রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি হয়ে শীত আসে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ হয়ে পড়ে। প্রকৃতি যেমন বিবর্ণ হয়ে পড়ছে ঠিক তেমনি অসহনীয় দুর্দশায় নিপতিত হচ্ছে ছিন্নমূল ও তৃণমূল মানুষেরা। গ্রাম-গঞ্জের মানুষের জন্য শীতের সকাল খুবই কষ্টকর। শীত নিবৃত্তির মতো দরকারি কাপড়- চোপড় অনেকেরই থাকে না। শীতের তীব্রতা অগ্রাহ্য করে খুব সকালে তাদের মাঠেঘাটে কাজ করতে যেতে হয়। আসলে শীতকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের কষ্ট থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। এছাড়াও শীতজনিত কারণে ছড়িয়ে পড়ছে নানা অসুখ-বিসুখ।

তীব্র শীতে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ অসহনীয় অবস্থায় পৌঁছে যায়। বেড়ে যায় শীতজনিত রোগের প্রকোপ। বৃদ্ধ ও শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কোল্ড ডায়রিয়া, বাত-ব্যথাসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। ফুটপাত এবং খোলা আকাশের নিচে বসবাসকারীদের কষ্টের সীমা থাকে না। গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা ভীষণ কষ্টে দিনযাপন করে। বিভিন্ন স্থানে দেখা যায় দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত নিবারণের পোশাক এবং কাঁথা কম্বলের অভাবে অভাবী মানুষের কষ্টের যেন শেষ নেই। হাঁড় কাপানো শীত গরিব ও ছিন্নমূল মানুষের জীবনকে অসহনীয় দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে। এই শীতকাল গরিব দুঃস্থ মানুষের জন্য ভীষণ কষ্টের।

একবার কি আমরা ভেবে দেখেছি এই শীতে অসহায় গরিব বস্ত্রহীন কর্ম অক্ষম মানুষ কীভাবে রাত কাটাচ্ছেন? তাদের আমাদের মতো দামি গরম পোশাক তো দূরে থাক, সামান্য কাপড়টুকু নেই। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীতে কত কষ্টে আছে। অনেকে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে মারাও যাচ্ছেন। তাই শীতের পোশাক ও কম্বল বিতরণের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়ানোর সময় এখনই। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত হতদরিদ্র মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। আসুন এদের পাশে দাঁড়ায় একমুঠো উষ্ণতা নিয়ে। সকল পর্যায়ের মানুষদের এই শীত কষ্টের না হয়ে উপভোগের হয়ে উঠুক বিত্তশালীদের সহযোগিতা আর সহভাগিতায়।\r\nবোয়ালখালী, চট্টগ্রাম থেকে