বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এখন আর কেবল জোট-মহাজোট কিংবা গুটিকতক নেতার ড্রয়িংরুমের আলোচনায় সীমাবদ্ধ নেই। রাজনীতির সনাতনী ধারায় পরিবর্তনের আভাস মিলেছে মাঠের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে নগরের রাজপথ পর্যন্ত। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে আগামী নির্বাচনের ফল আর কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক সিদ্ধান্তে নির্ধারিত হবেÑ এমন ধারণা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
বরং এবারের নির্বাচনে প্রভাবশালী নিয়ামক হিসেবে সামনে চলে আসছে দুই বৃহৎ সামাজিক শক্তি তরুণ প্রজন্ম এবং দেশের নারী ভোটাররা।\r\nনির্বাচন কমিশনের সাম্প্রতিক হালনাগাদ তথ্য ও মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, এই দুই গোষ্ঠী কেবল ভোটারের সংখ্যায়ই গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যৎ সরকার ও রাষ্ট্র পরিচালনার আদর্শিক দিকনির্দেশনা নির্ধারণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটির বেশি। এর মধ্যে ১৮-৩৭ বছর বয়সী তরুণ ভোটারদের অংশ প্রায় অর্ধেকের কাছাকাছি। একই সঙ্গে নারী ভোটারের হারও প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে।
এই জনমিতিক বাস্তবতা যে কোনো রাজনৈতিক দলের জন্যই বড় সুযোগ, আবার বড় চ্যালেঞ্জও।\r\nগুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০০৮ সালের পর গত ১৬-১৭ বছরে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের একটি বিশাল অংশ আগে কখনো একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এই অধিকারবঞ্চিত সাড়ে চার কোটির বেশি তরুণ ভোটারের মনে যে জমাটবদ্ধ আকাক্সক্ষা রয়েছে, তা এবার ব্যালট বাক্সে আছড়ে পড়ার অপেক্ষায় আছে। সেই অর্থে এই প্রজন্ম কেবল ভোটার নয়; তারা পরিবর্তনের আকাক্সক্ষা বহনকারী একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি।\r\nসাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও গবেষণাভিত্তিক আলোচনায় উঠে আসছে, এবারের ভোটাররা আর শুধু কার সমর্থকÑ সেই পরিচয়ে ভোট দিতে আগ্রহী নন।
বরং তারা গুরুত্ব দিচ্ছেন কেন ভোট দেবেন এবং ভোটের বিনিময়ে কী প্রত্যাশা করছেন, সেই প্রশ্নে। তরুণ ভোটাররা রাজনৈতিক দলের ইশতেহারে কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনা, বাকস্বাধীনতার নিশ্চয়তা এবং তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারের প্রতিফলন খুঁজছেন। সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা তাদের এই বোধে পৌঁছে দিয়েছে যে, সংগঠিতভাবে চাইলে রাষ্ট্রের নীতিনির্ধারণী গতিপথেও প্রভাব ফেলা সম্ভব। ফলে কেবল অতীতের বয়ান কিংবা আবেগী সেøাগানে এই প্রজন্মকে আকৃষ্ট করা সহজ হবে না।\r\nঅন্যদিকে নারী ভোটারদের রাজনৈতিক আচরণও আগের তুলনায় অনেক বেশি সচেতন ও দাবিভিত্তিক হয়ে উঠেছে। একসময় নারীদের ভোট সিদ্ধান্তকে পারিবারিক প্রভাবের সঙ্গে যুক্ত করে দেখা হলেও, বাস্তবতা এখন ভিন্ন।
অর্থনৈতিক নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা এবং পারিবারিক স্বস্তি এ বিষয়গুলো আজকের নারী ভোটারদের কাছে মুখ্য হয়ে উঠেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ যখন মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারকে নাজুক করে তোলে, তখন এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন পরিবারের নারীরাই।\r\nরাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ এখনো কাক্সিক্ষত মাত্রায় না পৌঁছালেও, ভোটার হিসেবে নারীরা ক্রমেই একটি নীরব কিন্তু প্রভাবশালী শক্তিতে পরিণত হচ্ছেন। নির্বাচন যদি সহিংসতামুক্ত ও ভীতিহীন পরিবেশে অনুষ্ঠিত হয়, তবে এই সাইলেন্ট মেজরিটি সরকারের পরিবর্তন বা ধারাবাহিকতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।\r\nভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে তরুণ ও নারীশক্তির প্রভাব কেবল ভোটের দিনেই সীমাবদ্ধ থাকবে না। সরকার গঠনের পর নীতিনির্ধারণী পর্যায়েও এই দুই গোষ্ঠীর প্রত্যাশা ও চাপ কার্যকর থাকবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের টিকে থাকার জন্য তরুণদের কর্মসংস্থান ও অংশগ্রহণের প্রশ্ন এবং নারীদের জীবনমান উন্নয়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।\r\nভোটার তালিকার এই জনমিতিক পরিবর্তন স্পষ্ট করে দিচ্ছে যে, রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা বদলে যাচ্ছে। যারা এই পরিবর্তনকে যথাযথভাবে অনুধাবন করে তরুণ ও নারীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে, আগামী দিনের রাষ্ট্রক্ষমতার চাবিকাঠি তাদের হাতেই যাবে। বাংলাদেশ আজ এক নতুন ভোরের অপেক্ষায়, যে ভোরে তারুণ্যের প্রত্যাশা আর নারীশক্তির দৃঢ় সংকল্পই নির্ধারণ করবে আগামীর পথচলা।\r\nলেখক : শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
