১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস । ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে দিবসটি ঘোষণা করে। ১৪ নভেম্বর সার ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন। চার্লস বেস্টের সঙ্গে যৌথভাবে তিনি ১৯২১ সালে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। ইনসুলিনের আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়, তাই তার জন্মদিনকেই এ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৯৯১ সাল হতে বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগী অতিদ্রুত বৃদ্ধি পেতে থাকে। ফলে এ বিষয়টি বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়। কিন্তু এ অবস্থায় মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জানা ছিলো না।
ডায়াবেটিস মূলত রক্তের শর্করা সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ। এ রোগ নিয়ন্ত্রণে চিকিৎসা এবং যথাযথ নিয়মাবলী মানা না হলে প্রাণঘাতী হয়ে ওঠে। চিকিৎসা না নেওয়া হলে হৃৎপিণ্ড, রক্তনালি, স্নায়ু ও অন্য যে কোনো অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। তাই ডায়াবেটিস প্রতিরোধ, শনাক্তকরণ ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাদ্যাভ্যাস প্রচার, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নীতি ও কর্মপরিকল্পনা জোরদার করার লক্ষ্যে বর্তমানে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে।\r\n২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন । প্রেক্ষাপট বিবেচনায় প্রতিপাদ্যটি তাৎপর্যপূর্ণ।
কারণ ডায়াবেটিস রোগীদের বিরাট একটা অংশ কর্মক্ষম জনগোষ্ঠী। কাজের খাতিরে একজন মানুষ কর্মস্থলেই বেশি সময় কাটান। ডায়াবেটিস আক্রান্ত মানুষ কর্মস্থলে সচেতন না থাকলে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং উৎপাদনশীলতাও কমে যায়। অর্থাৎ কর্মস্থলে অভ্যাসগত জীবনচক্র ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। বর্তমানে অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম ডায়াবেটিস এবং শারীরিক অনেক সমস্যার মূলে রয়েছে রোগটি। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ডায়াবেটিসে আক্রান্তের হার বেশি। বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে, যার বড় কারণ অর্ধেকেরও বেশি মানুষ যারা ইতোমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হয়েও বিষয়টি জানেই না।
তবে, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বলছে, বাংলাদেশে এক কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক নারী। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জানা যায়, দেশে ডায়াবেটিস রোগীর ২-৩ শতাংশের (প্রায় ৪ লাখ) বয়স ১৬ বছরের কম, যাদের বেশির ভাগই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগের বিষয় হলো, পুরো বিশ্বে অল্পবয়সীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার সবচেয়ে বেশি! সামাগ্রিকভাবে শিশু-কিশোরদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার ভয়াবহ রূপ ধারণ করেছে। এর বড় কারণ হলো অস্বাস্থ্যকর জীবন যাত্রা ও খাদ্যাভ্যাস। এছাড়াও ভেজাল খাদ্য, পরিবেশসহ প্রয়োজনীয় উপাদানে অরিতিক্ত দূষণও সমস্যা প্রকট করে তুলছে।
তবে অল্পবয়সীদের মধ্যে ফাস্টফুড, জাঙ্কফুড, কোমলপানীয় এবং অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের চাহিদা অনেক বেড়ে গেছে যা ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের বড় কারণ। সুনির্দিষ্ট নীতিমালা না থাকা এগুলো নিয়ন্ত্রণ ও মনিটরিং সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শহুরে জীবন মূলত, খাঁচায় বন্দি জীবন। পর্যাপ্ত পাবলিক প্লেস যেমন: মাঠ, পার্ক, উদ্যান ইত্যাদি না থাকায় জনগণ বাসাবন্দি হয়ে পড়ছে। বিশেষ করে শিশুরা খেলাধুলা ও শারীরিক কসরত না করতে পারায় মুটিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ঝুঁকিপূর্ণ আচরণ যেমন- ধূমপান, জর্দা, গুল তামাকপাতা সেবন ডায়াবেটিসে আক্রান্তের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। \r\nডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যারা ধূমপান করেন, তাদের ইনসুলিন ডোজ বা মাত্রা কার্যকর করতে সমস্যা হওয়ার সম্ভবনা বেশি।
একজন ধূমপায়ী যত বেশি সিগারেট পান করবেন, তার টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি তত বেশি। যে ধরনের ডায়াবেটিস থাকুক না কেন, ধূমপান বা তামাকজাত পণ্য (নিকোটিন) গ্রহণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আরও জটিল করে তোলে। যদি কারো ডায়াবেটিস হয় এবং তিনি যদি ধূমপান করেন তবে ডায়াবেটিস থেকে তাঁর বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট, ভ্যাপিং ইত্যাদি) তামাকপণ্যের বিকল্প ভেবে ব্যবহার করেন, যা ভুল পদক্ষেপ। ই-সিগারেট নেশাদায়ক এবং এর মধ্যেও নিকোটিনসহ ক্ষতিকারক রাসায়নিক আছে যা সিগারেটেও পাওয়া যায়। সুতরাং এই পণ্যগুলো রক্তে শর্করাকেও বাড়িয়ে তুলতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।\r\nডায়াবেটিস প্রতিরোধে ধূমপান করবেন না। কারণ ধূমপান আপনার টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ায়, ওজন বেশি হলে ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ অনেক জরুরি। ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার হলে তা সারে না। তবে এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ যোগ্য। ডায়াবেটিস এর ঝুঁকি সম্পর্কে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ। এজন্য যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই উভয়কেই ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস এর ঝুঁকি সম্পর্কে জানতে হবে। কর্মস্থলে যেখানে মানুষ তার বেশির ভাগ সময় কাটায় সেখানেও সচেতনতা অত্যন্ত জরুরি। একইসাথে ঝুঁকিপূর্ণ আচরণ তন্মধ্যে- ধূমপান ছেড়ে দিতেই হবে। ধূমপান ছাড়তে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। তবে অনেক ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হতে পারে। আসুন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হই। কর্মস্থলসহ সর্বত্র সচেতনতা ছড়িয়ে দেই। কারণ রোগের চিকিৎসার চাইতে প্রতিরোধ শ্রেয়।
