শনিবার সকালে মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় তেহরানের প্রাণকেন্দ্রে একটি সরকারি কম্পাউন্ডে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই ভবনে প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনী প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বৈঠকে খামেনি যোগ দিয়েছিলেন। ফলে ওই হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীপ্রধানসহ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।
ইরানে মার্কিন বা ইসরায়েলি হামলা নতুন নয়। গত বছরের জুনেও ওই দুই রাষ্ট্র ইরানে হামলা চালায়। ইরানের আইআরজিসি বা ইসলামী রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে হারায় পশ্চিম এশিয়ার সবচেয়ে প্রবাবশালী দেশটি। কিন্তু এবারের ক্ষতি অতীতের সব ক্ষতিকে ছাড়িয়ে গেছে।
১৯৭৯ সালে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। তখন গঠিত সরকারে আয়াতুল্লাহ আলি খামেনি ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী। ১৯৮৯ সালে দেশটির সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ (ধর্মীয় নেতাদের একটি পর্ষদ) আলি খামেনিকে ওই পদে বসায়। সংবিধান অনুযায়ী ইরানে রাষ্ট্রপতি শাসিত সরকার সর্বজনীন ভোটের মাধ্যমে গঠিত হলেও মূল ক্ষমতা থাকে ওই সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির হাতে। তাই বলতে গেলে খামেনিই বর্তমান ইরানকে গড়ে তুলেছেন। কারণ পূর্বসূরি খোমেনি ক্ষমতা গ্রহণের পর বেঁচেছিলেন মাত্র ১০ বছর। তদুপরি, প্রায় পুরো সময়টাই তাঁকে ব্যয় করতে হয়েছে বিপ্লবের সহযোগী এবং বিরোধী বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিরোধ দমনে। ফলে আলি খামেনির শূন্যস্থান পূরণ ইরানের ক্ষমতাসীনদের জন্য যতটুকু চ্যালেঞ্জ, ততধিক চ্যালেঞ্চ হলো ওই হত্যার যথোচিত জবাবদান।
এ কারণেই রোববার ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে। তারা বলেছে, কিছুক্ষণের মধ্যে দখলকৃত অঞ্চল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হবে। এমনও হুমকি দেওয়া হয়েছে, এ জবাব দিতে গিয়ে ইরান আগে কখনোই ব্যবহার করেনি এমন কিছু অস্ত্র ব্যবহার করবে, যা সবাইকে চমকে দেবে।
অন্যদিকে, প্রায় একই সময়ে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ইরান মাত্রই বলেছে যে, তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে, তারা এত জোরালো হামলা চালাবে, যা আগে কখনও দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো। কারণ, যদি তারা এটা করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি!’
ইরান ও ট্রাম্পের এ পাল্টাপাল্টি হুমকির ফল কী হতে পারে?
কিছুদিন ধরে ট্রাম্প সরাসরি ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছেন। গত ডিসেম্বর-জানুয়ারিতে ইরানে হঠাৎ করেই ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়ৈলের প্রভাব ছিল, তা প্রায় সব নিরপেক্ষ পর্যবেক্ষকই স্বীকার করেছেন। তবে খামেনির কঠোর পদক্ষেপে শেষ পর্যন্ত অনেক প্রাণ ঝরিয়ে সে বিক্ষোভ প্রশমিত হয়। তখন বিক্ষোভকারীদের অনেককে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ করতে দেখা যায়। এবারের হামলা শুরু করেও ইরানিদের উদ্দেশে উস্কানি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমার কাজ শেষ হলে আপনারাই আপনাদের সরকার দখল করুন। সেটি আপনাদেরই হবে।’
তবে খামেনির হত্যা মানেই ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন, এ কথা কোনো পর্যবেক্ষকই বিশ্বাস করছেন না। এখনও সেখানে খামেনির উত্তরসূরিরাই ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন। অনেকের মত, শেষ অবধি যদি ট্রাম্প তাঁর মিশন সফল করতে পারেন, তাহলেও ইরান হতে পারে লিবিয়া ও সিরিয়ার নতুন সংস্করণ। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে দেশ দুটোতে দির্ঘদিন পর সরকার পরিবর্তন হয়, এতে শুধু সরকারই ভেঙে পড়েনি, খোদ রাষ্ট্রও কয়েক খণ্ডে বিভক্ত হয়। কিন্তু ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি, সভ্যতা ও ঐতিহ্যের বিচারেও ওই অঞ্চলের অন্য কোনো রাষ্ট্রের এর সঙ্গে তুলনা হয় না। ফলে ইরান ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হলে শুধু বিশ্ব তেল বাণিজ্যেই নেতিবাচক প্রভব পড়বে না, আঞ্চলিক শান্তিও হবে সুদূরপরাহত। এর প্রভাবে অন্য আরব রাষ্ট্রগুলো বিশেষ করে যেগুলোতে দির্ঘদিন ধরে রাজতন্ত্র চলছে, সেগুলোও অস্থিরতার মধ্যে পড়তে পারে। আর এ অস্থিরতার প্রভাব বিশ্বের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
ডোনাল্ড ট্রাম্পও কি শান্তি পাবেন? ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) স্লোগান তুলে বিদেশে যুদ্ধ থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনিই বিদেশে মার্কিন সামরিক শক্তি প্রয়োগে সবচেয়ে বেশি আগ্রহী। ২০১৬ সালে প্রথম প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সময় ট্রাম্প বলেছিলেন, ‘শাসন ব্যবস্থা পরিবর্তন একটি প্রমাণিত, সম্পূর্ণ ব্যর্থ নীতি।’ তিনি বলেছিলেন, ‘বিদেশি সরকার উৎখাতে ছুটে বেড়ানো আমরা বন্ধ করব।’
২০২৪ সালের নির্বাচনেও ট্রাম্প গর্ব করে বলেছিলেন, তাঁর আমলে ‘কোনো নতুন যুদ্ধ শুরু হয়নি।’ এমনকি কয়েক মাস আগেও নোবেল শান্তি পুরস্কার দাবি করে তিনি বিশ্বে কয়টি যুদ্ধ বন্ধ করেছেন তার হিসেব দিতেন। ওই হিসাবে গত বছরের ইরান-ইসরায়েল যুদ্ধও রেখেছিলেন। আর এখন তিনি শাসন ব্যবস্থা পরিবর্তনে চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। ইতোপূর্বে ভেনেজুয়েলায় যেভাবে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সেনা পাঠিয়ে নিউইয়র্কে ধরে এনেছেন, তা বিশ্বব্যাপী নিন্দা কুড়িয়েছে। গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে তিনি খোদ তাঁর ন্যাটোভুক্ত ইউরোপীয় বন্ধুদেরই চটিয়েছেন। এখন উঠেপড়ে লেগেছেন ইরান দখলে।
এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের একটি লেখা অনুবাদ করে রোববার প্রথম আলো অনলাইন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘এই ভূরাজনৈতিক ঝুঁকির ফল নির্ভর করবে পরবর্তী পরিস্থিতির ওপর। সফল হলে ভাঙা প্রতিশ্রুতিও ভোটাররা ভুলে যেতে পারেন। … তবে আফগানিস্তান ও ইরাকের মতো দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে ট্রাম্প জড়াননি। আপাতত আকাশপথের শক্তি ব্যবহারে সীমাবদ্ধ থাকতে চাইছেন। তবু ট্রাম্পের নিজের সতর্কবার্তায় মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা রয়েছে।’
যদি মার্কিন সেনাদের এ হতাহতের ঘটনা বাস্তবে ঘটে, তার প্রভাব পড়তে পারে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে। এমনিতেই অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে মার্কিন জনমত ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। ইরানে বিপর্যয় যুক্ত হলে ট্রাম্পের দল কংগ্রেস ও সিনেটে বর্তমান সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। সেই সঙ্গে ট্রাম্পকে দাঁড়াতে হতে পরে ইতিহাসের কাঠগড়ায়।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
