বিশ্ব অর্থনীতিতে যে যত শক্তিশালী তার প্রভাব তত বেশি। মানুষ তার কাছেই যায়, বিশ্ব তাকে কুর্ণিশ করে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক শক্তিতে এক নম্বর হলেও সাম্রাজ্যবাদী আচরণ ও হুমকি-ধমকির কারণে তাকে খুব কম দেশই পছন্দ করে। অন্যদিকে, বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীনকে বিশ্বের প্রায় সকল দেশই পছন্দ করে। এর কারণ হচ্ছে, চীন কোনো দেশকে হুমকি-ধমকি দেয় না কিংবা সাম্রাজ্যবাদী আচরণ করে না। কোনো দেশে যুদ্ধ চাপিয়ে দেয় না। দেশ থেকে দেশে পারস্পরিক উন্নয়নের রাজনীতি করে। এতে নিজেও উপকৃত হয়, সংশ্লিষ্ট দেশও উপকৃত হয়। তাই বলে কি চীনকে এ যুগের কাবুলিওয়ালা বলা যায়? হ্যাঁ, বলা যায়। তবে এই কাবুলিওয়ালার ধরন আলাদা। তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না। বরং উপকৃত হয়। কারণ সে যেমন বিনিয়োগ-বাণিজ্য করে নিজে লাভবান হয়, তেমনি তার সহযোগিতায় অন্য দেশগুলোরও উন্নয়ন হয়। ব্যবসা-বাণিজ্যের বিষয়টিই এমন যে, পারস্পরিক লেনদেনের মাধ্যমে উভয়পক্ষই লাভবান হয়। এজন্য উন্নয়নশীল দেশগুলো এখন চীনের দিকে ধাবিত হচ্ছে। নিজের উন্নতির জন্য তার সহযোগিতা চাচ্ছে। চীনও হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা জানি, উপমহাদেশে চীনের সহায়তা নিয়ে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভূটান, পাকিস্তান, আফগানিস্তান অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এসব দেশ জেনেবুঝে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করেই চীনমুখী হয়েছে। শুধু কি উপমহাদেশের দেশগুলোই চীনমুখী হয়েছে? না। আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশগুলোও চীনমুখী হয়েছে। এমনকি যে যুক্তরাষ্ট্র নিজেকে এক নম্বর অর্থনীতির দেশ মনে করে, সেও চীনের দ্বারস্থ হচ্ছে। ইউরোপের দেশগুলো বিভিন্ন সহায়তার জন্য চীনের কাছে ধর্ণা দিচ্ছে। আর ভারত তো এখন চীনের সহায়তা পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। এমতাবস্থায়, বাংলাদেশ কি পিছিয়ে থাকতে পারে?
দুই. চীন এমন একটি দেশ যে ব্যবসা-বাণিজ্য ছাড়া কিছু বোঝে না। পরাশক্তি হয়েও যুক্তরাষ্ট্রের মতো সমরাস্ত্র নিয়ে কোনো দেশের উপর ঝাপিয়ে পড়ে না। তার নীতি অর্থনৈতিক শান্তি ও সমৃদ্ধির নীতি। ফলে যেসব দেশ একসময় যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ মেনে নিয়ে তার সহায়তা চাইত, সেসব দেশ এখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে চীনমুখী হয়েছে এবং হচ্ছে। চীন এমন একটি দেশ, যে কিনা মানুষের চলার জন্য যা কিছু প্রয়োজন, তাই উৎপাদন করে, যাতে হাত বাড়ালেই তার কাছ থেকে পাওয়া যায়। সামান্য সুঁই থেকে শুরু করে জাহাজ পর্যন্ত এমন কোনো ক্ষুদ্র-বৃহৎ জিনিস নেই, যা সে তৈরি করে না। অন্যদিকে, সমরাস্ত্রের দিক দিয়েও শীর্ষ তালিকায় রয়েছে। তার লক্ষ্যই হচ্ছে, দেশে দেশে বাণিজ্য ও বিনিয়োগ করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা।
সে উন্নয়নশীল দেশগুলোর সহযোগী হয় সেখানে শিল্পাঞ্চল গড়ে তোলাসহ বড় বড় স্থাপনা তৈরি করে। চীন তার ম্যানুফ্যাকচারিং শিল্প এমনভাবে সাজিয়েছে যে, সেখানে দিন-রাত চব্বিশ ঘন্টা ছোট-বড় সবধরনের পণ্য উৎপাদিত হতে থাকে। যেমন কেউ যদি বলে, আমার সুঁই লাগবে, সাথে সাথে সে পেয়ে যাবে। তাকে বলতে দেরি, পেতে দেরি হয় না। যেকোনো পণ্য উৎপাদন করে স্টকে রেখে দেয়, যাতে চাওয়ার সাথে সাথে ক্রেতাকে দিতে পারে। যেমন কেউ যদি জাহাজ কিনতে চায়, তাহলে সে সাথে সাথে দিয়ে দিতে পারবে। কারণ, আগে থেকেই সে অনেক জাহাজ তৈরি করে পানিতে ভাসিয়ে রেখেছে, যাতে চাওয়ার সাথে সাথে দিতে পারে। এসব রেডিমেড জাহাজ খেলনার মতো পানিতে ভাসতে থাকে। মাসের পর মাস ধরে তৈরি করে দেয়ার মতো সময়ক্ষেপণ করে না চীন।
জাহাজ তৈরির কারখানার জন্য তার আলাদা অঞ্চল রয়েছে, সেখানে কেবল জাহাজই তৈরি হয়। আবার এয়ার কন্ডিশন (এসি) নির্মাণের জন্য আলাদা প্রদেশ রয়েছে, যেটি এসি উৎপাদনের প্রধানতম প্রদেশ। যেমন গুয়াংডং। প্রদেশটি চীনের প্রধানতম এসি উৎপাদনের জায়গা। চীনের মোট উৎপাদিত এসির সিংহভাগই এ প্রদেশে উৎপাদিত হয়। বিশ্বের বৃহৎ এসি উৎপাদনকারি ব্র্যান্ড গ্রী এবং মিডিয়া’র মূল কারখানা ও সদর দপ্তর এই প্রদেশে অবস্থিত। এসি উৎপাদনকারি চীনের প্রধান চারটি প্রদেশ হুবেই, চংকিং, চচিয়াং এবং শানতুংয়ে যত এসি উৎপাদিত হয়, গুয়াংডং একাই সেই পরিমান এসি উৎপাদন করে। চীন মানুষের সকল পণ্যের চাহিদা পূরণ করতে পারে। কোয়ালিটি ভেদে একই ব্র্যান্ডের পণ্য যারা কম দামে কিনতে চায়, তাদেরকে সরবরাহ করতে পারে। অর্থাৎ একই ব্র্যান্ডের পণ্য বিভিন্ন ভার্সনে তৈরি করে যার যেমন দামে কেনার সামর্থ্য রয়েছে, সে দামে দিতে পারে। চীনের অর্থনীতির মূল তরিকাই হচ্ছে, উৎপাদন। যত বেশি প্রডাকশন, তত বেশি উন্নতি। আবার কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, সে দেশের বাজার সবার আগে ধরে ফেলে। যেমন সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীত প্রধান ইউরোপের দেশগুলোতে অত্যধিক গরম পড়া শুরু করেছে। এসব দেশে সারাবছরই শীত থাকে। এসি লাগে না। তাদের অফিস-আদালত, বাসা-বাড়ি শীতপ্রতিরোধক হিসেবে তৈরি। এসি লাগানোর কোনো সিস্টেম নেই। এখন গরম পড়ায় দেশগুলো বিপাকে পড়েছে। এসি সিস্টেমের দিকে ঝুঁকেছে। সেসব দেশে এসি কিনতে পাওয়া যায় না এবং এসি উৎপাদনকারি শিল্পকারখানাও নেই। এই সুযোগে চীন তাদের এসির বাজার ধরার জন্য সবার আগে ছুটে গেছে। ব্যাপকহারে এসি রফতানি শুরু করেছে। এমনকি এসি ফিট করার প্রকৌশলী পাঠিয়ে দিচ্ছে। ইউরোপের এসির বিশাল বাজার চীন ধরে ফেলেছে।
তিন. চীন কীভাবে বিনিয়োগ ও বাণিজ্য করে বিশ্ব অর্থনীতির পরাশক্তি হয়েছে, তার কিছু উদাহরণ উপরে তুলে ধরা হয়েছে। এখন বিশ্বে যদি অর্থভা-ারের তালিকা করা হয়, তাহলে দেখা যাবে, চীনের কাছেই সবচেয়ে বেশি অর্থ রয়েছে। এই অর্থ দিয়েই সে বিশ্বে প্রভাব বিস্তার করেছে। বিশ্ববাণিজ্যের নেটওয়ার্ক তৈরির জন্য সে এখন নানা উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক করিডোর তৈরি করে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। চীনের এই অর্থনৈতিক ও বাণিজ্যিক সহায়তার উদ্দেশ্য হলো চীনসহ দেশগুলোর অর্থনীতি যাতে শক্তিশালী হয়। উপমহাদেশে ইতোমধ্যে চীন ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডোরের উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৫ সালে চীন ও পাকিস্তানের মধ্যে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এটি চীনের শিনজিয়াং প্রদেশকে পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর বন্দরের সাথে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে যুক্ত করবে। এতে দুই দেশের মধ্যে জ¦ালানি-বিদ্যুৎসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের পথ উন্মুক্ত হবে। এই করিডোরের সাথে যুক্ত হয়েছে আফগানিস্তান। এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে চীনের সাথে দেশগুলোর একটি বিশাল অর্থনৈতিক বন্ধন তৈরি হবে। এর সাথে ভবিষ্যতে আরও অনেক দেশ যুক্ত হয়ে একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফর করেন, তখন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন।
এই চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিসি চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলদেশ পর্যন্ত পৌঁছবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধি করা। এর মাধ্যমে বাংলাদেশের সাথে সড়ক, সমুদ্র ও রেলপথে চীনের বাংলাদেশের বন্দর ও অবকাঠামোগত খাতে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এক অনন্য উচ্চতায় চলে যাবে। এটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের চেয়েও অধিক শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশ হয়ে উঠবে চীনসহ আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থনীতির কেন্দ্রবিন্দু। বাংলাদেশ সরকারও এই করিডোরের ব্যাপারে ব্যাপক উৎসাহ দেখাচ্ছে।
সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলি টানেলের কাছাকাছি প্রায় ৮০০ একর জমির ওপর চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সিইআইজি উদ্বোধন করা হয়েছে। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ চীনের রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, এই অর্থনৈতিক শিল্পাঞ্চলে ১.৩ বিলিয়ন ডালার বিনিয়োগ হবে এবং এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। এতে গার্মেন্ট, মেবাইল সংযোজন, জুতার কারখানা, চামড়া শিল্প, ইলেকট্রনিক্স পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো শিল্পকারখানা গড়ে উঠবে। গত রোববার চট্টগ্রামের বাঁশখালীতে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেছেন, চীন উক্ত শিল্পাঞ্চলে কয়েকশ’ শিল্পকারখানা তৈরি করবে এবং সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। বলার অপেক্ষা রাখে না, সরকার বিনিয়োগ-বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য চীনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এর অন্যতম উৎস হিসেবে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরকে প্রাধান্য দিচ্ছে। এই অর্থনৈতিক করিডোর যাতে না হয়, এজন্য ভারত ও যুক্তরাষ্ট্র নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করছে। এর পেছনে রয়েছে, ভৌগলিক আধিপত্যকে কেন্দ্র করে চীনকে ঠেকানো। অথচ চীন স্পষ্টভাবেই বলেছে, এই করিডোরের সাথে যেকোনো দেশ যুক্ত হতে পারে। সেই পথ খোলা রয়েছে। কাজেই, বাংলাদেশ সরকারের মধ্যে এই করিডোর বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের দ্বিধা থাকা উচিৎ নয়। দেশের মানুষও চায়, এই করিডোর দ্রুত বাস্তবায়িত হোক।
চার. দেশের ভঙ্গুর অর্থনীতিকে মেরামত স্বতঃস্ফূর্ত বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম করা ছাড়া বিকল্প নেই। এক্ষেত্রে চীনই একমাত্র দেশ, যে বিপুল বিনিয়োগ ও উন্নয়ন কর্মকা-ে সহায়তা দিতে পারে। অন্যকোনো দেশের পক্ষে তা সম্ভব নয়, ভারত তো নয়ই। ভারত এখন নিজেই ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়েছে। সেই অন্যের দ্বারে ভিক্ষার থলে নিয়ে ঘুরছে। তার ব্যবসার অন্যতম জায়গা বাংলাদেশ। এখান থেকে তার পাওয়ার অনেক কিছু রয়েছে, ভারতের কাছ থেকে পাওয়ার তেমন কিছু নেই এবং সে দেবেও না। সে শুধু পারে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে। ফ্যাসিস্ট হাসিনাকে হাতে রেখে এখন সে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এছাড়া তার কিছু করার নেই। ফলে ভারতের মতো হোস্টাইল এনিমিকে পাত্তা দেয়ার কিছু নেই। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ তাকে পাত্তা না দেয়ায় তার তেমন কিছু করার থাকছে না। দেশগুলো চীনের সাথে গাঁটছড়া বেঁধে নিজের অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদেরও এ পথ ধরা ছাড়া গতি নেই। অর্থনৈতিক উন্নয়ন করতে হলে তার বাড়িয়ে দেয়া হাত শক্ত করে ধরতে হবে। চীন অর্থনেতিক করিডোরের মাধ্যমে অর্থনীতির যে পাইপলাইনের সুযোগ করে দিচ্ছে, সেই পথেই আমাদের হাঁটতে হবে। এছাড়া, আমাদের খুব বেশি অপশন নেই। আশার কথা, সরকারের কথাবার্তা এবং আচরণে বোঝা যাচ্ছে, সে সেদিকেই এগুচ্ছে। জনগণও তাই চাচ্ছে এবং তারা সরকারের পাশে রয়েছে।
darpan.journalist@gmail.com
