম করে রেহাই পায় না। সে সংবাদটি কোনো না কোনো সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে। বিশেষ করে বিগত অর্ধ দশকে দেশে ডিজিটাল পদ্ধতির ব্যাপক প্রসারের ফলে অনলাইনে অত্যন্ত অল্প সময়ের ভেতর কোনো সুখবর বা দুঃসংবাদটি রাষ্ট্র হয়ে যায়। মুহুর্মুহু তার প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাংবাদিকতার এসব সফলতার পাশাপাশি সাংবাদিক নির্যাতন কিন্তু থেমে নেই। \r\nগণতন্ত্রের অভিযাত্রা সুগম রাখা, সমাজ তথা গণমানুষের বাস্তব পরিস্থিতি উপস্থাপন, তাদের কণ্ঠস্বর ঊর্ধ্বে তুলে ধরা এবং সব ধরনের অন্যায়, দুর্বৃত্তপনা ও নৈরাজ্যের স্বচ্ছ চিত্র তুলে ধরার স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা দান অত্যন্ত জরুরি। গণমাধ্যমের স্বাধীনতা যে কোনো মূল্যে সমুন্নত রাখা চাই। সত্য, সেবা, সাংবাদিকতা- এই তিন একসূত্রে গাঁথা। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিক আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চললে দেশের সেবা ও মানবসেবা নিশ্চিত হয়।