আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি ঘটনার মধ্য দিয়ে পরবর্তী লঙ্ঘনের পথ খুলে যায়। আফগানিস্তান থেকে ইরান পর্যন্ত এবং ইরাক, লিবিয়া, সিরিয়া, ইউক্রেন, গাজা ও ভেনেজুয়েলার বেলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা দেখা গেছে। ফলে হস্তক্ষেপের কোনটি অনুমোদিত ও কোনটি নিষিদ্ধ– তার মধ্যকার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে গেছে। ভেটোকে ঢাল ও অস্ত্র উভয় হিসেবে ব্যবহার করে স্থায়ী সদস্যরা প্রায়শ জাতিসংঘ সনদের অনুমোদন ছাড়াই লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। এরই মধ্য দিয়ে মৃত্যু ও ধ্বংসের এক দীর্ঘ মিছিল তৈরি হয়।

কয়েক বছর আগেও জাতিসংঘে অনুমোদনের মাধ্যমে ভিন্ন দেশে হস্তক্ষেপের ঘটনাগুলোকে বৈধতার একটি আবরণ দেওয়ার অন্তত একটি চেষ্টা ছিল। আজ পরিস্থিতি একেবারে বদলে গেছে। ক্ষমতার প্রকাশ্য প্রয়োগ আর লোক দেখানো ভাব বজায় রাখার চেষ্টাও দেখা যাচ্ছে না। আধিপত্যবাদী প্রতিদ্বন্দ্বিতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বহুপক্ষীয় প্রতিষ্ঠানের রক্ষাকবচগুলো অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ছে। বহুপক্ষীয়তা ছাড়া সবার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এবং আমরা এখন ত্রুটিপূর্ণ এই ব্যবস্থাকে ব্যাপক নিরাপত্তাহীনতার নির্মম বাস্তবতা দিয়ে প্রতিস্থাপন করার ঝুঁকিতে রয়েছি। যখন শক্তি প্রয়োগের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব বর্তমানে সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সংঘাত প্রত্যক্ষ করছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে, এমন এক সময়ে এটি ঘটছে যখন গণতন্ত্র এক সন্ধিক্ষণে অবস্থান করছে। চরমপন্থা একদিকে দুষ্টচক্রের সূচনা করে, অন্যদিকে সবকিছু তছনছ করে ফেলে। যখন সরকারগুলো অসহিষ্ণুতা বা ক্ষমতার দম্ভে নিজেদের যুদ্ধে জড়িয়ে ফেলে, তখন তারা ক্ষোভের এমন বীজ বপন করে, যা থেকে আরও ঘৃণা ও সহিংসতার জন্ম হয়।

সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্রেই প্রযুক্তিগত অগ্রগতি আমাদের সামনে নৈতিক প্রশ্নের মুখোমুখি করে। কোনো আইনি বা নৈতিক মাপকাঠি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। আন্তর্জাতিক মানবিক আইনের মূলনীতিগুলো বিশেষ করে সামরিক ও বেসামরিকদের মধ্যকার পার্থক্য গুরুতর হুমকির মুখে পড়েছে। এই সম্মিলিত বিপর্যয়ের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশু। আমরা এমন এক অস্ত্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছি, যা দেশগুলোকে তাদের বাজেটের ক্রমবর্ধমান অংশ সামরিক খাতে ব্যয় করতে বাধ্য করছে। বর্তমানে বিশ্বের সামরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২.৭ ট্রিলিয়ন ডলার। অথচ এই বিপুল পরিমাণ অর্থ এখানে ব্যয় না করে পরিবর্তে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, জলবায়ু সংকট মোকাবিলা, শিক্ষার সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং ডিজিটাল অন্তর্ভুক্তির প্রসারে ব্যবহার করা যেত। এর চেয়েও জঘন্য হলো যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে বারবার ব্যবহার এবং বিচারহীনতার সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো ভয়াবহ রূপ নিয়েছে।

কোনো বোমা, ড্রোন বা ক্ষেপণাস্ত্র সশস্ত্র সংঘাতের ক্ষতি থেকে অর্থনীতিকে রক্ষা করতে পারে না। তেলের দামের ওঠানামার কারণে ব্যবসা ও ভোক্তাদের জন্য জ্বালানি ও পরিবহন আরও ব্যয়বহুল হয়। এক পর্যায়ে তা নাগালের বাইরেও চলে যায়। অবরোধের ফলে বাণিজ্য সীমিত হয়ে আসে। সারের ঘাটতির কারণে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেয় এবং মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ায়, যা সরকারি ও বেসরকারি ঋণ বৃদ্ধি করে। এতে বিনিয়োগের সুযোগ ও কর্মসংস্থান নষ্ট হয়।

একতরফা পদক্ষেপ, স্বেচ্ছাচারী ব্যবস্থা, সার্বভৌমত্বের লঙ্ঘন এবং অল্প সময়ের মধ্যে বিচারিক মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়মে পরিণত হচ্ছে। ল্যানসেটে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, জাতিসংঘের সমর্থন ছাড়া আরোপিত নিষেধাজ্ঞা, বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মৃত্যুহারকে প্রভাবিত করে। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ১৯৭০-এর দশক থেকে গড়ে প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী।

অতিরিক্ত ক্ষমতা এবং অস্থিতিশীলতা একটি অপরটিকে উস্কে দেয়। যেখানে নিয়মের কোনো বালাই নেই, সেখানে বিশ্ব স্বাভাবিকভাবে অনিরাপদ হয়ে পড়ে। এ রকম বিশ্বে যে কেউ পরবর্তী শিকার হতে পারে। সহিংসতা সংলাপের বিকল্প হতে পারে না, তেমনি বলপ্রয়োগও কূটনীতির ওপর জয়ী হতে পারে না। বিভিন্ন জাতিগোষ্ঠীর সার্বভৌম ও সমমর্যাদার ওপর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বিশেষ অধিকারগুলো ইতোমধ্যে অকার্যকর হয়ে পড়েছে। যখন দায়িত্বজ্ঞানহীনভাবে তা প্রয়োগ করা হয়, তখন তা অসহনীয় হয়ে ওঠে। এখন সময় এসেছে সংস্কারের মধ্য দিয়ে জাতিসংঘের কাজ করার ক্ষমতা পুনরুদ্ধার করা। আর তারই মাধ্যমে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নেওয়া, যাতে প্রতিষ্ঠানটি আমাদের সবাইকে প্রভাবিত করে এমন ঘটনার নিছক দর্শক হয়ে না থাকে।

লুইজ ইনাসিও লুলা দা সিলভা: ব্রাজিলের প্রেসিডেন্ট; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম