আমাদের শেকড় বাংলাদেশে। কিন্তু প্রবাসে বাংলাদেশের ডানা মেলে উড়ে চলা এখন সবার নজরে পড়ছে। বলা উচিত বেশকিছু বছর থেকে এই অগ্রযাত্রা আর বিস্তার দেখছে সিডনি। রাজনীতি এবং ধর্মান্ধতা ব্যতীত আর কিছুই আমাদের বিভক্ত করতে পারে না। মাঝে মাঝে এমন সব অনুষ্ঠান বা আয়োজনে যাই অন্তরের শক্তি দেখে বিস্মিত হই। এ যেন এক প্রাণের স্পন্দন। এ যেন বহুদূরে বাংলা ও বাঙালির শেকড়ের সঙ্গে বর্তমানের মেলবন্ধন।\r\nআজ আমি যে মানুষটির কথা লিখছি তিনি সিডনি এসেছিলেন প্রায় অর্ধশতাব্দী পূর্বে। আমি যখন কলেজের সীমানা পেরিয়ে উচ্চতর পাঠের চেষ্টা চালাচ্ছিলাম, তিনি তখন প্রশান্ত পাড়ে পাড়ি জমিয়েছিলেন। ভাবতেই আমি রোমাঞ্চিত হই। আজকাল যেমন বিদেশ যাওয়া ছেলের হাতের মোয়ার মতো, আকছার মানুষজন দেশের বাইরে চলে যায়, তখন তেমনটা ছিল না। সদ্য স্বাধীন বাংলাদেশের নামও জানতো না বহুদেশ। বহু জাতিতে আমরা ছিলাম এলিয়েন বা আগন্তুক। আমার এক গায়ক বন্ধু থাকেন সিডনিতে। বাংলাদেশের ব্যান্ড গানের শুরুতে তার গান ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।