শিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা ব্যতীত কোনো জাতি বিশ্বের বুকে উঁচু হয়ে দাঁড়াতে পারে না। শিক্ষা মানুষের মনুষ্যত্ববোধের ইতিবাচক পরিবর্তন ঘটায়। শেখায় মানবিকতা, আন্তরিকতা ও সততা। ছেলেমেয়েদের শিক্ষাকে মূল্যায়ন করার জন্যই নেওয়া হয় পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় পাসের জন্য পড়াশোনায় মনোযোগী হওয়ার পরিবর্তে কেউ কেউ ঝুঁকছে ভিন্ন পথে। পড়ার টেবিলে বসে বই না খুলে ভাবছে নকলের উপায়। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় বেড়েছে বই দেখে লেখার প্রবণতা। বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকলের হিড়িক পড়ার দৃশ্য। এতে সাহায্য করেন স্বয়ং কিছু অসাধু শিক্ষক ও অভিভাবকরা। যা পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনার মনোবলকে দুর্বল করে দেয়।
শুধু তাই না, নকলের সুযোগ থাকায় নকল করা শিক্ষার্থীরাও পড়াশোনাবিমুখ হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে তাদের পড়াশোনার প্রতি অনীহা তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়। \r\nশিক্ষার মধ্যেই তারা শিখছে অনিয়ম আর অন্যায় যা সুশিক্ষার বৈশিষ্ট্য বহন করতে পারে না। নকল করে শিক্ষার হার বাড়লেও তা দেশের মেধা সম্পদকে অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে পরীক্ষার হলে অনেকেই মোবাইল নিয়ে মোবাইল দেখে দেখে লিখছে। যা কোনো ভাবেই ভালো শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য হতে পারে না। আর এতে বোঝাও যাচ্ছে না কে বা কারা আসলে প্রকৃত মেধাবী। নকলের বিষাক্ততা শুধু স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপকহারে বেড়েছে নকলের প্রবণতা।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস রুমে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি থাকায় প্রায় সবার কাছেই মোবাইল থাকে। বিশেষ করে ইনকোর্স পরীক্ষাগুলোতে অনেকেই মোবাইল ব্যবহার করে চ্যাট জিপিটি, গুগুল বা লেকচার শিট থেকে হুবুহু দেখে লিখে। এমনকি সেমিস্টার ফাইনালেও অনেকেই মোবাইল দেখে লিখে। এটা মানতে কষ্ট হলেও বাস্তবে এই প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। \r\nশিক্ষা আমাদের শেখায় সততা আর ন্যায়পরায়ণতা। কিন্তু বাস্তবতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা শুধু পরীক্ষায় পাস করার জন্যই পড়ছি। আর সে কারণেই অনেকেই ভাবতে শুরু করেছে পড়াশোনার লক্ষ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া। তাই ভালো নাম্বার না পেলেই হতাশায় আত্মহনন পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না।
শিক্ষা যে মনুষ্যত্বের সুষ্ঠু বিকাশ ঘটিয়ে সৌন্দর্যপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তোলে তা আমরা মানতেই চাই না। জাতি, দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সার্বিক উন্নয়ের জন্য সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষা মানেই সুষ্ঠু জ্ঞান, সৌন্দর্য ও শুদ্ধতার আদর্শিক চর্চা। শিক্ষার্থীরা শুধু তাদের একাডেমিক পরীক্ষায় নকল করে, বিষয়টি এমন নয়। যারা শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিক্ষক হওয়ার জন্য অংশগ্রহণ করেন তাদের মধ্যেও অনেকেই নকলের আশ্রয় নেন। কিছুদিন আগে হয়ে যাওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তার জলজ্যান্ত প্রমাণ। অনেকের কানের ভেতর থেকে ডিভাইস উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে সকল শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করতে না পারার ভয়ে নকল করে চাকরি পাওয়ার স্বপ্ন দেখে, তারা শিক্ষার্থীদের কতটুকু সুশিক্ষা প্রদান করতে সক্ষম হবে সেটিও একটি বড় প্রশ্ন। অন্যদিকে নকলকারীদের কাছে হেরে যান অনেক পড়ুয়া মেধাবী চাকরিপ্রার্থী। \r\nসময় এসেছে পরিবর্তনের। দেশের সার্বিক কল্যাণের স্বার্থে নকলবিহীন সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সরকারের কর্তব্য। দেশের বৃহৎ স্বার্থে এ বিষয়ে সরকাককে এগিয়ে আসতে হবে। পরীক্ষায় পাসের হার না বাড়িয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। একইভাবে সকল চাকরি পরিক্ষায় প্রশ্নফাঁসরোধ ও নকলমুক্ত করা এখন সময়ের দাবি। সুশিক্ষা মানেই দক্ষতা। শিক্ষিত ব্যক্তি মানেই দক্ষ। দক্ষতাই পারে দেশের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। দেশের শিক্ষক সমাজ, সুশীল সমাজ, অভিভাবক, নীতিনির্ধারক ও সরকাকে একযোগে নকল রোধে কাজ করতে হবে। নকল বা ডিজিটাল জালিয়াতি রোধ করা গেলেই দেশের শিক্ষাঙ্গনে জ্বলে উঠবে এক মহা মঙ্গলের দীপশিখা, যা আলো ছড়াবে সমগ্র দেশে।
