যে শিরোনামটি পড়ছেন সেটি ঠিক করার আগে বিখ্যাত মার্কিন কবি রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতাটির কথা মনে পড়লো। সেই বিখ্যাত কবিতাটির নাম হলো, ‘Stopping by Woods on a Snowy Evening’. ১৬ লাইনের এই কবিতার শেষের ৪ লাইন হলো,

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.

ভাবার্থঃ- ‘সেই বনটি চমৎকার, ঘন এবং অন্ধকার/কিন্তু আমাকে তো ওয়াদা রক্ষা করতেই হবে/ঘুমিয়ে যাওয়ার আগে আমাকে অনেক পথ যেতে হবে/ঘুমিয়ে যাওয়ার আগে আমাকে অনেক পথ যেতে হবে।’ মাত্র ১৬ লাইনের কবিতা হলেও এখানে রয়েছে গভীর জীবনবোধ। কবি ফ্রস্ট সারারাত জেগে ‘New Hampshire’ নামে একটি কবিতা লিখে অতি প্রত্যুষে এক ঘোড়ার গাড়িতে চড়ে প্রচণ্ড তুষারপাত ও ঠান্ডার মধ্যে এক ঘন গহীন অরণ্যের পাশে দাঁড়ান। এখানে তিনি অনুভব করেন, জীবনের প্রতি তার দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব পালনের জন্য লক্ষ্যের প্রতি তার অবিরাম যাত্রা করতে হবে।

বাংলাদেশে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, একটি মুখ চেনা মহল সেমিনার সিম্পোজিয়াম এবং আলোচনা সভার মাধ্যমে ধীরে ধীরে একটি আওয়াজ উঠানোর চেষ্টা করছেন। সেই আওয়াজটি হলো, রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশনের অর্থ এক্ষেত্রে বোঝায় সমঝোতা বা পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান। সরাসরি না বলে ঠারেঠুরে কথা বলছেন। প্লেট থেকে ভাত বা পোলাও তুলে সরাসরি মুখে না দিয়ে হাত ঘুরিয়ে মুখে দিচ্ছেন। এসব ভান-ভনিতা না করে স্পষ্ট করে বলি। তারা চাচ্ছেন, আওয়ামী লীগকেও একটি স্পেস দেওয়া হোক। তারা আবিষ্কার করেছেন যে, আওয়ামী লীগের নাকি কম করে হলেও ৩৫ শতাংশ সমর্থন রয়েছে। ওরা বঙ্গপোসাগর নিয়ে যে সংলাপ করলেন (ওরা বলেন কনভারসেশন) সেখানে কেউ কেউ এও বললেন যে, আওয়ামী লীগের সমর্থক নাকি ৪০ শতাংশ। তাদের মতে এই ৩৫ বা ৪০ শতাংশ জনগোষ্ঠিকে রাজনীতির বাইরে রাখলে সমাজের যে বিভাজন সৃষ্টি হবে, সেটি নাকি স্থায়ী রূপ নেবে। আর এর ফলে স্থায়ীভাবে সমাজ বিভাজিত থাকলে দেশে কোনো শান্তি আসবে না।

কেউ যদি শূন্যে গদা ঘুরাতে চান তাহলে কারো কিছু বলার নাই। আমার আফসোস হয়, ‘এরা চোখ থাকিতেও অন্ধ’। তারা কি জুলাই বিপ্লবের প্রতিদিনের ঘটনা টেলিভিশনে বা ইউটিউবে দেখেননি? বিশেষ করে ৪ অগাস্ট, আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে ৫ অগাস্ট কি তারা দেখেননি? কবির ভাষায় সেটা ছিলো, ‘সমুদ্র উত্তাল জনতা তরঙ্গ’। কি ঢাকা শহর বলুন, আর কি মফস্বল শহর বলুন। সবগুলো রাস্তা জনাকীর্ণ। ঢাকায় তো মনে হয় এক কোটি লোক বিভিন্ন পয়েন্ট থেকে শহরে ঢুকে পড়েন। জনতার সেই উত্তাল ঢেউ আছড়ে পড়ে এগুতে থাকে গনভবনের দিকে। আমি ৬৯-এর গণঅভ্যূত্থান দেখেছি, ৯০ এর গণঅভ্যুত্থানও দেখেছি। সেগুলো ছিলো জনারণ্য। কিন্তু জুলাই বিপ্লবে বিশেষ করে ৩ থেকে ৫ অগাস্ট এত লোক আিম জীবনে দেখিনি। রাজপথ ভরে গেছে। একটি সাইকেল চালানোর মত স্পেসও নাই। দাদা-নানা থেকে শুরু করে পিতা-মাতা ও নাতি-নাতনীও সেই মিছিলে শামিল হয়েছেন। তাই তো ১৪ শত মানুষকে হত্যা এবং প্রায় ২৬ হাজার মানুষকে বুলেটে আহত করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি। প্রাণ বাঁচানোর জন্য তাকে ভারতে আশ্রয় নিতে হয়েছে।

যাদের জনসমর্থন ৩৫ শতাংশ তাদের মধ্যে ২০ শতাংশও যদি রাস্তায় নামত, তাহলে তো শেখ হাসিনাকে গদি ছাড়তে হতো না। আর সেনাবাহিনীও ৩ আগস্ট বলতো না যে, আমরা আমাদের নিরস্ত্র ভাইদের বুকে আর গুলি চালাবো না। মানুষের রাগ ওঠে। বলা হয়, রাগে অগ্নিশর্মা হয়। মুক্তিযুদ্ধের সময়ও মানুষের ক্রোধ দেখা গিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই ক্রোধও প্রশমিত হয়। জুলাই বিপ্লবের ক্ষেত্রেও তাই হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অনেকে মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছেন, আবার যারা আত্মগোপনে থাকতে পেরেছেন, তারা বছরখানেক পর থেকে বের হতে শুরু করেন। এক্ষেত্রেও তাই ঘটছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এক বছর বা দুই বছরের মধ্যে কেউই রিকনসিলিয়েশনের কথা বলেননি। পাকবাহিনীর ১০ হাজার সৈন্যের বিচার হওয়ার অঙ্গীকার দিয়েছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান। বরং শৈল শহর শিমলার শীত শীতার্ত পরিবেশে শেখ মুজিবকে বাইরে রেখে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্ততানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো একটি চুক্তি করে ৯৩ হাজার পাকিস্তানী যুদ্ধবন্দীকে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। শেখ মুজিব বিরতিহীনভাবে বলে যাচ্ছিলেন যে, যুদ্ধাপরাধীদের অর্থাৎ পাকস্তানী সৈন্যদের বিচার বাংলার মাটিতেই হবে। তারপর পাক যুদ্ধবন্দী তথা যুদ্ধাপরাধীদের অভিযুক্তদের সংখ্যা কমাতে কমাতে ১৯৫ করা হয়। ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে না জানিয়ে ঐ ১৯৫ জনকেও পাকিস্তানে পার করে দেন।

মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানীদেরকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। কিন্তু ২০২৪ সালের জুলাই বিপ্লবে বাংলাদেশীদেরকে হত্যা করেছে বাংলাদেশীরা, অর্থাৎ শেখ মুজিবের বাহিনী এবং আইনশৃঙখলা বাহিনী। এই পয়েন্টটি পরবর্তী আলোচনার জন্য মাথায় রাখা দরকার।

॥দুই॥ আমি যখন এই লেখাটি লিখছি, তখন আমার টেবিলে চারটি ডকুমেন্ট। অর্থাৎ ৪টি কমিশনের তদন্ত রিপোর্ট। প্রথমটি, White Paper 2024/ State of the Bangladesh Economy/Dissection of A Development Narrative.পুস্তকটির পৃষ্ঠা সংখ্যা ৩৮৭। প্রতিটি পৃষ্ঠা A4 Size এর চেয়েও বড়। এই পুস্তকেই দলিল দস্তাবেজসহ দেখানো হয়েছে, কিভাবে দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় ২৮ লক্ষ ৯১ হাজার ৩৭০ কোটি টাকা লুন্ঠিত পাচার হয়েছে।

দ্বিতীয় ডকুমেন্টের নাম,‘আনফোল্ডিং দ্যা ট্রুথ/গুমের নৃশংসতার ১৬ বছর/ গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রথম ও দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন’। পৃষ্ঠা সংখ্যা ৩৪৫। তৃতীয় ডকুমেন্ট হলো, ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন’। তদন্ত করার পর জাতিসংঘ মানবাধিকার কমিশন তৈরি করেছে এই রিপোর্ট। পৃষ্ঠা সংখ্যা ২৭২। চতুর্থ ডকুমেন্ট হলো, বিডিআর ম্যাসাকারের ওপর ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন/ তদন্ত প্রতিবেদন/ নভেম্বর ২০২৫’। পৃষ্ঠা সংখ্যা ২১১। আমার কাছে আরেকটি ডকুমেন্টও আছে। সেটির নাম, ‘সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন’। আরেকটি ডকুমেন্ট হলো, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫/ ভবিষ্যতের পথরেখা’।

সবগুলো ডকুমেন্ট আমি ধৈর্য্য ধরে যথেষ্ট সময় নিয়ে পড়েছি। যারা জাতিসংঘের রিপোর্ট, গুম কমিশনের রিপোর্ট এবং বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্ট পড়বেন, তারা শিউরে উঠবেন। তাদের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে উঠবে। আলাদাভাবে লে. জেনারেল (অব.) আমান আজমী এবং ব্যরিস্টার আরমান এমপির ৮ বছরের আয়নাঘরে বন্দী থাকার ওপর লিখিত দুটি পুস্তকও আমার সংগ্রহে আছে। সেগুলোকে আমি আজকের এই লেখার সাথে রিলেট করছি না। গণহত্যা, নৃশংসতা, পাশবিকতা কত ভয়াবহ হতে পারে সেটি এসব রিপোর্ট না পড়লে বোঝা যায় না। শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে রক্তের এই হোলি খেলা খেলেছেন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ এপর্যন্ত ২৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। তবে একটি দণ্ডও কার্যকর হয়নি। কারণ সকলেই পলাতক এবং দেশের বাইরে আছেন।

॥তিন॥ জার্মানির নুরেমবার্গের বিচারে মৃত্যুদণ্ড ছাড়াও নাৎসী পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। আজ ৮১ বছর ধরে জার্মানিতে নাৎসী পার্টি নিষিদ্ধ। বাংলাদেশেও দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সর্বশ্রেণীর জনগনের। ইউনূস সরকারের আমলে বলা হয়েছিলো দল নিষিদ্ধ করার জন্য মামলা করা হবে। বিএনপিও একই ওয়াদা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ তো সেদিন আরো স্পষ্ট করে বলেছেন, জিন্দেগীতেও আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আর নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে। একটি নির্বাহী আদেশ আরেকটি নির্বাহী আদেশ দিয়ে প্রত্যাহার করা যায়। কিন্তু আদালতের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ হলে একমাত্র আদালত ছাড়া আর কেউ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে না। তাই জার্মানিতে আজও ৮১ বছর ধরে নাৎসী পার্টি নিষিদ্ধ। বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী একাধিকবার বলেছেন যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে মামলা করা হবে। কিন্তু ঐ পর্যন্তই। মামলার প্রস্তুতি এবং প্রোগ্রেস, কিছুই এ পর্যন্ত জনগণকে জানানো হয়নি।

শুধু তাই নয়, বিডিআর গণহত্যার তদন্ত কমিশন রিপোর্টে এই ভয়াবহ রক্তপাতের জন্য আওয়ামী লীগ এবং ভারতের দিকে স্পষ্ট ভাষায় অঙ্গুলি নির্দেশ করা হয়েছে। তার পরেও বিডিআর হত্যাকাণ্ডের জন্য কোনো মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, সেটি আমাদের জানা নাই। শাপলায় অসংখ্য আলেমকে রাতের অন্ধকারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের এই শাপলা গণহত্যা তদন্তের জন্য কোনো কমিশনও গঠন করা হয়নি। বিক্ষিপ্তভাবে ও ব্যক্তিগত পর্যায়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ইতিহাসের রেকর্ড হিসাবে সংরক্ষণের জন্য আওয়ামী লীগের ওলামা হত্যার ওপর অবিলম্বে বিডিআর ম্যাসাকার কমিশনের মতো তদন্ত কমিশন গঠন করতে হবে এবং বিডিআরের রিপোর্টের মতো সুস্পষ্টভাবে দায় নির্ধারন করতে হবে।

ঐসব বিচার যতদিন না হচ্ছে, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিচার যতদিন সমাপ্ত না হচ্ছে, আইসিটির হত্যা মামলাগুলো যতদিন সমাপ্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো রিকনসিলিয়েশনের প্রশ্ন উঠতে পারে না। অনেকে ক্ষমা চাওয়ার কথা বলছেন। শুধুমাত্র ক্ষমা চাইলেই কি ৭ খুন মাফ হয়? এর আগে তো অর্থাৎ ৯৬ সালের ইলেকশনের আগে শেখ হাসিনা মাথায় পট্টি বেঁধে, নামাজরত অবস্থার ছবি ছেপে জণগনের মন গলিয়ে ক্ষমতায় এসেছিলেন। ৯৬-এ প্রথমবার এবং ২০০৯ থেকে ৩ বার- মোট ৪ বার ২০ বছর তিনি ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থেকে রাষ্ট্র এবং জণগনের যে সর্বনাশ তিনি করেছেন, সেটি আর নতুন করে বলার প্রয়োজন নাই। এই ধরনের অভিশপ্ত নেতৃত্ব এবং দল ক্ষমতায় আসার কোনো যোগ্যতা রাখেন না। সুতরাং যারা রিকনসিলিয়েশনের কথা বলেন, তাদেরকে পরিস্কার জানিয়ে দেওয়া উচিত যে, যেসব বিচারের কথা উল্লেখ করলাম, সেগুলো এবং দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রিকনসিলিয়েশেনের কোনো অবকাশ নাই। এসব বিচার সম্পন্ন হলে আওয়ামী লীগের যারা গণহত্যা এবং অন্যান্য দুষ্কর্মের সাথে সম্পৃক্ত ছিলেন না বলে প্রমানিত হবে, তাদের সাথে রিকনসিলিয়েশনের প্রশ্ন উঠতে পারে। সেটিই উপযুক্ত সময়ে হবে। ততদিন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। ওরা অনেক পাপ করেছে। তার কাফফারা দিতে হবে। অনেক পাপ করেছে। তার প্রায়শ্চিত্ত করতে হবে।

Email:journalist15@gmail.com