ডিসেম্বরের শেষ দিকে তেহরানে শুরু হওয়া বিক্ষোভের ঢেউ দ্রুত সমগ্র ইরানে ছড়িয়ে পড়ে। এটি কেবল আরেকটি অর্থনৈতিক অসন্তোষের ঘটনা নয়; বরং দেশটির সামাজিক ও রাজনৈতিক সংকটে এবার ভিন্ন মাত্রা দেখা যাচ্ছে। অর্থনৈতিক বিপর্যয় থেকে সূচনা হলেও এ বিক্ষোভ রাজনৈতিক বৈধতাকেও চ্যালেঞ্জ করছে। গত আট বছরে ইরানে একাধিক বিক্ষোভ হয়েছে, যার প্রতিটিই রাষ্ট্র ও সমাজের সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে।
২০১৯-২০ সালের বিক্ষোভ জ্বালানি রেশনিং পুনর্বহাল ও পেট্রোলের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছিল। সেখানে মানুষের ক্ষোভ ও রাষ্ট্রীয় দমননীতি দেখা গেছে। অন্যদিকে ২০২২-২৩ সালে মাহসা আমিনির মৃত্যু-পরবর্তী আন্দোলন নাগরিক পরিচয়, স্বাধীনতা ও পদ্ধতিগত অন্যায়কে কেন্দ্র করে গড়ে ওঠে। এবারের বিক্ষোভ এ দুটি শ্রেণির কোনোটিতেই ফেলা যায় না। মুদ্রার দ্রুত অবমূল্যায়ন, অভ্যন্তরীণ বাজারের কাঠামোগত দুর্বলতা এবং দীর্ঘদিনের জীবনযাত্রার ব্যয় সংকট থেকে উদ্ভূত হলেও আন্দোলনকারীরা যেভাবে সরকারের পদত্যাগের স্লোগান দিচ্ছে তাতে প্রশ্ন কেবল জীবিকার নয়, বরং বৈধতার। এ বিক্ষোভের সূচনাস্থল ছিল তেহরানের গ্র্যান্ড বাজার ও সংশ্লিষ্ট বাণিজ্যিক নেটওয়ার্ক, যা ইরানের অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঐতিহাসিকভাবে গ্র্যান্ড বাজার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছে, বিশেষ করে ১৯৭৯ সালের বিপ্লবের সময়। দোকান বন্ধ, ধর্মঘট ও নীরব প্রতিরোধের মতো সমষ্টিগত পদক্ষেপ দীর্ঘদিন ধরে ইঙ্গিত দিচ্ছে– রাজনৈতিক ব্যবস্থা অর্থনীতি পরিচালনায় ব্যর্থ হচ্ছে। প্রথম দফার আন্দোলনকারীরা ছিলেন ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও আমদানিনির্ভর খাতের সঙ্গে যুক্ত বাণিজ্যিক নেটওয়ার্কের সদস্য, যারা মুদ্রা সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত। এরপর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আন্দোলন আরও বেগবান হয়। ৮ জানুয়ারি এ বিক্ষোভ সম্পূর্ণ নতুন মাত্রা পায় যখন আন্দোলন সরাসরি রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে ২১টি প্রদেশের অন্তত ৪৬টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান ধ্বনিত হয়।
আন্দোলনকারীদের সমর্থনে ট্রাম্পের অবস্থান এ বিক্ষোভে অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বিতর্কের জন্ম দিয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমা বক্তব্য যত আসতে থাকে, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ে প্রভাবশালী ব্যক্তিদের ভাষ্যও তত কঠোর হতে থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ জানুয়ারি তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, যেমনটি তারা সাধারণত করে থাকে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে উদ্ধার করতে এগিয়ে যাবে।’ ৫ জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প একই অবস্থান তুলে ধরেন এবং সতর্ক করেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অর্ধশতাব্দী ধরে বৈরী হলেও কোনো মার্কিন প্রেসিডেন্ট আগে কখনও এত স্পষ্টভাবে ‘ইরানি জনগণকে রক্ষা করা’র ভাষা ব্যবহার করেননি। ইরানের শাসকগোষ্ঠীর কাছে এ বক্তব্য ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের স্মৃতি নিয়ে আসে। মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষণকারী গোষ্ঠীর তথ্যমতে, বিক্ষোভের প্রথম ১২ দিনে দেশের ৩১টি প্রদেশের ১০০টির বেশি শহরে অন্তত একবার বিক্ষোভ হয়েছে। ৮ জানুয়ারির রাত পর্যন্ত অন্তত ৪০ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আটক হয়েছেন বলে দাবি করা হয়। বিক্ষোভ চলতে থাকলে এবং হতাহতের সংখ্যা বাড়লে ট্রাম্প কী পন্থা অনুসরণ করেন, তা এখনও অনিশ্চিত।
ইরানি নেতাদের মধ্যে মতভিন্নতা আন্দোলন বিষয়ে ইরানের নেতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মূলত নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ। আলি খামেনি বিক্ষোভকে নিছক বাজারভিত্তিক জীবিকা-সংশ্লিষ্ট দাবিতে পর্যবসিত করতে বৈধ প্রতিবাদ ও অরাজকতার মধ্যে পার্থক্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘যারা প্রতিবাদ করছে তাদের আমরা দেখছি। কিন্তু যারা বিশৃঙ্খলা করছে, তাদের সঙ্গে আলোচনার কোনো মানে নেই।’ ৯ জানুয়ারি প্রদত্ত ভাষণে তিনি ৮ জানুয়ারির বিক্ষোভকারীদের ভাঙচুরকারী হিসেবে আখ্যা দেন এবং দাবি করেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতেই নিজেদের স্থাপনায় আগুন দিয়েছে। বিচার বিভাগ আরও কঠোর অবস্থান নিয়েছে। প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই ঘোষণা দেন, আটক ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুত বিচার সম্পন্ন করা হবে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলক সংযত ভাষা ব্যবহার করেছেন এবং আত্মসমালোচনার সুরও রেখেছেন। আরেকটি লক্ষণীয় বিষয়, ইসরায়েল-ঘনিষ্ঠ মহলে রেজা পাহলভির পুনরুত্থান। ইসরায়েলপন্থি সংবাদমাধ্যমে বিক্ষোভ পাহলভির নেতৃত্বে হচ্ছে– এমন দাবি করা হয়েছে। এ দাবি বাস্তবতার চেয়ে বেশি মানসিক ও রাজনৈতিক অবকাঠামো টিকিয়ে রাখার চেষ্টা। রেজা পাহলভির প্রভাব ইরানে সীমাবদ্ধ। তিনি কোনো সমন্বিত নেতৃত্ব বা সাংগঠনিক সক্ষমতা দেখাতে পারেননি। তবু তাঁকে ঘিরে ইসরায়েলপন্থি বিনিয়োগ অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে বহির্মুখী কৌশলের প্রতিফলন।
ইরান-ইসরায়েল যুদ্ধের মনস্তত্ব বর্তমান বিক্ষোভের একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এটি জুন মাসে সংঘটিত ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর শুরু হয়েছে। যুদ্ধকালে ইসরায়েলপন্থি সংবাদমাধ্যম ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানালেও তা হালে পানি পায়নি। এটি রাষ্ট্র ও সমাজের সংহতির প্রমাণ হিসেবে দেখা হয়। যুদ্ধ-পরবর্তী সরকার তুলনামূলক সহানুভূতিমূলক অবস্থান নিলেও তা স্থায়ী হয়নি। শাসনব্যবস্থার দুর্বলতা, অর্থনৈতিক সংকট ও সংস্কারের অপূর্ণ প্রত্যাশা নতুন করে নাগরিকের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। বিরোধীদের পাশাপাশি এটি ব্যবস্থাপনারও সংকট। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি ও মোহাম্মদ খাতামি এবং বর্তমান প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিভিন্নভাবে গভীরতর শাসন সংকটের সামাজিক প্রভাবের কথা বলেছেন। এ অবস্থায় ইসরায়েলের দিক থেকে বর্তমান সংকট সেভাবে চিত্রিত হবে যে, ইরান তার সংকট কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ। পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক নাজুকতায় ইরান আরও খাদের কিনারে চলে গেছে। উপসংহারে বলা যায়, ইরানের চলমান বিক্ষোভকে সাময়িক অস্থিরতা হিসেবে দেখা উচিত নয়। যুদ্ধ-পরবর্তী সামাজিক ধৈর্যচ্যুতি ঘটেছে, পাশাপাশি বহিরাগত হস্তক্ষেপের ধারণা এবং সংস্কারের সক্ষমতা নিয়ে রাষ্ট্রের প্রতি নাগরিকের গভীর অনাস্থা রয়েছে এর পেছনে। সবকিছু মিলিয়ে ইরান এক অস্থির ও ভঙ্গুর রাজনৈতিক পর্যায়ে প্রবেশ করেছে।
আতা শাহিত: টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক; ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
