গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই সনদ (সংবিধান সংস্কার) আদেশ ঘোষণা করার পর নির্বাচন সম্পর্কে যদি কারো কোনো বিন্দুমাত্র সংশয়ও থেকে থাকে তাহলে আশা করি, সেটিও দূর হয়েছে। নির্বাচন কী হবে, এই প্রশ্ন আর কেউ করবেন না। আসলে আমি এই কলামে এবং অন্যান্য জায়গায় অসংখ্যবার বলেছি যে, নির্বাচন যথাসময়ে হবেই। এখন তো সবই হলো। শুধুমাত্র নির্বাচনী তফসিল ঘোষণা বাকি। সেটি একান্তভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব। সরকার নির্বাচন কমিশনকে বলেছে, আসন্ন পবিত্র রমজান মাস শুরু হওয়ার পূর্বেই জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত করতে। সেটি করতে গেলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন বলেছে, সরকার প্রদত্ত সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সে শুরু করেছে এবং সময় মতোই সেগুলি সম্পন্ন হবে।
আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে, দেশের মধ্যে যেসব শক্তি বা মহল রয়েছে তারা কেউই নির্বাচন বানচালের জন্য কোনো ষড়যন্ত্র করবে না। যারা দেশপ্রেমিক তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে না। তাই বলে কেউ যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে না সেটি হলফ করে বলা যাবে না। এ নিয়ে এই কলামের শেষে আমরা আলোচনা করবো।
আমাদের বড়-ছোট মিলে যে ৪০টির মতো রাজনৈতিক দল রয়েছে তাদের কেউই নির্বাচন বানচাল তো দূরের কথা, পেছানোর কথাও চিন্তা করে না। এর আলামত এখন দৃশ্যমান। বিএনপি যে ২৩৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে, তারা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। একইভাবে জামায়াতে ইসলামী শ’ খানেকেরও বেশি প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। তারাও ইতোমধ্যেই মাঠে নেমেছেন। তারপরেও উভয় দল চূড়ান্ত মনোনয়ন অর্থাৎ ৩০০ প্রার্থীকে ফাইনালি নমিনেট করেনি। এর কারণ নি¤œরূপ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতেও বলেছেন এবং বর্তমানেও বলছেন যে, বিএনপি এবার একা একা নির্বাচন করবে না। বিগত ১৫ বছর বড়-ছোট মিলে যেসব দল বিএনপির সাথে শেখ হাসিনার ফ্যাসিবাদ নির্মূলের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে তাদেরকে নিয়েই বিএনপি ইলেকশন করবে। শুধু ইলেকশন করাই নয়, ইলেকশনে শরীকদের নিয়ে বিএনপি যদি মেজরিটি পায় তাহলে তাদেরকে নিয়েই বিএনপি সরকারও গঠন করবে। অনেকে বলছেন যদি তাই হয়, তাহলে সেটি হবে অনেকটা জাতীয় সরকারের মতো। অবশ্য তাই বলে দেশে যে কোনো বিরোধী দল থাকবে না তা নয়। আওয়ামী লীগ এবার নির্বাচন করতে পারবে না, এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর দেশে জামায়াতে ইসলামী বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছে। জামায়াতে ইসলামী এবং তার নির্বাচনী সঙ্গীরা ছাড়া অবশিষ্ট সকলকে নিয়ে বিএনপি সরকার গঠন করবে। অবশ্য বামপন্থীদের কথা এই মুহূর্তে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।
কারণ, গত ১৫ নভেম্বর শনিবার সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম সমস্ত বামপন্থীদের নিয়ে তৃতীয় জোট গঠনের আহবান জানিয়েছেন। তার আহবানে তেমন কোনো সাড়া মেলেনি। বাসদ তার অতীতের সঙ্গী ছিলো, আজও আছে। আর কারা সিপিবির সঙ্গী হবে সেটি জনগণের কাছে পরিষ্কার নয়। তবে পদার্থকে ভাঙলে যেমন অনেক অণু বেরিয়ে আসে, তেমনি বাংলাদেশে বামপন্থীরা ভেঙে ভেঙে অনেক অণুতে পরিণত হয়েছে। এদের হিসাব কেউ জানে না। জানার প্রয়োজনও নাই। কারণ, তারা এদেশের রাজনীতিতে অতীতেও ফ্যাক্টর ছিল না, আজও নয়। বরং মধ্যবামের ৬টি দল মিলে গণতন্ত্র মঞ্চ গঠন করেছে। তারা বিএনপির জোটসঙ্গী।
বিএনপি ৬৩টি আসনে প্রার্থী দেয়নি। গণমাধ্যমের রিপোর্ট মোতাবেক, বিএনপি প্রথমে তার অতীতের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথীদের সাথে সিট (আসন) অ্যাডজাস্টমেন্ট করবে। এদের মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চ, সমমনা জোট, ১২ দলীয় জোট, অলী আহমেদের এলডিপি, সেলিমের এলডিপি প্রভৃতি দল। শোনা যাচ্ছে, একাধিক ইসলামী দলের সাথে নির্বাচনী জোট গঠন করার জন্যও বিএনপি চেষ্টা করে যাচ্ছে। এদের জন্য যে ঐ ৬৩টি আসনের সবগুলি খালি রাখা হয়েছে, তা নয়। তাদের জন্য যতগুলি আসন ছেড়ে দেওয়া দরকার ততগুলি ছেড়ে দেওয়ার পর আরো যে কটি আসন অবশিষ্ট থাকে সেগুলি বিএনপি ঐসব নেতাকে দেওয়া হবে যারা এখনো নমিনেশন পাননি। এ কারণেই বিএনপির ৩০০টি আসন চূড়ান্ত করতে দেরি হচ্ছে। তবে মনে হচ্ছে যে, নভেম্বরের মধ্যেই হাইকমান্ড নমিনেশন ফাইনালাইজ করবে।
॥দুই॥ প্রায় একই রকম অবস্থা জামায়াতেরও। তবে তাদের অবস্থা বিএনপির চেয়েও জটিল। কারণ, এর আগে জামায়াত ঘোষণা করেছিলো যে, তারা তাদের শরিকদের ১০০ আসন ছেড়ে দিতে প্রস্তুত। জানা গেছে যে, আসন বণ্টন করতে গিয়ে জামায়াত দেখতে পাচ্ছে যে, তাদের শরীকরা আরো বেশি আসন দাবি করছে। এই বিষয়টি নিয়েই এখন তারা ব্যস্ত। এখানে বিএনপির শরীকদের সাথে জামায়াতের শরীকদের পার্থক্য। বিএনপির শরীকদের মধ্যে অধিকাংশ দল ছোট হলেও মাঠের রাজনীতি এবং ঘরোয়া রাজনীতি: উভয় ক্ষেত্রেই তারা অভিজ্ঞ। এছাড়া ঐসব দল ছোট হলেও তাদের কয়েকজন নেতা জাতীয় পর্যায়ের।
এই বিষয়টি জামায়াতের শরীকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি নাম ধরে বলতে পারি। চরমোনাইয়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের অসংখ্য মুরিদ রয়েছেন। পীর সাহেব ডাকলে অনেক মুরিদ সাড়া দেন। এদেরকে নিয়েই পীর সাহেবের রাজনৈতিক দল। ইংরেজিতে যেটিকে বলা হয়, In the true sense of the term, সেই অর্থে ইসলামী আন্দোলন বলি, আর খেলাফত মজলিশ বলি, তারা কেউই রাজনৈতিক দল হিসেবে বিকশিত হয়নি। অবশ্য একথা ঠিক যে, এসব আলেম-ওলামার অনেকেই জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন। কওমী মাদরাসার ছাত্ররাও বিপুলাংশে বিপ্লবে শামিল হয়েছিলেন।
এদের সাথে জামায়াতে ইসলামীকে আসন বণ্টন করতে হচ্ছে। মওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ দৃশ্যত জামায়াতের সাথে আছে। আবার একাধিক গণমাধ্যমে রিপোর্ট বের হচ্ছে যে, মওলানা মামুনুল হককে নাকি ঢাকার কোনো একটি আসনে প্রার্থী করার বিষয় নিয়ে বিএনপির সাথে আলোচনা চলছে। একই আলোচনা চলছে এনসিপিকে নিয়েও। উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ইলেকশন করবেন। কিন্তু এখনো বিষয়টি পরিষ্কার নয় যে, তিনি কি এনসিপি থেকে, নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন? তাসনিম জারাও ঢাকা থেকে ইলেকশন করবেন। যদিও তিনি এনসিপির হাইকমান্ডের সদস্য, তারপরেও প্রচারণা রয়েছে যে, তিনি বিএনপি থেকেও দাঁড়াতে পারেন।
॥তিন॥ যাই হোক, দিনশেষে বিএনপি ও জামায়াতের নিজ নিজ দলীয় ও জোটসঙ্গীদের নমিনেশন চূড়ান্ত হবে। কিন্তু তাই বলে কি তাদের মাথার ওপর থেকে অনিশ্চয়তার কালো মেঘ দূর হয়েছে? এই বিষয়টি তাদের ভাবতে হবে। আমি প্রথমে বলেছি, দেশের মধ্যে ইলেকশন চায় না, এমন দল বা মহল নাই বললেই চলে। কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশেরই দল। অনেকে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের দল বলেন না। তারা বলেন, আওয়ামী লীগ ভারতের অংগ্রেস-বিজেপির শাখা। এটা যে একেবারে ভিত্তিহীন তা নয়। ভারত আওয়ামী নেক্সাস সেই ১৯৬২ সাল থেকেই। সেটি ভিন্ন প্রসঙ্গ। বারান্তরে আলোচনার ইচ্ছা রয়েছে।
যাই হোক, শেখ হাসিনার মৃত্যুদ-ের রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠবে ইলেকশন বানচালের। এ ব্যাপারে তাকে অল আউট সহযোগিতা করবে ভারত সরকার। বস্তুত গত ১৫ মাস ধরে ভারত হাসিনা এবং আওয়ামী লীগের কারণেই শুধুমাত্র ইউনূস সরকারের সাথে নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে।
আজ নরেন্দ্র মোদির সরকার ইউনূস সরকারের সাথে যে অশালীন এবং বৈরী আচরণ করছে সেটি কোনো নির্বাচিত সরকারের সাথে করা সম্ভব নয়। সুতরাং শুধুমাত্র শেখ হাসিনার জন্য নয়, ভারত নিজের স্বার্থের জন্য চাইবে না যে কোনো নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক।
॥চার॥ সত্যি কথা এই যে, এটা ২০২৫ সাল, ১৯৭১ সাল নয়। ১৯৭১ সালে ভারত যখন মুক্তিযুদ্ধকে সাহায্য ও সহযোগিতা করে এবং ডিসেম্বর মাসে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তখন বাংলাদেশের জনসাধরণ মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার স্বার্থে ভারতের সামরিক হস্তক্ষেপকে সমর্থন করে। তখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে অপারেশন করতে এলে বাংলাদেশের মানুষ তাদেরকে আশ্রয় দেওয়াসহ সর্বাত্মক সাহায্য করেন। একই কারনে তারা ৭১-এ ভারতের সামরিক অভিযানকেও সমর্থন করে।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগ ও শেখ হাসিনা জনগণের দুশমন হিসেবে বাংলাদেশের জনগণের কাছে চিহ্নিত। একইভাবে শেখ হাসিনা এবং লক্ষাধিক আওয়ামী নেতাকর্মীকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশ বিরোধী কর্মকা-ে সক্রিয় সাহায্য করায় ১৮ কোটি মানুষই প্রচন্ড ভারতবিরোধী। যদি এবারের পরিস্থিতি ৭১-এর মতো অনুকূল থাকতো তাহলে ভারত এতদিনে শেখ হাসিনার পক্ষে সামরিক হস্তক্ষেপ করতো। সেটি এবার কোনোভাবেই সম্ভব নয়। যতই তারা বাংলাদেশে সীমান্তের আশেপাশে নতুন করে সামরিক ঘাঁটি নির্মাণ করুক না কেনো, সরাসরি সামরিক হস্তক্ষেপ সারা ভারতের জন্য বিপর্যয় ডেকে আনবে।
তাই বলে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। শেখ হাসিনার রায়ের পর ভারতের সব আশা, সব ভরসার সলতে টুকুও নিভে গেলো। তাই শেখ হাসিনার মতো ভারতও মরিয়া হয়ে উঠবে ইলেকশন বানচালের জন্য। কীভাবে কোনো অলিগলি পথে, কোনো ষড়যন্ত্রের সুড়ঙ্গ পথে ভারত তৎপরতা চালাবে, সেটি যতই দিন যাবে ততই স্পষ্ট হয়ে উঠবে। সুতরাং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের প্রতি আহবান, আগামী ৩টি মাস সকলকে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন হলো ভারত এবং আওয়ামী লীগ।
Email:journalist15@gmail.com
