বাঙালির মেধা মনন ও সৃজনশীলতার প্রতীক বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ২৭ ডিসেম্বর শনিবার। প্রায় দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় দেশের শিল্প-সাহিত্য-নাট্যাঙ্গন-সংস্কৃতি-বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর একটি যৌথ পুরস্কারসহ মোট ৯টি পুরস্কার প্রদান করা হয় ৯ জনকে। আর বাংলা একাডেমির ফেলোশিপ প্রদান করা হয় ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক ও রাজনৈতিক চিন্তক আবুল কাশেম ফজলুল হক।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে আবুল কাশেম ফজলুল হক বলেন, বাংলা একাডেমি এবার প্রতিষ্ঠার ৭০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ ৭০ বছরের পরিক্রমায় অসাধারণ সব অর্জন থাকলেও সাধারণ মানুষের বিপুল আশা-আকাক্সক্ষাকে ধারণ করতে পারেনি একাডেমি কিছু সীমাবদ্ধতার কারণে। সে অবস্থায় সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় বাংলা একাডেমিকে অধিকতর জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া আবশ্যক হয়ে পড়েছে। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে বাংলা একাডেমির পথচলা শুরু। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক ভাষা আন্দোলনের দাবির মুখে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলার মর্যাদা স্বীকৃত হলে, এর উন্নয়নকল্পে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। ৫২’র ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে ভাষা শহীদদের রক্তের ঋণকে ধারণ করে ১৯৫৫ সালে স্থাপিত হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি। বাঙালি জাতিসত্তা, মেধা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমি ইতোপূর্বে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে, যা বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাস ও মননের প্রতীক হিসেবে এখনো ধারণ করে চলেছে তার ঐতিহ্য।
প্রতিষ্ঠার এত বছর পরও বাংলা একাডেমি তার ঐতিহাসিক গৌরবদীপ্ত পথচলা থেকে এতটুকুও বিচ্যুত হয়নি। রাষ্ট্রভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে বাংলা একাডেমি সর্বদা সচল ও সক্রিয় থেকেছে এবং দেশ ও জাতি গঠনে পালন করেছে বলিষ্ঠ ভূমিকা। তবে স্বীকার করতে হবে যে, নিকট অতীতে ক্ষমতাসীন সরকারি দলের ছত্রছায়ায় কিছুটা হলেও পথভ্রষ্ট হয়েছিল প্রতিষ্ঠানটি। ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। আগামীতে এর অবসান ঘটবে বলেই প্রত্যাশা। এও স্বীকার করতে হবে যে, বর্তমানে প্রচলিত মননশীল গবেষণার অনুপাতে বাংলা একাডেমির কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়েছে অমর একুশে বইমেলার জন্য। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী বইমেলার আয়োজন করা বাংলা একাডেমির অন্যতম একটি দায়িত্ব। তবে বইমেলার আয়োজন করতে গিয়ে বাংলা একাডেমির মূল কার্যক্রমও যথেষ্ট ব্যাহত হয়, যা কাম্য নয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামীতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ আরও বেশি গবেষণাধর্মী কাজে মনোনিবেশ করবে বলে আশা করা যায়। বাংলা একাডেমি কর্তৃপক্ষের এ বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করার সময় সমাগত।
