বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই কোটি বিরোধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়। এটি প্রমাণ করে যে, দেশের অর্ধেকের বেশি বিরোধ আদালতের শরণাপন্ন না হয়ে গ্রাম-মহল্লার জনপ্রতিনিধি কিংবা জ্যেষ্ঠ নাগরিকদের উদ্যোগে, স্থানীয় পর্যায়ে বিচার-সালিশের মাধ্যমে মীমাংসা করা সম্ভব। অনেক ক্ষেত্রে সালিশ শুধু আইনি সমাধান নয়, সামাজিক সম্প্রীতিও ফিরিয়ে আনে এবং পারস্পরিক বন্ধন টেকসই করে। বাংলাদেশের বিচারব্যবস্থায় মামলাজট এখন এক দীর্ঘস্থায়ী ও গভীর সংকটে নিষ্পত্তি হয়েছে। দেশের নিম্ন ও উচ্চ আদালতে বর্তমানে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন। সেগুলোর নিষ্পত্তি হতে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও হতাশা। এই প্রেক্ষাপটে গ্রামীণ সালিশ ও লিগ্যাল এইড ব্যবস্থার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
আনুষ্ঠানিক আদালত যখন জনসাধারণের নাগালের বাইরে চলে গেছে, তখন সালিশ অনেক ক্ষেত্রেই জনগণের তাৎক্ষণিক ন্যায়বিচারের বিকল্প মাধ্যম হিসেবে কার্যকর ভূমিকা রাখছে। \r\nতবে এই ইতিবাচক চিত্রের পাশাপাশি কিছু বাস্তব সমস্যাও দেখা যায়। সমাজব্যবস্থায় দেখতে পাই, সালিশ চলাকালীন ধনী ও প্রভাবশালী পুরুষদের প্রভাব থাকে বেশি। ফলে নারী ও দরিদ্ররা বঞ্চিত হন। সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতায় প্রান্তিক নারী ও শিশুরা কখনো কখনো অধিকারহারা হয়। রাষ্ট্রকে এ দিকে তীক্ষè নজর রাখতে হবে। আমরা মনে করি, আইনি কাঠামোর অভাবে সালিশের সিদ্ধান্ত অনেক সময় পক্ষপাতমূলক ও অন্যায্য হয়। যার সঙ্গে যুক্ত থাকে সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি। তাই সালিশ প্রথাকে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা সময়ের দাবি।
প্রশিক্ষিত সালিশ কর্মী, পর্যবেক্ষণ ব্যবস্থা ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া থাকলে এই প্রথা আরও কার্যকর ও ন্যায়নিষ্ঠ করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যাবে। \r\nবিচার ব্যবস্থার মূল উদ্দেশ্য শুধু রায় দেওয়া নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা। সালিশ ও লিগ্যাল এইড সেই লক্ষ্যেই আদালতের বাইরে সমাজ জীবনে এক বিকল্প ও মানবিক পথ তৈরি করেছে। যেখানে মামলার দীর্ঘসূত্রতা, খরচ ও জটিলতা এড়িয়ে সাধারণ মানুষ ন্যায্য সমাধান পেয়ে থাকেন। আদালতের মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির আরও সম্প্রসারণ করা প্রয়োজন। সাম্প্রতিককালে আমরা দেখতে পাই, গ্রামে শত শত সালিশ খুব অল্প সময়ে নিষ্পত্তি হয়, অনিয়মের হারও বেশ কম। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির ফলে অনেক সালিশই ন্যায্য ও স্বচ্ছভাবে হচ্ছে। ফলে আদালতের ওপর চাপ কমছে। আমরা মনে করি, এতে জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। প্রান্তিক পর্যায়ে সালিশি ব্যবস্থাকে যদি আইনি কাঠামো, স্বচ্ছ মনিটরিং ও প্রশিক্ষিত কর্মী ব্যবস্থাপনায় নিয়ে আসা যায় তবে সালিশই হতে পারে দেশের মামলাজট নিরসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যকর ও ফলপ্রসূ মাধ্যম।
