বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ০.৬০% মানুষ সরকারি চাকরি করেন। অর্থাৎ মোট জনসংখ্যার ১% মানুষও সরকারি চাকরি করার সুযোগ পান না। ২০২৪ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে সরকারি চাকরিতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এর মধ্যে কর্মরত আছেন প্রায় ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। শূন্য রয়েছে প্রায় ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ। অর্থাৎ মোট সরকারি কর্মচারীর সংখ্যা ১৫ লাখের কাছাকাছি। দেশের বেশিরভাগ কর্মসংস্থান সরকারি খাতের পরিবর্তে বেসরকারি খাতে হচ্ছে। বিশেষ করে সেবা ও শিল্প খাতে। মোট কর্মজীবীর একটি বড় অংশ (প্রায় ৬০.৯%) স্ব-কর্মসংস্থানমূলক কাজে (যেমন : ব্যবসায়ী, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার) নিযুক্ত, যা বেসরকারি খাতের অংশ হিসেবে ধরা যায়। অন্যদিকে বাজেট সুবিধা, বেতন স্কেল সময়োপযোগীর ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা সম্পৃক্ত থাকেন। অথচ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত বেসরকারি চাকরিজীবীরা।
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য খরচ বাবদ মোট বাজেটের ২২-২৮ শতাংশ ব্যয় হয়। গত এক দশকেই তাদের বেতন-ভাতা বাবদ সরকারের খরচ ২২৫ ভাগ বেড়েছে। সর্বশেষ জনশুমারি বলছে, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। সেই হিসেবে সরকারি চাকরিজীবী দেশের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম। আর শ্রমবাজারে তারা রয়েছে, পাঁচ শতাংশেরও নিচে। কিন্তু যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়, তখন বাজারের চেহারা আমূল পাল্টে যায়। পণ্যমূল্য বাড়ে প্রায় প্রতিটি জিনিসের। এর ফলে অধিকাংশ বেসরকারি চাকরিজীবী এবং নিম্ন আয়ের মানুষ অসম্ভব অর্থনৈতিক চাপের মুখোমুখি হন। প্রশ্ন হচ্ছে, প্রতিটি সরকার কেন সরকারি কর্মচারীদের কথাই শুধু ভাবেন? এর মানে কি এই, তাদের সঙ্গে সরাসরি বিভিন্ন কাজ করতে হয় বলে?
অথবা কি এমন, সরকারের বিভিন্ন খাতকে নিয়ন্ত্রণে রাখতে সরকারি কর্মচারীদের মনোতুষ্টি দরকার! কিন্তু বাস্তবতা এই কথা বলে না। বেশি উদাহরণের প্রয়োজন নেই। ২০২৪ সালের গণআন্দোলনে, কারা বেশি ভূমিকা নিয়েছিলেন? আওয়ামী লীগ সরকার পতনে সরকারি কর্মচারীদের সম্পৃক্ততা কেমন ছিল? আমরা সবাই জানি, অতীতে কী হয়েছে। এবার নতুন করে, সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজন ১ লাখ ৬ হাজার কোটি টাকা। গত বুধবার কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। কমিশনপ্রধান যখন বলেন, ‘গত এক দশকে বৈশি^ক ও জাতীয় পর্যায়ে অর্থনীতির প্রায় সব সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতন কাঠামো নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে।’ এই বিষয়টি তাহলে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কীভাবে সমন্বয় করা হবে?
আসলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর আগে, নিয়ন্ত্রণহীন বাজার সিন্ডিকেটকে নির্মূলের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা দরকার। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে, সমাজে যাতে ভারসাম্যহীনতা দেখা না দেয়, সেভাবে সিদ্ধান্ত নিলে জনগণের জন্য মঙ্গল। না হলে অস্থিরতা বাড়তে পারে।
