বিগত বিদায়ী স্বৈরাচারী সরকারের আমলে দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাট ও বিপুল সংখ্যক ঋণখেলাপীসহ বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের বিষয়টি সুবিদিত। যার দীর্ঘমেয়াদি প্রভাবে দেশের আর্থিক অবস্থা সর্বাধিক বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের নানা ইতিবাচক সংস্কার সত্বেও এ খাতে এখন পর্যন্ত শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। যে কারণে বেসরকারি খাতে বেশ কয়েকটি ব্যাংক প্রায় দেউলিয়া অবস্থায় নিপতিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক দেউলিয়াত্ব রোধে কয়েকটি ব্যাংক একীভূত করে পুনজ্জীবিত করার যথাসাধ্য চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তেমন সাফল্য আসেনি বললেই চলে। অন্যদিকে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। এর সুফল পেতে সময় লাগবে।
\r\nএই অবকাশে কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতের অধিকতর আর্থিক শৃঙ্খলা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকির উদ্যোগ নিয়েছে। এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলা করা। এর জন্য ব্যাংক তদাকরি কাঠামোতে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে প্রচলিত পরিদর্শন ব্যবস্থার পরিবর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেগুলোর ঝুঁকিমাত্রা ডেটাভিত্তিক ঝুঁকিভিত্তিক তদারকি বা রিস্ক বেজড সুপারভিশনের (আরবিএস) আওতায় আনা হবে। চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে চালু করবে এই ব্যবস্থা। \r\nবাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ঝুঁকিভিত্তিক তদারকির পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করেছে।
এর অংশ হিসেবে তদারকি সংশ্লিষ্ট ১৩টি বিভাগ পুনগঠন করে ১৭টি বিভাগ গঠন করা হয়েছে। এর মধ্যে ব্যাংক সুপারভিশন নামে ১২টি বিভাগ গঠিত হয়েছে। যেখানে ব্যাংকের ধরন ও ঝুঁকির মাত্রা অনুযায়ী বণ্টন করা হয়েছে দায়িত্ব। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট বিভাগগুলো বিভিন্ন ব্যাংকের দেওয়া তথ্য ও ডেটা বিশ্লেষণের ভিত্তিতে দিক নির্দেশনা দেবে। প্রয়োজনে তথ্যের যথার্থতা যাচাই করে অতিরিক্ত তথ্য চাওয়া হবে। তদারকির ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণ এমনকি পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। পরিস্থিতির প্রয়োজনে ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশও প্রয়োগ করা হতে পারে। ব্যাংক খাতে স্থিতিশীলতা রক্ষা এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বের বহুদেশে অনেক আগে থেকেই ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও ব্যবস্থাটি চালু এবং যথাযথভাবে প্রয়োগ করা হলে ব্যাংক তথা আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেই প্রত্যাশা।
