যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনী ফল বিশ্ব রাজনীতির টেবিলে এক নতুন সমীকরণ ও আলোচনার জন্ম দিয়েছে। বিগত বছরগুলোতে আমেরিকার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ও হতাশা জমা হয়েছিল, নির্বাচনী ফলে তারই প্রতিফলন ঘটেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নীতিমালার বিরুদ্ধে আমেরিকান জনগণ শক্ত অবস্থান নিয়েছে এবং একটি বড় পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং এটি মার্কিন জনমানসে চলা দীর্ঘদিনের নীতিগত অসন্তোষের একটি বহিঃপ্রকাশ।

আমেরিকা সাম্প্রতিক সময়ে যেসব আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়েছে, তার নেতিবাচক প্রভাব সরাসরি এসে পড়েছে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনের ওপর। ইউক্রেন সংকট তো রয়েছেই, এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চলমান আগ্রাসন এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। সাধারণ আমেরিকান নাগরিকরা এখন আর এই অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল সংঘাতগুলো মেনে নিতে পারছে না। যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি এবং সামাজিক সুরক্ষার ঘাটতি সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। ফলে ভোটাররা যুদ্ধ ও বলপ্রয়োগের রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিতে বাধ্য হয়েছেন।

এবারের নির্বাচনী ফলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ভোটদানে তরুণ প্রজন্ম, বিশেষ করে যাদের ‘জেন-জি’ বলা হয়, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক সচেতনতা। সেগ্রেগেটেড বা বিশ্লেষিত ভোটের নমুনা স্পষ্ট করে দেয় যে ইয়াং জেনারেশন বড় আকারে ডেমোক্রেটিক পার্টির পক্ষে রায় দিয়েছে। তবে এই সমর্থন অন্ধ ছিল না; বরং তা ছিল শান্তি ও পরিবর্তনের পক্ষে একটি জোরালো ম্যান্ডেট। তরুণ সমাজ পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে যে তারা বিশ্বজুড়ে চলমান অন্যায্য ও বেআইনি যুদ্ধগুলোর অবসান চায়। তাদের এই রাজনৈতিক দূরদর্শিতা মার্কিন মূলধারার রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

ডেমোক্রেটিক পার্টির ভেতরেও এই পরিবর্তনের হাওয়া স্পষ্ট। বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে যারা জয়ী হয়ে এসেছেন, তাদের বড় একটি অংশই যুদ্ধবিরোধী বা অ্যান্টি-ওয়ার প্রার্থী। অতীতে জো বাইডেন বা হিলারি ক্লিনটনের মতো প্রবীণ নেতাদের সময়ে বৈদেশিক নীতিতে যুদ্ধ ও হস্তক্ষেপের যে প্রবণতা দেখা গেছে, বর্তমান প্রজন্মের ভোটাররা তার কঠোর সমালোচনা করেছেন। পরিস্থিতি এতটাই বদলেছে যে হিলারি ক্লিনটনের মতো প্রভাবশালী নেতারাও অনেক জায়গায় জনরোষের মুখে ঠিকমতো ভাষণ দিতে পারেননি। আমেরিকার জনগণ শুধু ট্রাম্প বা রিপাবলিকানদের নয়, বরং ইসরায়েলি জেনোসাইড এবং যুদ্ধবাজ নীতিকে সমর্থনকারী যে কোনো শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। মুসলিম সিনেটর আবদুল আল-সাইদসহ বিভিন্ন সংখ্যালঘু ও প্রগতিশীল মুখগুলোর জয় প্রমাণ করে যে সাধারণ মার্কিন জনগণ যুদ্ধ ও বর্ণবাদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়।

প্রশ্ন উঠতেই পারে, এই নির্বাচনী ম্যান্ডেটের পর মার্কিন প্রশাসনের নীতিতে কি রাতারাতি কোনো মৌলিক পরিবর্তন আসবে? মার্কিন প্রেসিডেন্টের হাতে রাষ্ট্রের নীতিনির্ধারণ ও যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা থাকে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগের মতো নির্বিচারে বেআইনি যুদ্ধ চালিয়ে যাওয়া প্রেসিডেন্টের জন্য সহজ হবে না। যদিও ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বে বা সিনিয়র মহলে যুদ্ধ ও ইসরায়েলপন্থি লবির প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবুও তরুণ ও নবীন ডেমোক্র্যাটদের উত্থান দলটির নীতিতে মৌলিক পরিবর্তনের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে অতীত অভিজ্ঞতা আমাদের সতর্ক করে দেয়। বারাক ওবামা কিংবা বিল ক্লিনটনের ক্ষমতায় আসার আগেও এ ধরনের পরিবর্তনের বহু সোনালি স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ। এমনকি ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছিলেন, তখনও অনেকে বড় পরিবর্তনের আশা করেছিলেন, যা পরে অনেকাংশেই আশাহত হয়েছে। ফলে এবারও পরিবর্তন আসবে কিনা, তা দেখার জন্য সময়ের অপেক্ষা করতে হবে।

আমেরিকার রাজনীতিতে যুদ্ধ টিকিয়ে রাখার পেছনে যে শক্তিশালী লবি কাজ করে, তাকে বলা হয় ‘মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’। অস্ত্র ব্যবসা, সামরিক বাজেট এবং ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখার এই সিন্ডিকেট রাতারাতি ভেঙে ফেলা সম্ভব নয়। এর সঙ্গে অর্থনীতির চাকা এবং বিশাল অঙ্কের মুনাফার প্রশ্ন জড়িত। ফলে মুনাফার এই লোভ সংবরণ করে মার্কিন প্রশাসন শান্তির পথে হাঁটবে কিনা, সেটাই এখন মূল দেখার বিষয়।

অনেকেই এবারের এই রাজনৈতিক জোয়ারকে ‘নীল সুনামি’ বা ‘ব্লু সুনামি’ হিসেবে অভিহিত করছেন। যদি ডেমোক্রেটিক পার্টির নতুন নেতৃত্ব আবারও পুরোনো সেই যুদ্ধংদেহী নীতিতে ফিরে যায়, তবে মার্কিন সমাজে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে, যার কিছুটা আভাস আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি। তাই আমেরিকার জনগণের দায়িত্ব হলো তাদের দেওয়া ম্যান্ডেটের প্রতি অবিচল থাকা। ডোনাল্ড ট্রাম্পের আমলে সারাবিশ্বে যেভাবে ট্যারিফ যুদ্ধ এবং নির্বিচার স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা থেকেও মানুষ মুক্তি চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকা তার পুরোনো মর্যাদা রক্ষা করতে গিয়ে কিংবা সামরিক শিল্প কমপ্লেক্সের চাপে পড়ে আরও মরিয়া হয়ে নতুন কোনো সংঘাতে জড়াবে, নাকি জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তির পথ বেছে নেবে–তা সময়ই বলে দেবে। তবে বিশ্ববাসী আজ এক নতুন আশার আলো দেখছে। আমেরিকার জনগণ যেভাবে যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা বিশ্বশান্তি প্রতিষ্ঠার দীর্ঘ পথ চলায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। এখন কেবল অপেক্ষা– এই পরিবর্তন কতটা দীর্ঘস্থায়ী ও বাস্তবসম্মত হয় তা প্রত্যক্ষ করার।

ড. ইমতিয়াজ আহমেদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক