মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রতিবেদনগুলোকে অতীতের সরকার গুরুত্বই দিত না। তারা এটিকে সরকারবিরোধী হিসেবে আখ্যায়িত করত। তাই বলে অন্ধ হলে প্রলয় তো আর বন্ধ থাকে না। বাংলাদেশি নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে, এমন একটি সংবাদ আমাদের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। নির্বাচন সামনে রেখে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে, যা মানবাধিকার রক্ষায় দেশটির অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা প্রকাশ করছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠনটির ওয়েবসাইটে ১৪ জানুয়ারি এটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার গোষ্ঠীগুলো হিন্দুদের বিরুদ্ধে অন্তত ৫১টি সহিংসতার ঘটনার তথ্য জানিয়েছে, এর মধ্যে ১০টি হত্যাকা-। প্রতিবেদনে পুলিশের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতা ২০২৪ সালের একই সময়ের তুলনায় বেড়েছে। এ জন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর কার্যকলাপ ও বক্তৃতা-বিবৃতি বেড়ে যাওয়াকে দায়ী করে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতিকে উদ্ধৃত করে বলা হয়, এই গোষ্ঠীগুলো নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও সমাজে তাঁদের অংশগ্রহণ সীমিত করতে চাইছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের মে মাসে কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলো অন্তর্বর্তী সরকারের লিঙ্গসমতা ও নারীর অধিকার উন্নয়নের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা তাদের ভাষ্য অনুযায়ী ‘ইসলামবিরোধী’ কার্যক্রম বন্ধের দাবি জানায়। এর পর থেকে নারীরা ও মেয়েরা মৌখিক, শারীরিক ও ডিজিটাল পরিসরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছেন। সহিংসতার ভয় মতপ্রকাশের ক্ষমতা প্রয়োগের পরিবর্তে তাঁদের আরও নীরব করে তুলেছে। অস্বীকার করা যাবে না যে, দেশের বিভিন্ন জায়গায় নানা কারণে সংঘবদ্ধ হয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে। কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, কারও বাসায় ঢুকে লুটপাট করা হচ্ছে, কোথাও থানা ঘেরাও করা হচ্ছে, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কাউকে বাধ্য করা হচ্ছে পদত্যাগে। এসব কর্মকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। মব ভায়োলেন্স কোনো সভ্য সমাজে কাম্য নয়। এই পাশবিক সংস্কৃতি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এতে অনেক নির্দোষ মানুষের মৃত্যু হতে পারে। এই অপসংস্কৃতি বেড়ে চলার কারণ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও আস্থাহীনতা। অপরদিকে নারী নিপীড়ন বেড়েছে বহুলাংশে। ধর্ষণ সমাজের বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এর প্রভাবে ভুক্তভোগীর জীবন, পরিবার, শিক্ষা ও মানসিক স্বাস্থ্যে সৃষ্টি হয় গভীর ক্ষত। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা কমে যায় জনসাধারণের। তদন্তে গাফিলতি, দীর্ঘসূত্রতা, বিচার প্রক্রিয়ায় বিলম্ব এবং প্রভাবশালীদের প্রশ্রয়ে অনেক ধর্ষণ মামলাই চাপা পড়ে যায়। ফলে অপরাধীরা হয় উৎসাহিত। সার্বিকভাবে মানবাধিকার পরিস্থিতি উন্নত করা না গেলে সেটি হবে সামষ্টিক ব্যর্থতা।