বর্তমানে নানা সংকটকাল অতিক্রম করছে দেশীয় শিল্প-কারখানাগুলো। এর মধ্যেও সর্বাধিক সমূহ সংকটে পড়েছে বস্ত্রশিল্পসহ পোশাক কারখানাগুলো। এক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৬ মাসে ২৫০টির মতো তৈরি পোশাক কারখানা এবং ৫০টির বেশি বস্ত্রকল বন্ধ হয়ে গেছে। নানা সংকটের কারণে এ দুটো খাতে নতুন কোনো বস্ত্র ও পোশাক কারখানাও স্থাপিত হয়নি। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সভাপতি শওকত আজিজ রাসেল রবিবার বিটিএমসি আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব তথ্য উপস্থাপন করেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘তার নিজের পাঁচটি বস্ত্র কারখানার মধ্যে ইতোমধ্যে একটি বন্ধ হয়ে গেছে। অন্যগুলো চলছে ক্লায়ক্লেশে’। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ‘স্পিনিং সেক্টরে দীর্ঘদিন ধরে বিদ্যমান বহুবিধ সমস্যা ও তা থেকে উত্তরণে সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের নিমিত্তে’। তিনি বলেন, এই প্রথম ও প্রধান কারণ ভারতীয় সূতার আগ্রাসন। সেদেশের সূতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে ৩০-৩৫ সেন্ট কম দামে। ফলে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ৫০টি বস্ত্রকল। বর্তমানে দেশীয় স্পিনিং মিলগুলোয় প্রায় ১২ হাজার কোটি টাকার মতো সূতা পড়ে আছে অবিক্রীত অবস্থায়। এর ফলে সংশ্লিষ্ট মিলগুলো পড়েছে নগদ অর্থের সংকটে। অনেক মিল শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ ও ব্যাংক ঋণের কিস্তি দিতে পারছে না।
প্রায় দুই লাখ শ্রমিক এ খাতে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় এ শিল্পকে বাঁচাতে হলে সরকারকে আগামী ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিটিএমসি। তা না হলে আরো বস্ত্র শিল্প ও পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। সংকট নিরসনে দেশীয় সূতার প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা, রপ্তানি উন্নয়ন তহবিলের আকার (ইবিএফ) বাড়ানো ও সুদ হার কমানো, ব্যাংক ঋণের সুদ হার কমানো, ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড দাবি জানিয়েছে বিটিএমসি। চালু লাভজনক কারখানা বন্ধ হওয়া মানে উৎপাদনের সঙ্গে যুক্ত শ্রমিকদের মাথার ওপরে বজ্রাঘাত। শুধু শ্রমিক নয়, একটি কারখানায় শ্রমিকের বাইরেও থাকেন বহুস্তরের কর্মচারী-কর্মকর্তা। কারখানা বন্ধ হয়ে যাওয়া মানে সবার পেটেই লাথি পড়া। বিষয়টি দুঃখজনক। প্রতিটি কর্মীর পরিবার এর ফলে বিপর্যস্ত ও বিপন্ন হয়ে পড়ে। এমনিতেই দেশের একটি বড় অংশ কর্মহীন বা বেকার, অর্থাৎ তাদের উপার্জন নেই। এই বেকারের সারিতে আরও বেকার যুক্ত হওয়া মানেই অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি। মূল্যস্ফীতির চাপে নাকাল অর্থনীতির ওপর নতুন কোনো বাড়তি চাপ কতটা নেতিবাচক হতে পারে, সেটি বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন পড়ে না।
৫ আগস্টের পর অর্থনীতির ওপর নানাবিধ চাপ বেড়েছে, এটাই বাস্তবতা। সেই সঙ্গে তৈরি পোশাক শিল্পেও এসে পড়েছে অপ্রত্যাশিত বিপর্যয়। বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র খাতের। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব কারখানা বন্ধ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খেলাপি ঋণ নিয়ে কড়াকড়ি আরোপ করায় অনেক কারখানা খেলাপি হয়ে পড়ে। এই সঙ্কট উত্তরনে সরকারের সবিশেষ করণীয় রয়েছে।
